Mumbai Local Train Automatic Doors: সকাল হোক বা সন্ধ্যা, মুম্বইয়ের লোকাল ট্রেনের দরজায় ঝুলে গন্তব্যে পৌঁছনো বহু নিত্যযাত্রীর কাছে রোজকার ঘটনা। ট্রেনের ভিতরে তিল ধারণের জায়গা নেই। তাই বাধ্য হয়েই দরজার বাইরে ঝুলে যাতায়াত করেন অনেকে। কখনও সেই অসতর্কতাই ডেকে আনে ভয়াবহ দুর্ঘটনা। এবার সেই ছবিটা বদলাতে উদ্যোগী রেল। মুম্বইয়ে এসে পৌঁছেছে স্বয়ংক্রিয় দরজাযুক্ত প্রথম নন-এসি লোকাল ট্রেন। ফলে মেট্রোর মতো দরজার নিরাপত্তা মিলতে পারে সাধারণ লোকাল ট্রেনেও। তবে যাত্রী পরিষেবা শুরুর আগে একাধিক পরীক্ষা ও অনুমোদন প্রয়োজন।
২০২৫ সালের দুর্ঘটনার পর উদ্যোগ (Mumbai Local Train Automatic Doors)
গত ৯ জুন ২০২৫ সালে মুম্ব্রায় ভয়াবহ লোকাল ট্রেন দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা দুটি ভিড়ে ঠাসা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রেললাইনে পড়ে যান। মৃত্যু হয় পাঁচজনের। আহত হন আরও কয়েকজন। এই ঘটনার পর মুম্বইয়ের লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা চালুর পরিকল্পনা ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। কেন্দ্রের সম্মতিও মিলেছে বলে জানিয়েছিলেন তিনি। লক্ষ্য, যাত্রীদের নিরাপত্তা বাড়ানো। তবে সাধারণ যাত্রীদের ভাড়ার উপর যাতে বাড়তি চাপ না পড়ে, সেদিকেও নজর রাখার কথা বলা হয়।
কেমন হবে নতুন লোকাল ট্রেন? (Mumbai Local Train Automatic Doors)
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF-এর চেন্নাই কারখানায় তৈরি হয়েছে ১২ কামরার এই নন-এসি ট্রেন। ৭ নভেম্বরের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটি মুম্বইয়ে পৌঁছেছে। তবে এখনই যাত্রী পরিষেবা শুরু হচ্ছে না। তার আগে নিরাপত্তা ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা হবে। নতুন ট্রেনের দরজা চলন্ত অবস্থায় বন্ধ থাকবে। স্টেশনে পৌঁছনোর পরই দরজা খুলবে। ফলে যাত্রীরা দরজায় ঝুলে যাতায়াত করতে পারবেন না। তবে নন-এসি কামরায় দরজা বন্ধ থাকলে বাতাস চলাচল নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই কথা মাথায় রেখে কয়েকটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
দরজায় লুভার বা সরু ফাঁকযুক্ত বিশেষ অংশ রয়েছে। এর মাধ্যমে দরজা বন্ধ থাকলেও বাতাস চলাচল করতে পারবে। ছাদে রয়েছে বিশেষ ভেন্টিলেটর। পাশাপাশি কামরাগুলির মধ্যে যাতায়াতের জন্য ভেস্টিবিউল সংযোগ রাখা হয়েছে। এতে যাত্রীরা এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন। ভিড়ও বিভিন্ন কামরায় ভাগ হয়ে যেতে পারে।
প্রতিদিন ৭০-৮০ লক্ষ যাত্রীর ভিড় (Mumbai Local Train Automatic Doors)
মুম্বইয়ের লোকাল রেল পরিষেবার উপর প্রতিদিন নির্ভর করেন প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ। ফলে নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় পরীক্ষা দিতে হবে রেলকে।মুম্বই রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শহরের লোকাল রেল নেটওয়ার্কে ২,২৮৭ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২,৪৬৮। অর্থাৎ মৃত্যুর সংখ্যা প্রায় ৭ শতাংশ কমেছে। তবুও প্রতিদিন গড়ে ছয়জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। অন্যদিকে, রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,০৬৩ জন। ২০২৪ সালে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭০।
শুরু হয়েছে পরীক্ষা, রয়েছে একাধিক চ্যালেঞ্জ (Mumbai Local Train Automatic Doors)
নতুন ট্রেনটি আগে ৬৩ কিলোমিটার দীর্ঘ খাজুরাহো-মহোবা রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এবার মুম্বইয়ের বিভিন্ন রুটে পরীক্ষা করবে সেন্ট্রাল রেলওয়ে। পরীক্ষার ফল খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ফিটনেস সার্টিফিকেট ও অনুমোদন মিললেই যাত্রী পরিষেবা শুরু হতে পারে।তবে সমস্যাও কম নয়। মুম্বইয়ের ব্যস্ত সময়ে কয়েকশো যাত্রী একসঙ্গে ট্রেনে ওঠেন ও নামেন। সেই পরিস্থিতিতে দরজা ঠিকমতো খুলছে ও বন্ধ হচ্ছে কি না, তা পরীক্ষা করতে হবে। সেন্সর কাজ না করলে ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে। এতে সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগেও হয়েছিল পরীক্ষা, কেন সফল হয়নি? (Mumbai Local Train Automatic Doors)
২০১৯ সালে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বইয়ের মাহালক্ষ্মী ওয়ার্কশপে ১৫ কামরার একটি ট্রেনের কয়েকটি কামরায় স্বয়ংক্রিয় দরজা বসিয়েছিল। খরচ হয়েছিল প্রায় ৭৫ লক্ষ টাকা। সাধারণ, প্রথম শ্রেণি, মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের কামরায় এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাতাস চলাচলের সমস্যা-সহ একাধিক কারণে তা নিয়মিত যাত্রী পরিষেবায় চালু করা যায়নি। এর আগে ২০১৬-১৭ সালেও পরীক্ষা চালানো হয়েছিল। অতিরিক্ত ভিড়ের কারণে দরজার সেন্সরে বাধা তৈরি হত। ফলে দরজা বন্ধ হতে সমস্যা দেখা দিত। একটি পরীক্ষায় ব্যস্ত সময়ে কামরার ভিতরে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ২১৫০ পিপিএম পর্যন্ত পৌঁছেছিল। স্বাভাবিক গ্রহণযোগ্য মাত্রা ছিল ৭০০ পিপিএম। ২০২৫ সালে সেন্ট্রাল রেলওয়ের আরও একটি পরীক্ষায় দরজার মোটর অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং সেন্সরে গোলযোগের সমস্যা সামনে এসেছিল।
সব মিলিয়ে নতুন নন-এসি লোকাল ট্রেন ঘিরে মুম্বইবাসীর প্রত্যাশা অনেক। তবে শুধু স্বয়ংক্রিয় দরজা বসালেই সমস্যার সমাধান হবে না। বাতাস চলাচল, অতিরিক্ত ভিড়, দরজার সেন্সর এবং ট্রেনের সময়সূচি ঠিক রাখা—সবকিছুই পরীক্ষায় সফল হতে হবে। তার পরেই স্পষ্ট হবে, মুম্বইয়ের লোকাল যাত্রায় সত্যিই কতটা বদল আনতে পারে এই নতুন ট্রেন।











