Kartik Puja in Bansberia: কোথাও রাজবেশে দেবসেনাপতি, কোথাও বাড়ির প্রবীণ সদস্যের আদলে। আবার কোথাও যুদ্ধের সাজে, কোথাও ছয় মুখে ষড়ানন। হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিকের নানা রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক শতকের লোকসংস্কৃতি ও বণিক সমাজের ইতিহাস।
মাথায় সোনার মুকুট, গায়ে জমিদারি পোশাক। কোথাও মোটা গোঁফ, কোঁকড়ানো চুল আর চাদর জড়ানো বিশাল শরীর। কোনও প্রতিমার হাতে তির-ধনুক, চোখে যুদ্ধের তেজ। আবার কোথাও দেবসেনাপতি ছয় মুখে বিরাজমান। দেবতা একজনই, অথচ রূপ কত! কার্তিক পুজোকে ঘিরে হুগলির বাঁশবেড়িয়ার এই বৈচিত্র্যই তাকে বাংলার অন্য উৎসবের থেকে আলাদা করেছে।
এখানে কার্তিক পুজো নিছক কয়েক দিনের আয়োজন নয়। এর সঙ্গে মিশে রয়েছে কয়েক শতকের ইতিহাস। সেই ইতিহাসের খোঁজ করতে গেলে ফিরে তাকাতে হয় প্রাচীন সপ্তগ্রামের দিকে।
বাঁশবেড়িয়ার অজানা ইতিহাস (Kartik Puja in Bansberia)
একসময় বাঁশবেড়িয়া পরিচিত ছিল বংশবাটি নামে। প্রাচীন সপ্তগ্রামের বাণিজ্যিক ঐতিহ্যের সঙ্গে এই অঞ্চলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সপ্তগ্রাম ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। ব্যবসায়ী ও অভিজাত পরিবারের বসতি গড়ে উঠেছিল গঙ্গার তীরবর্তী এলাকায়। স্থানীয় ইতিহাস গবেষক দীপঙ্কর পাড়ুইয়ের ‘বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক’ প্রবন্ধে উল্লেখ রয়েছে, সেই বণিক সমাজের হাত ধরেই এলাকায় কার্তিক আরাধনার প্রসার ঘটে। আনুমানিক ১৬০০ সাল থেকে পুজোর প্রচলনের কথাও পাওয়া যায়।
সন্তান কামনা, সংসারের মঙ্গল এবং সমৃদ্ধির আশায় একসময় কার্তিকের আরাধনা করতেন বিভিন্ন পরিবারের সদস্যরা। পরে সেই পারিবারিক পুজোর অনেকগুলিই সর্বজনীন উৎসবে পরিণত হয়। কিন্তু পুজোর পরিসর বদলালেও প্রতিমার নিজস্ব চেহারা বদলায়নি। আর সেখানেই বাঁশবেড়িয়ার বিশেষত্ব।
বাঁশবেড়িয়া ও সাহাগঞ্জের সবচেয়ে পরিচিত পুজোগুলির একটি রাজা কার্তিক। নামের মধ্যেই যেন তাঁর পরিচয়। দুটি ময়ূরের উপরে সিংহাসনে বসে রয়েছেন দেবতা। মাথায় রাজমুকুট, গলায় অলংকার, পরনে জমিদারি সাজ। মুখে মোটা গোঁফ, হাতে তির-ধনুক। পিছনে ময়ূরের পেখমের আদলে গোলাকার সাজ। দু’পাশে পাহারায় দুই সিপাহী। তাঁদের পোশাকে ঔপনিবেশিক আমলের ছাপ। এই রাজা কার্তিকের পুজো প্রায় পৌনে চারশো বছরের পুরনো।
রাজা কার্তিকের রাজকীয় মেজাজ ছেড়ে ধুমোকার্তিকের দিকে তাকালেই যেন অন্য এক মানুষকে দেখা যায়। বিশাল শরীর, কোঁকড়ানো চুল, মোটা গোঁফ। পরনে ধুতি, গায়ে চাদর। দেখলে মনে হয়, বাড়ির কোনও প্রবীণ সদস্য বসে রয়েছেন। স্থানীয় মানুষের কাছে তিনি আদিবাবা নামেও পরিচিত। দু’পাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন দুই সিপাহী। এই প্রতিমার সঙ্গে জড়িয়ে রয়েছে সাহাগঞ্জের নন্দী পরিবারের পুরনো পুজোর ইতিহাস। স্থানীয় গবেষণায় এর বয়স চারশো বছরেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
জ্যাংড়াকার্তিক আবার সম্পূর্ণ অন্য মেজাজের। মাথায় মুকুট, পরনে যোদ্ধার সাজ। হাতে বিশাল তির-ধনুক। চোখেমুখে যুদ্ধের প্রস্তুতি। ময়ূরের উপর বসার ভঙ্গিতেও যেন অশ্বারোহী যোদ্ধার ছাপ। সাহাগঞ্জের ধর্মরাজতলায় এই কার্তিকের পুজো বহু প্রাচীন। স্থানীয়ভাবে জিলিপি কার্তিক নামেও পরিচিত তিনি। বড় আকারের জিলিপি নিবেদনের রীতিও রয়েছে। আর বাঁশবেড়িয়ার খামারপাড়ার কুণ্ডুগলিতে পুজো পান ষড়ানন কার্তিক। ছয়টি মুখ, প্রশস্ত বুক, বিশাল প্রতিমা। পুরাণে বর্ণিত ছয়মুখী দেবসেনাপতির আদলেই তাঁর গড়ন। প্রায় ১০ থেকে ১২ ফুট উচ্চতার প্রতিমা সিংহাসনে বসানো হয়। পাশে থাকে ময়ূর। পুজোর আচারেও রয়েছে স্থানীয় বৈশিষ্ট্য।

শুধু রাজা, ধুমো, জ্যাংড়া কিংবা ষড়ানন নয়। বাঁশবেড়িয়ায় রয়েছে জামাই কার্তিক, বাবু কার্তিক, অর্জুন কার্তিকের মতো আরও নানা রূপ। কোথাও সাবেকি সাজ অটুট, কোথাও আধুনিক মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার আয়োজন। পুজোকে ঘিরে কয়েক দিন ধরে মেতে ওঠেন এলাকার মানুষ। শেষ দিনের শোভাযাত্রাও অন্যতম আকর্ষণ। সময় বদলেছে। বদলেছে পুজোর আয়োজন। কিন্তু প্রতিমার চেহারা ও সাজের মধ্যে পুরনো দিনের ছাপ এখনও রয়ে গিয়েছে। এক একটি প্রতিমা যেন এক একটি সময়ের কথা বলে। কোথাও জমিদারি আমলের ছাপ, কোথাও বণিক সমাজের স্মৃতি, কোথাও আবার বাংলার লোকশিল্পের নিজস্ব কল্পনা।
সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়। বাঁশবেড়িয়ার মানুষ কিন্তু তাঁদের কার্তিককে হারিয়ে যেতে দেননি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রেখেছেন পুজোর রীতি, প্রতিমার সাজ আর উৎসবের নিজস্ব চরিত্র। এক শহরে একই দেবতার এত রূপ সচরাচর দেখা যায় না। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিশেষত্ব এখানেই। শুধু উৎসবের জাঁকজমক নয়, কয়েক শতকের লোকশিল্প ও ইতিহাসও আজও বেঁচে রয়েছে এই প্রতিমাগুলির মধ্যে।











