Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘রাজনৈতিক চিন্তাভাবনা পৈতৃক গয়না নয়’, শৈশব থেকে প্রতিবাদ নিয়ে অকপট ঋতাভরী

শ্রীতমা ভট্টাচার্য
Published On: অক্টোবর 13, 2026 8:35 অপরাহ্ন
Ritabhari Chakraborty Interview at the special screening of Ikom Bikom, discussing childhood memories and Rabindranath Tagore.

Ritabhari Chakraborty Interview: ছোটদের জন্য তৈরি শেষ কোন বাংলা ছবিটি মনে পড়ে? উত্তর খুঁজতে হয়তো অনেককেই স্মৃতি হাতড়াতে হবে। বাংলায় শিশুদের জন্য ছবি কেন তুলনামূলকভাবে কম তৈরি হচ্ছে, সেই প্রশ্ন সামনে এনেছে পরিচালক শতরূপা স্যানাল এর নতুন ছবি ‘আইকম বাইকম’। খুদে অভিনয়শিল্পীদের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও।

নন্দনে ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালকের মেয়ে তথা ছবির প্রযোজক ঋতাভরী চক্রবর্তী। আর্চিজের আঁকা চরিত্রে সাজানো রঙিন শাড়িতে প্রথম কলকাতার মুখোমুখি হয়ে অভিনেত্রী ভাগ করে নিলেন পুতুলের প্রতি ভালোবাসা, মায়ের মজার আবদার এবং ছোটবেলার নানা স্মৃতি। কথোপকথনে উঠে এল রবীন্দ্রনাথের অসম্মানের প্রসঙ্গও।

“আমি মন থেকে শিশুই”— নিজের ছোটবেলার স্মৃতি, পুতুলের প্রতি ভালোবাসা এবং বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এমনই জানালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কথোপকথনে উঠে এল মায়ের সংগ্রাম, শিশুদের স্বাধীনভাবে বড় হওয়ার প্রয়োজন, দিল্লির আন্দোলন এবং নিজের রাজনৈতিক অবস্থানও।

মায়ের মতোই পুতুল ভালোবাসেন ঋতাভরী

ঋতাভরী জানান, তাঁর মা বয়স বাড়লেও মনের দিক থেকে শিশু। অভিনেত্রী পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে মায়ের আবদার থাকে পুতুল নিয়ে ফেরার। সেই আবদার রাখেন তিনি। মায়ের বাড়িতে পুতুলের সংগ্রহ রয়েছে বলেও জানান।

নিজের ক্ষেত্রেও রঙিন, উজ্জ্বল ও মজার জিনিসের প্রতি আকর্ষণের কথা বলেন ঋতাভরী। পুতুলের মধ্যে বার্বি তাঁর বেশি পছন্দ। একটি টেডি বিয়ার তাঁর বিশেষ সঙ্গী, যেটিকে নিয়ে তিনি ঘুরে বেড়ান।

বাড়ি বদলের সঙ্গে হারিয়েছে শৈশবের অনেক জিনিস

ছোটবেলার পুতুল এখনও রয়েছে কি না, সেই প্রশ্নে মায়ের কঠিন সংগ্রামের কথা উঠে আসে। ঋতাভরী জানান, বড় হওয়ার সময় তাঁদের বারবার বাড়ি বদলাতে হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে অনেক জিনিসও হারিয়ে গিয়েছে বা ছেড়ে আসতে হয়েছে।

একটি আইসক্রিমের আদলের পুতুলের স্মৃতি মনে পড়ে পরে কেঁদেছিলেন বলেও জানান অভিনেত্রী। পুতুলটি কখন, কোথায় হারিয়ে গেল, সেই প্রশ্ন তাঁকে আবেগপ্রবণ করেছিল।

শিশুদের স্বতঃস্ফূর্ততা যেন হারিয়ে না যায়

‘আইকম বাইকম’ ছবির খুদে অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করেন ঋতাভরী। তাঁর বক্তব্য, প্রত্যেকের ব্যক্তিত্ব এবং ছবির চরিত্র আলাদা। অভিনয় ও নাচে প্রত্যেকেই নিজেদের দক্ষতা দেখিয়েছে। কাউকে আলাদা করে বেশি পছন্দ করার প্রশ্নে তিনি জানান, সবাই তাঁর কাছে সমান ভালোবাসার।

শিশুদের প্রাণবন্ত ও নির্ভার স্বভাব যেন বড় হওয়ার সঙ্গে হারিয়ে না যায়, সেই ইচ্ছাও প্রকাশ করেন তিনি। বিশেষ করে মেয়েদের বেড়ে ওঠার সময় বারবার তাঁদের ত্রুটি ধরিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ জানান।

