Sheikh Hasina Extradition: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে আনতে হবে। দেশে ফেরানো হলে তাঁর বাবার আমলে তৈরি আইনেই বিচার নিশ্চিত করা হবে এবং আপিলেরও কোনও সুযোগ থাকবে না। এমনই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ১৭ নভেম্বরের ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে এই দাবী করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার কোনও চাপে নেই বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য, একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভারতের সরকারি অবস্থান বলে ধরে নিচ্ছে না বাংলাদেশ সরকার। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত সরকার কোনও শর্ত দেবে বলেও তাঁর মনে হয় না।
তথ্য উপদেষ্টা আর কী বললেন? (Sheikh Hasina Extradition)
এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে অভিযোগ করেছেন জাহেদ উর রহমান। তাঁর দাবি, এই ধরনের তৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হিংসাত্মক কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, সরকার কোনওভাবেই হিংসা বরদাস্ত করবে না। যারা এই ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। তবে গোপালগঞ্জে তুলনামূলক কম বলপ্রয়োগ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণের প্রসঙ্গেও মুখ খোলেন তথ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য, ভারত সরকার চুক্তি নবীকরণে প্রস্তুত থাকলেও অন্য পক্ষের কাছ থেকে এখনও কোনও হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে চুক্তি নবীকরণের কোনও সম্ভাবনা তিনি দেখছেন না। একই সঙ্গে তিনি জানান, গঙ্গার জলবণ্টন চুক্তির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনও সম্পর্ক নেই।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর কথা জানিয়েছেন জাহেদ উর রহমান। তাঁর বক্তব্য, আরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সুস্থ ও শালীনভাবে যাত্রাপালা কিংবা সার্কাসের আয়োজন করা হলে তাতে কোনও বাধা নেই। তবে যাত্রাপালা বা সার্কাসের নামে কোনও ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।










