Natural Farming: ভারত কৃষি সম্মেলনে (Bharat Agriculture Conference) কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে রাসায়নিকমুক্ত প্রাকৃতিক চাষে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বিপন্ন হচ্ছে। তিনি বলেন, “আমরা কি আমাদের ধরিত্রী মাতাকে রক্ষা করছি? নিজের বিবেককে প্রশ্ন করুন।” শুধু জৈব চাষ নয়, প্রাকৃতিক চাষের উপরেও জোর দেন তিনি। মোদীর দাবি, একটি গরুর গোবর দিয়েই ৩০ একর জমিতে প্রাকৃতিক চাষের জন্য পর্যাপ্ত সার পাওয়া সম্ভব, ফলে রাসায়নিক উপকরণের প্রয়োজন কমতে পারে।
বিরোধী নেতাদের সংবিধান হাতে নিয়ে রাজনৈতিক বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, কয়েকজন বিরোধী নেতা এমনভাবে সংবিধান প্রদর্শন করেন, যেন ভারতীয় গণতন্ত্রের অধিকার একমাত্র তাঁদেরই। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মোদীর দাবি, কেন্দ্রীয় সরকারের আপত্তি সত্ত্বেও তাঁর আমলে গুজরাট দেশের অন্যতম শীর্ষ অর্থনৈতিক রাজ্য হিসেবে উঠে এসেছিল।
রাসায়নিকমুক্ত প্রাকৃতিক চাষে জোর মোদীর (Natural Farming)
একই সঙ্গে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গম, ধান ও আখের মতো কয়েকটি চিরাচরিত ফসলের উপর নির্ভরতা কমিয়ে চাষের ধরন ও আয়ের উৎসে বৈচিত্র্য আনতে হবে, যাতে কৃষিকাজ আরও লাভজনক ও টেকসই হয়। কৃষিক্ষেত্রে সৌরশক্তিচালিত যন্ত্রের ব্যবহার বাড়ানোর কথাও বলেন তিনি। এ জন্য উৎপাদক সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্টার্ট-আপগুলিকে সৌরশক্তিচালিত কৃষি সরঞ্জাম তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, আগামী দিনে পুনর্নবীকরণযোগ্য শক্তি কৃষিকাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।