ঋতাভরীর কথায়, “ওদের যেন বেড়ে ওঠার সময় কেউ ওদের নুইয়ে না দেয়।” শিশুদের বেড়ে ওঠা গাছ ও ফুটন্ত ফুলের সঙ্গে তুলনা করে তিনি চান, তারা নিজেদের স্বভাব বজায় রেখে এগিয়ে যাক।

দিল্লির আন্দোলন শুধু তরুণদের নয়, দেশবাসীর

দিল্লির আন্দোলনের খবর সম্পর্কে তিনি অবগত বলে জানান ঋতাভরী। তাঁর বক্তব্য, এটি শুধু নতুন প্রজন্মের আন্দোলন নয়, দেশবাসীর আন্দোলন। তবে তরুণেরা সেটিকে সামনে নিয়ে আসছেন। তাঁদের সেই ভূমিকার প্রতি সম্মান জানান তিনি।

মতপ্রকাশের প্রসঙ্গেও সরব হন অভিনেত্রী। তাঁর প্রশ্ন, মানুষের নিজস্ব কণ্ঠস্বর কোথায়? শুধু সাবধানী ও কূটনৈতিক বক্তব্যের মধ্যে আটকে থাকার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভিন্ন যুক্তি ও পাল্টা যুক্তির সুযোগকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেও উল্লেখ করেন।

‘রাজনৈতিক চিন্তাভাবনা পৈতৃক গয়না নয়’

পরিবারের রাজনৈতিক আদর্শ তাঁকে কতটা প্রভাবিত করেছে, সেই প্রশ্নে ঋতাভরী বলেন, “রাজনৈতিক চিন্তাভাবনা পৈতৃক গয়না নয়।”

তাঁর বক্তব্য, দিদার চিন্তা মায়ের এবং মায়ের চিন্তা মেয়ের হতেই হবে—এমন বাধ্যবাধকতা নেই। যে সময় ও পরিস্থিতিতে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, সেখানে দেশবাসী ও আশপাশের মানুষের মঙ্গলের জন্য কোন সিদ্ধান্ত প্রয়োজন, সেটিই বিবেচনা করা উচিত।

রবীন্দ্রনাথের অবদান কোনও দাগে মুছে যাবে না

বাংলাদেশে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লাগানোর প্রসঙ্গ উঠলে ঋতাভরী নিজের জীবনে কবির গভীর প্রভাবের কথা বলেন। তাঁর বক্তব্য, রবীন্দ্রনাথের অবদান এতটাই বড় যে কোনও কালি বা দাগ তা নষ্ট করতে পারবে না।

রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মতো ব্যক্তিত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। যাঁদের আদর্শ হিসেবে দেখা হয়, তাঁদের অসম্মান মেনে নেওয়া স্বাভাবিক নয় বলে জানান। তবে শিশুদের নিয়ে তৈরি ছবির মুক্তির দিনে ওই রাজনৈতিক বিতর্কে বিস্তারিত ঢুকতে চাননি অভিনেত্রী।

পড়াশোনায় চাপ ছিল না, ছিল নিজের সঙ্গে প্রতিযোগিতা

নিজের পড়াশোনা নিয়ে ঋতাভরী জানান, তিনি পড়তে ভালোবাসতেন। বাড়ি থেকে ফলাফলের জন্য চাপ দেওয়া হত না। তাঁর মায়ের কাছে দুই মেয়ের শিক্ষিত ও ভালো মানুষ হয়ে ওঠাই গুরুত্বপূর্ণ ছিল।

প্রথম হওয়ার ইচ্ছা এবং ভালো ফল করার তাগিদ ছিল তাঁর নিজের। পড়াশোনায় দাদুর উৎসাহের কথাও উল্লেখ করেন। চাপ না থাকায় পড়াশোনা উপভোগ করতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। শিশুদের উপর অতিরিক্ত চাপ দিলে তারা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

#RitabhariChakraborty #IkomBikom #BengaliCinema #ChildhoodMemories #RabindranathTagore

শ্রীতমা ভট্টাচার্য

শ্রীতমা ভট্টাচার্য

২০২৬ থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত হয়েছি মূলত বিনোদন জগতের সাংবাদিক হিসেবে। রেডিও তে প্রথম কাজ করা শুরু, তারপর ডিজিটাল মাধ্যমে কাজ করছি প্রায় ১১ বছর। তারকাদের হেঁশেল খুঁটিনাটি খবর, দর্শকদের জন্য নিত্য নতুন স্বাদের বিনোদন ভিত্তিক কাজ করতেই ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now