Nandini Bigg Boss Bangla Interview: বিগ বস বাংলার ঘরে একের পর এক বিতর্ক, ঝগড়া এবং আবেগের মুহূর্তের সাক্ষী থেকেছেন দর্শকরা। বিশেষ করে নন্দিনী ও রাজবীরের সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। শো থেকে বেরিয়ে এবার সেই সমস্ত বিতর্কের জবাব দিলেন অভিনেত্রী নন্দিনী। রাজবীরের প্রতি নিজের পজেসিভনেস থেকে শুরু করে সৃজলার সঙ্গে বিবাদ, নিজের ভুল এবং বিগ বসের অভিজ্ঞতা এই সব কিছু নিয়েই খোলামেলা আলোচনা করলেন তিনি। জানালেন, রাজবীরকে নিয়ে তাঁর বিশ্বাসে কোনও বদল হয়নি। বরং আপাতত তাঁর একমাত্র চাওয়া, রাজবীর যেন বিগ বসের ট্রফি জিতে ফেরেন।
রাজবীরের মায়ের অভিমান, ক্ষমা চাইলেন নন্দিনী (Nandini Bigg Boss Bangla Interview)
সাক্ষাৎকারে নন্দিনী জানান, বিগ বস থেকে বেরিয়ে রাজবীরের মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগে রাজবীর বলেছিলেন, তাঁর মা নন্দিনীকে মেনে নেবেন না। এখনও কিছুটা অভিমান রয়েছে। তবে সময় দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। নিজের ভুলের জন্য রাজবীরের মায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন নন্দিনী। রাজবীরের ভাইও ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নন্দিনী জানান, রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের শুরু প্রেম দিয়ে নয়, লিভ-ইন দিয়ে। তাই তাঁদের মধ্যে বিশ্বাসের জায়গা যথেষ্ট মজবুত। কিন্তু বিগ বসের ঘরে রাজবীর অন্য এক প্রতিযোগীকে ভালো লাগার কথা বলায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। সৃজলার বিভিন্ন আচরণেও সেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিজের অতিরিক্ত পজেসিভনেসের কারণে রাজবীরকে অনেক বিষয়ে বাধা দিয়েছেন বলে স্বীকার করেন অভিনেত্রী। ভবিষ্যতে বোম্বে না কলকাতা, কোথায় থাকবেন, তা নিয়ে চিন্তা থাকলেও একসঙ্গে থাকার ইচ্ছা থাকলে সমাধান বেরিয়ে আসবে বলেই মনে করেন তিনি।
সৃজলাকে নিয়ে কী অভিযোগ নন্দিনীর? (Nandini Bigg Boss Bangla Interview)
সৃজলার প্রসঙ্গে নন্দিনীর মন্তব্য, তিনি অত্যন্ত ফেক। বাইরে প্রেমিক থাকা সত্ত্বেও বিগ বসের ঘরে লাভ অ্যাঙ্গেল তৈরি করার বিষয়টি তাঁর পছন্দ হয়নি। তবে সৃজলার পাঁজরে আঘাত পাওয়ার ঘটনা নিয়ে নন্দিনী জানান, এমন কিছু তিনি কখনও চাননি। তাঁদের মধ্যে বিবাদ থাকলেও ভবিষ্যতে সৃজলার কোনও সাহায্যের প্রয়োজন হলে তিনি পাশে দাঁড়াবেন। হাউজের অন্য প্রতিযোগীদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নন্দিনী। তাঁর দাবি, ভারতদা ছাড়া আর কেউ তাঁদের সম্পর্কের ভালো চাননি। বরং তাঁদের সম্পর্ককে মিথ্যা প্রমাণ করে দু’জনকে আলাদা করার চেষ্টা করা হয়েছে।
নিজের রাগের জন্য রয়েছে অনুশোচনা (Nandini Bigg Boss Bangla Interview)
বিগ বসের ঘরে নন্দিনীর রাগী মেজাজ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা কম হয়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বাস্তব জীবনে কোনও ঝামেলা হলে তিনি কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা একই মানুষের সঙ্গে থাকতে হওয়ায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়েছিল। রাগের মাথায় কাছের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তাঁর অনুশোচনা রয়েছে।ফিজিক্যাল অ্যাবিউজের প্রসঙ্গে নন্দিনী স্বীকার করেন, রাগের মাথায় গায়ে হাত তোলা বা ধাক্কাধাক্কি করা অন্যায়। সেই ভুলের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। তবে তাঁর মতে, ফিজিক্যাল অ্যাবিউজ সম্পূর্ণ আলাদা বিষয়।
বনলতা ছাড়ার কারণ ও বিগ বসের শিক্ষা (Nandini Bigg Boss Bangla Interview)
‘বনলতা’ ধারাবাহিক ছাড়ার কারণ হিসেবে ক্রিয়েটিভ ডিফারেন্স এবং চুক্তির শর্ত ঠিকভাবে পালন না হওয়ার কথা জানান নন্দিনী। তাঁর কথায়, সেই অধ্যায় এখন সম্পূর্ণ অতীত। একটি নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে আসতেই বিগ বসে অংশ নিয়েছিলেন তিনি। তবে সিক্রেট রুমে গিয়ে কিছু সিদ্ধান্ত ভুল হয়েছিল। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার খেসারতও দিতে হয়েছে তাঁকে।সাক্ষাৎকারের শেষে কুইক রাউন্ডে রাজবীরকে ‘ক্লিয়ার উইনার’ বলেন নন্দিনী। মনামীকে স্বার্থপর, নিরঞ্জনকে ভণ্ড এবং জিতুকে ইনসিকিওর বলে মন্তব্য করেন। সৃজলাকে লক্ষ্মীর মতো সুন্দর পুতুলের সঙ্গে তুলনা করেন তিনি। অন্যদিকে সৌরভ ও রনিতাকে জেনুইন মানুষ বলে উল্লেখ করেন।
সবার শেষে দর্শকদের কাছে নন্দিনীর আবেদন, তাঁর আচরণে কেউ হতাশ হয়ে থাকলে তিনি দুঃখিত। তবে রাজবীরকে যেন বেশি করে ভোট দেওয়া হয়। কারণ, তাঁর মতে, রাজবীর বিগ বসের ট্রফি জেতার যোগ্য।










