Nana Patekar Humanity Life Charity: উপার্জনের বেশিরভাগটাই বিলিয়ে গেছেন মানুষের মধ্যে।বিলাসিতা কখনই ছুঁতে পারেনি তাঁকে।ক্যারিয়ারের মধ্য গগনে থেকেছেন এক কামরার একটা ফ্ল্যাটে।চলে গেলেন নানা, রেখে গেলেন মানবিকতার দৃষ্টান্ত।দুস্থ মানুষ থেকে কৃষকদের পাশে নিঃশব্দে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন!
রূপোলি পর্দার আলোকবৃত্ত যখন সিংহভাগ তারকাকে গ্রাস করে নেয়, তিনি তখন হেঁটেছেন একেবারে উল্টো পথে। গ্ল্যামার দুনিয়ার সমস্ত কৃত্রিমতাকে দূরে সরিয়ে যিনি চিরকাল মাটির মানুষের মতো বেঁচে থাকতেই ভালোবেসেছিলেন, সেই কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আজ আর আমাদের মাঝে নেই। নিঃশব্দেই চলে গেলেন তিনি, পেছনে ফেলে গেলেন তাঁর পাঁচ দশকের অবিস্মরণীয় অভিনয় কেরিয়ার আর এক বিরল জীবনের মহৎ ইতিহাস। তাঁর প্রয়াণে আজ শুধু চলচ্চিত্র জগৎই স্তব্ধ নয়, কাঁদছে মহারাষ্ট্রের অজস্র কৃষক পরিবার আর সেইসব মানুষ, যাদের নিঃশব্দে একাই অন্ন সংস্থান করে গেছেন এই মহান শিল্পী।
বরাবরই নিজের শর্তে বেঁচেছেন নানা। তথাকথিত ‘পলিটিক্যাল কারেক্টনেস’ বা মিষ্টি কথার ধার ধারে নি কোনোদিন। সোজা কথা সোজাভাবে বলতে গিয়ে প্রযোজক-পরিচালকদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন, হাতছাড়া হয়েছে বড় কাজের সুযোগ, কিন্তু নিজের নীতি থেকে বিন্দুমাত্র সরেননি। ইচ্ছে করলেই তিনি প্রথম সারির তারকাদের মতো অঢেল সম্পদ আর বিলাসিতায় জীবন কাটাতে পারতেন। কিন্তু বৈভব তাঁকে কোনোদিন টানেনি।
দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে তিনি যা রোজগার করেছেন, তার প্রায় ৯০ শতাংশই বিলিয়ে দিয়েছেন চ্যারিটিতে। লাতুরের খরাগ্রস্ত কৃষক থেকে শুরু করে দুঃস্থদের চিকিৎসা কিংবা বন্যাত্রাণ সর্বত্রই হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ‘নাম ফাউন্ডেশন’ আজও অনাথ ও দুঃস্থ শিশুদের ভবিষ্যৎ গঠনে কাজ করে চলেছে।
সাফল্যের মধ্যগগনে থেকেও মুম্বইয়ের আন্ধেরিতে একটি ১.১ লক্ষ টাকার এক কামরার ফ্ল্যাটে মায়ের সঙ্গে সাধারণ জীবন কাটিয়েছেন তিনি।
মায়ের মৃত্যুর পর জনকোলাহল এড়িয়ে ভালোবাসার টানে নিজের মতো করে সময় কাটানো শুরু করেন। সবুজের প্রতি তাঁর টান ছিল প্রবল, তাই পুণেতে ২৭ একর জমির ওপর গড়ে তুলেছিলেন একটি ফার্মহাউস। সেখানে অবসর পেলেই নিজের হাতে চাষবাস করতেন এবং সেখান থেকে হওয়া আয়ও তুলে দিতেন প্রান্তিক চাষিদের হাতে। জীবনের শেষভাগে এসে গোয়ার ডোনা পাউলায় একটি আধুনিক বাড়ি কেনেন, তবে সেখানেও আধুনিকতার চেয়ে শান্তিই ছিল প্রধান। সব মিলিয়ে ৫০ থেকে ৮০ কোটি টাকার সম্পত্তি আর কয়েকটি অতি সাধারণ গাড়িই ছিল তাঁর জীবদ্দশার সম্পদ।
তিনটি জাতীয় পুরস্কার, চারবার ফিল্মফেয়ার এবং পদ্মশ্রী সম্মান বিজয়ী এই মহীরুহ চিরকাল চেয়েছেন সাধারণ হয়ে বাঁচতে। আজ জীবনাবসানের পরও তিনি রেখে গেলেন কোটি কোটি দর্শকের ভালোবাসা আর এক অনন্য মানবিক দৃষ্টান্ত। ফ্ল্যাশলাইটের জাঁকজমক থেকে দূরে গিয়ে তিনি হয়তো নীরব হলেন, কিন্তু ভারতীয় চলচ্চিত্রে আর সমাজসেবার ইতিহাসে তাঁর ফেলে যাওয়া চিহ্ন চিরদিন অক্ষুণ্ণ থাকবে।
#nanapatekar #nanapatekarhumanity #nanapatekarcharity #nanapatekarlife #nanapatekarphilanthropy #farmerssupport #bollywoodactor #indianactor #celebritycharity











