Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপা হয়ে ফিরছেন সব্যসাচী, মহালয়ায় কালীঘাটে পুজো দিলেন অভিনেতা

সোমা মাইতি
Published On: অক্টোবর 11, 2026 12:55 অপরাহ্ন
Sabyasachi Chowdhury Holds Puja at Kalighat for Sadhak Bamakhyapa Film — the actor seeks blessings on Mahalaya.

Sabyasachi Chowdhury Holds Puja at Kalighat for Sadhak Bamakhyapa Film: ছোটপর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এবার সেই জনপ্রিয় চরিত্রেই বড়পর্দায় ফিরছেন তিনি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)-এর নতুন ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-তে দেখা যাবে অভিনেতাকে। আর সেই ছবির মুক্তির আগে মহালয়ার শুভ দিনে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা গেল সব্যসাচীকে। মায়ের কাছে প্রার্থনা করলেন ছবির সাফল্য কামনায়।

শনিবার সকালে সাধারণ পোশাকে কালীঘাট মন্দিরে পৌঁছন অভিনেতা। সেখানে ভক্তিভরে মা কালীর পুজো দেন তিনি। নিজের হাতে পুজো করার পাশাপাশি মায়ের কাছে আশীর্বাদও চান সব্যসাচী। তাঁর এই মন্দিরে পুজো দিতে আসার মুহূর্ত ঘিরে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর অভিনয় দর্শকের বিপুল প্রশংসা কুড়িয়েছিল। তাঁর সাবলীল অভিনয় এবং চরিত্রের প্রতি নিষ্ঠা বাঙালি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। সেই পরিচিত চরিত্রকেই এবার আরও বড় পরিসরে, সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেতা।

ছবিতে মা কালীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে। এর আগে ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচী ও পায়েলের জুটি দর্শকের মন জয় করেছিল। এবার ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে তাঁদের ফের একসঙ্গে দেখতে পাবেন দর্শক। কৌশিকী অমাবস্যায় প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক পোস্টার। সেখানে সব্যসাচীর সাধক অবতার এবং পায়েল দে-র রুদ্ররূপী মা কালীর সাজ ইতিমধ্যেই নজর কেড়েছে।

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য রচনা ও সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন সব্যসাচী চৌধুরী নিজেই। ছবির সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব্যসাচী ও পায়েল দে ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে।

সব মিলিয়ে ছোটপর্দার জনপ্রিয় সাধক বামাক্ষ্যাপাকে এবার বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী কালীপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। ছবি মুক্তির আগে শুক্রবার প্রকাশ্যে আসার কথা ছবির টিজারও। এখন দেখার, বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী আবারও কতটা মুগ্ধ করতে পারেন দর্শককে।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপা হয়ে ফিরছেন সব্যসাচী, মহালয়ায় কালীঘাটে পুজো দিলেন অভিনেতা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।