Maharashtra Land Dispute: মাত্র ২৫ হাজার টাকা! মেয়ের বিয়ের খরচ জোগাতে এই টাকাই ধার নিয়েছিলেন মহারাষ্ট্রের এক মহিলা। বিনিময়ে বন্ধক রেখেছিলেন নিজের জমি। কিন্তু সেই সামান্য ঋণই যে একদিন তাঁর সাড়ে চার একর জমি কেড়ে নেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি। অভিযোগ, ঋণের টাকা ফেরত দিতে চেয়েও জমি ফেরত পাননি তিনি। উল্টে মহাজনের তরফে দাবি করা হয় ১০ লক্ষ টাকা! কখনও টাকা জোগাড়ের চেষ্টা, কখনও প্রশাসনের দরজায় আবেদন—এভাবেই কেটে গিয়েছে প্রায় তিন দশক। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ৩০ বছর পর নিজের জমির মালিকানা ফিরে পেলেন লাতুরের মুন্ডুবাই ইরাপ্পা দাভরে। তাও আবার কোনও অতিরিক্ত টাকা না দিয়েই।
ঘটনাটি মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর তালুকের কালকুটি গ্রামের। মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে প্রায় তিন দশক আগে এক বেসরকারি মহাজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার করেছিলেন মুন্ডুবাই। ঋণের বিনিময়ে নিজের সাড়ে চার একর জমি বন্ধক রাখেন। কিন্তু অভিযোগ, এরপরই পরিস্থিতি বদলে যায়। যে জমি সাময়িকভাবে বন্ধক রাখার কথা ছিল, সেটির মালিকানাই চলে যায় মহাজনের হাতে।
২৫ হাজার টাকার ঋণ কীভাবে পৌঁছল ১০ লক্ষে? (Maharashtra Land Dispute)
মুন্ডুবাইয়ের অভিযোগ, প্রথমে জমির ফসলের ভাগ দেওয়ার শর্তে মহাজন জমির দখল নিয়েছিলেন। পরে ভুয়ো সাক্ষী ব্যবহার করে জমিটি নিজের নামে লিখিয়ে নেন। ফলে জমির উপর অধিকার হারান মুন্ডুবাই।
সমস্যার সমাধানে একসময় ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে মহাজনের কাছে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, ঋণের টাকা মিটিয়ে এবার নিজের জমি ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু সেখানেও বাধা। মুন্ডুবাইয়ের দাবি, মহাজন টাকা নিতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য ছিল, সুদ-সহ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ টাকা। সেই টাকা না দিলে জমি ফেরত দেওয়া সম্ভব নয়।মুন্ডুবাইয়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। ফলে চোখের সামনে নিজের জমি অন্যের দখলে থাকলেও কিছু করার ছিল না তাঁর। ২৫ হাজার টাকার ঋণ যেন দীর্ঘদিনের দুর্ভোগে পরিণত হয়েছিল।
পরিবারের সাহায্যেই খুলল জমি ফেরার পথ ( Maharashtra Land Dispute Loan Repayment)
একসময় পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে নতুন করে জমি ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেন মুন্ডুবাই। তাঁদের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এরপর বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হয়।
শেলগাঁও সার্কেলের আধিকারিক মহেশ হিপ্পারগে জানিয়েছেন, ১৯৯৫ সালে ২৫ হাজার টাকার ঋণের পরিবর্তে ওই মহিলার পরিবারের পক্ষ থেকে একটি বিক্রয় দলিল সম্পাদন করা হয়েছিল বলে জানা যায়। সেই দলিলের জেরেই জমির মালিকানা মহাজনের নামে চলে গিয়েছিল। পরবর্তীতে লাতুরের জেলাশাসক ভারত বাস্তওয়াড়ের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হয়। তহসিলদারের অনুমোদন পাওয়ার পর জমির সরকারি নথিতে সংশোধন করা হয়। সেখানে ফের মুন্ডুবাইকে জমির মালিক হিসেবে নথিভুক্ত করা হয়। দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
৩০ বছর পর হাতে জমির মালিকানার নথি (Maharashtra Land Dispute Land Recovery)
অবশেষে বৃহস্পতিবার এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। লাতুর জেলা সফরে গিয়ে মুন্ডুবাই ইরাপ্পা দাভরের হাতে জমির গুরুত্বপূর্ণ নথি তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। তাঁর হাতে দেওয়া হয় ‘৭/১২ সাতবারা এক্সট্র্যাক্ট’ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। মহারাষ্ট্রে কৃষিজমির মালিকানা ও জমি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুন্ডুবাই জানিয়েছেন, জমি ফিরে পেতে তাঁকে কোনও টাকা দিতে হয়নি। জেলা প্রশাসনের সহযোগিতাতেই বিনা খরচে জমির মালিকানা ফিরে পেয়েছেন তিনি। এই উদ্যোগের জন্য লাতুরের জেলাশাসক, পুলিশ সুপার অমল তাম্বে এবং স্থানীয় তহসিলদারকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা। মেয়ের বিয়ের জন্য নেওয়া ২৫ হাজার টাকার ঋণ থেকে শুরু হয়েছিল যে দীর্ঘ লড়াই, প্রায় ৩০ বছর পর তার অবসান হল। যে সাড়ে চার একর জমি একসময় হারিয়ে গিয়েছিল, প্রশাসনিক উদ্যোগে আবারও তার মালিকানা ফিরে পেলেন মুন্ডুবাই। দীর্ঘ অপেক্ষার পর নিজের জমির কাগজ হাতে পাওয়া তাঁর কাছে নিঃসন্দেহে এক বড় স্বস্তির মুহূর্ত।











