Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

আল্লার সঙ্গে দেখা করতে যাব! আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কুলগামে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট

রণিতা সাহা
Published On: নভেম্বর 18, 2026 3:50 অপরাহ্ন

Latif Bhat Kulgam Encounter: মসজিদের ভিতরে লুকিয়ে রয়েছেন লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট। বাইরে ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য পুলিশের তরফে বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হচ্ছে। ভিডিও কলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন খোদ পুলিশ আধিকারিক। কিন্তু কোনও কথাতেই রাজি নন তিনি। বরং পুলিশকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আল্লার সঙ্গে দেখা করতে চান। একমাত্র আল্লাকেই ভয় পান। শেষ পর্যন্ত বুধবার সকালে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাটের।

ভিডিয়ো কলে কী বলেছিলেন লতিফ?(Latif Bhat Kulgam Encounter)

পুলিশ সূত্রে খবর, কুলগামের দেবসর এলাকার জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে লুকিয়ে ছিলেন লতিফ। তাঁকে আত্মসমর্পণ করানোর জন্য একাধিকবার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। এমনকী ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলেন কুলগামের এসএসপি আনায়াত আলি চৌধুরী।

পুলিশের তরফে তাঁকে বোঝানো হয়, তাঁর বয়স কম। সামনে গোটা জীবন পড়ে রয়েছে। তাই অস্ত্র ছেড়ে বাইরে বেরিয়ে এলে নিরাপদে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। নিরাপত্তাকর্মীরা তাঁকে সাহায্য করতেই সেখানে রয়েছেন বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু পুলিশের সেই আবেদন ফিরিয়ে দেন লতিফ। এসএসপি আনায়াত আলি চৌধুরীর দাবি, কথোপকথনের সময় লতিফ জানিয়েছিলেন, তিনি আল্লার সঙ্গে দেখা করতে চান। তিনি খুশি রয়েছেন এবং একমাত্র আল্লাকেই ভয় পান। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও মসজিদ থেকে বেরিয়ে আসতে রাজি হননি তিনি।

রাত ২টো ৪৫ মিনিটে শুরু সংঘর্ষ (Latif Bhat Kulgam Encounter)

পুলিশের দাবি, বুধবার রাত ২টো ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালান লতিফ। এরপরই শুরু হয় সংঘর্ষ। মসজিদের ভিতরে তিনি আশ্রয় নেওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করেন নিরাপত্তাকর্মীরা। ধর্মীয় স্থাপনাটির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রাখা হয়েছিল। পাশাপাশি লতিফকে জীবিত অবস্থায় ধরারও চেষ্টা করা হয়। পুরো এলাকা ঘিরে ফেলে পরিকল্পনামাফিক অভিযান চালানো হয়। কিন্তু আত্মসমর্পণের সমস্ত আবেদন ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সংঘর্ষে নিহত হন লতিফ।

দু’দিন ধরে পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন (Latif Bhat Kulgam Encounter)

গত ১৬ নভেম্বর আখরানের লারু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর থেকেই লতিফের খোঁজ চলছিল। ওই অভিযানে লতিফের সঙ্গে ছিলেন আরও এক লস্কর জঙ্গি উমর নিসার দার। নিরাপত্তাবাহিনীর গুলিতে উমরের মৃত্যু হয়। তবে পায়ে গুলির আঘাত নিয়েও পালিয়ে যেতে সক্ষম হন লতিফ।

এর আগে গত ১১ নভেম্বর কুলগামের নওপোরা আখরান এলাকায় একটি সিআরপিএফ পোস্টে হামলার অভিযোগ উঠেছিল লতিফ ও উমরের বিরুদ্ধে। ওই ঘটনায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হন। হামলার পর দু’জনেই পালিয়ে যান। এরপর থেকেই তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী।

গোপন সূত্রে পুলিশ জানতে পারে, লতিফ জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে আশ্রয় নিয়েছেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তাবাহিনী যৌথ অভিযান শুরু করে। মসজিদটি ঘিরে ফেলার পর ফের তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল।

লতিফের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা (Latif Bhat Kulgam Encounter)

লতিফের সম্পর্কে তথ্য দিলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল পুলিশ। তদন্তে জানা যায়, ২০২৫ সালের গোড়ার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এরপর তাঁর পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

পুলিশের তদন্ত অনুযায়ী, পাকিস্তানভিত্তিক জঙ্গি অপারেটিভ সাজ্জাদ গুল তাঁকে লস্কর-ই-তইবা এবং তার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফে যোগ দেওয়ার জন্য নিয়োগ করেছিল বলে অভিযোগ। লতিফ আশমুজির সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে কুলগামের সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি। এরপর কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। অন্যদিকে, রিপোর্ট অনুযায়ী, উমর নিসার দার প্রায় ছ’মাস ধরে লতিফকে আশ্রয় দিয়েছিলেন। সিআরপিএফ পোস্টে হামলার আগে দু’জনে বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ।

ছ’মাসে নিহত লস্করের চার কমান্ডার (Latif Bhat Kulgam Encounter)

লতিফের মৃত্যু জম্মু-কাশ্মীরে লস্কর-ই-তইবার সংগঠনের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, গত ছ’মাসে উপত্যকায় এই জঙ্গি সংগঠনের চার কমান্ডারের মৃত্যু হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন জাকির আহমেদ গনাই। ২০২৬ সালের ৮ জুলাই শোপিয়ানে তাঁর মৃত্যু হয়। ৪ সেপ্টেম্বর অপারেশন আসধরে নিহত হন ইয়াসির। এরপর ৩০ সেপ্টেম্বর বুদগামে অপারেশন শেরওয়ালিতে মৃত্যু হয় মুসা ওরফে আসিফ ফৌজির। এবার কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হলেন লতিফ ভাট। সব মিলিয়ে উপত্যকায় লস্করের নেটওয়ার্কের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now