Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

জোয়ারের জলে মহাদেবের অভিষেক! কলকাতার বুকেই লুকিয়ে কামারঘাটের বারো শিব মন্দির

সোমা মাইতি
Published On: অক্টোবর 7, 2026 4:00 পূর্বাহ্ন
Kamarghat Dwadash Shiva Temple Kolkata Ganga Tide Mystery Story

Kamarghat Dwadash Shiva Temple Kolkata Ganga Tide Mystery: কলকাতার ব্যস্ত নগরজীবনের মাঝেই এমন এক জায়গা রয়েছে, যেখানে নদীর জোয়ার এসে ছুঁয়ে যায় মন্দিরের চত্বর। আদি গঙ্গায় ভরা জোয়ার এলে নদীর জল সিঁড়ি টপকে ঢুকে পড়ে মন্দির প্রাঙ্গণে। কিছুক্ষণের জন্য মনে হয়, স্বয়ং গঙ্গাই যেন মহাদেবের অভিষেক করতে চলে এসেছেন।
এ কোনও বৃষ্টির জল নয়। আদি গঙ্গার জোয়ার-ভাটার স্বাভাবিক নিয়মেই তৈরি হয় এই অনন্য দৃশ্য। আর এই প্রাচীন মন্দিরটির নাম কামারঘাট দ্বাদশ শিব মন্দির। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘বারো শিব মন্দির’ নামে।

কখন দেখা যায় মন্দিরে জোয়ারের জল?

আদি গঙ্গায় সাধারণত প্রায় ১২ ঘণ্টা অন্তর জোয়ার-ভাটার পালাবদল হয়। দিনে ও রাতে জোয়ার আসে। তবে জলের স্ফীতি যখন সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মুখে, তখনই নদীর জল সিঁড়ি পেরিয়ে মন্দিরের বাঁধানো উঠোনে ঢুকে পড়ে। জোয়ারের জল ধীরে ধীরে মন্দির চত্বর ভরিয়ে দেয়। আবার ভাটার টানে সেই জল নেমেও যায়। ফলে একই জায়গাকে দিনের ব্যবধানে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায়। তবে জোয়ারের সময় প্রতিদিন এক নয়। তিথি, চাঁদের অবস্থান এবং আদি গঙ্গার জোয়ার-ভাটার সময়সূচির উপর এই দৃশ্য নির্ভর করে। তাই যাওয়ার আগে স্থানীয়ভাবে জোয়ারের সময় জেনে নেওয়াই ভালো।

কলকাতার কোথায় রয়েছে এই মন্দির?

দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি পেরিয়ে আদি গঙ্গার সেতুর কাছেই রয়েছে এই প্রাচীন মন্দির। টালিগঞ্জ সেতু পেরিয়ে বাঁদিকে বিএল সাহা রোড ধরে এগোলেও পৌঁছনো যায়। আবার ক্যানাল রোড হয়ে প্রাণকৃষ্ণ চন্দ্র লেনের শেষ প্রান্তেও মন্দিরটির দেখা মিলবে। শহরের ব্যস্ত রাস্তা থেকে সামান্য ভিতরে ঢুকলেই বদলে যায় পরিবেশ। একদিকে আদি গঙ্গা, অন্যদিকে প্রাচীন শিব মন্দির দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে এই জায়গার বিশেষ আকর্ষণ।

প্রায় ১৭৫ বছরের পুরনো ইতিহাস

কামারঘাট দ্বাদশ শিব মন্দিরের ইতিহাস প্রায় পৌনে দু’শো বছরের পুরনো। জানা যায়, ১৮৫২ সালে, বাংলা ১২৫৯ সনে, বেহালার কামারপাড়ার বাসিন্দা নীলমণি চন্দ্র আদি গঙ্গার ধারে জমি কিনে পরপর ১২টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। বাংলার চিরাচরিত আটচালা স্থাপত্যরীতি মেনে তৈরি এই মন্দিরগুলি। উঁচু বেদির উপর তৈরি চতুষ্কোণ উঠোনকে ঘিরে রয়েছে মোট ১২টি শিব মন্দির। প্রাঙ্গণে ঢুকলে ডান দিকের প্রথম মন্দিরটি সবচেয়ে পুরনো। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘বুড়ো শিব মন্দির’ নামে।

এই মন্দিরের আরও একটি বিশেষত্ব রয়েছে শিবলিঙ্গগুলিতে। এখানকার শিবলিঙ্গগুলি সাধারণ পাথরের তৈরি নয়। কালো কষ্টিপাথর খোদাই করে তৈরি করা হয়েছে প্রতিটি শিবলিঙ্গ। জানা যায়, এই পাথর আনা হয়েছিল সুদূর কাঁথি থেকে। প্রতিটি শিবলিঙ্গের পাশেই রয়েছে ছোট্ট নন্দী মূর্তি। মন্দিরের স্থাপত্য, শিবলিঙ্গ এবং আদি গঙ্গার অবস্থান সব মিলিয়ে জায়গাটির মধ্যে রয়েছে এক স্বতন্ত্র ঐতিহাসিক আবহ।

হারিয়ে গিয়েছে কামারঘাট

একসময় মন্দিরের পাশেই আদি গঙ্গার উপর ছিল একটি সুবিশাল বাঁধানো ঘাট। নাম ছিল কামারঘাট। সেই ঘাটের সঙ্গে জড়িয়ে ছিল এলাকার ইতিহাসও। কিন্তু সময়ের সঙ্গে নদীর স্রোত এবং ক্ষয়ের কারণে প্রায় চার দশক আগে ঘাটটির থাম ও খিলান ভেঙে পড়ে। হারিয়ে যায় প্রাচীন শিলালেখও। তবে ঘাট হারিয়ে গেলেও আদি গঙ্গার সঙ্গে মন্দিরের সম্পর্ক আজও অটুট। জোয়ারের জল এখনও এসে পৌঁছয় সেই পুরনো মন্দির প্রাঙ্গণে। সারা বছরই এখানে পুজো হয়। বিশেষ করে সোমবার, শিবরাত্রি এবং নীলপুজোর দিনে মন্দিরে ভক্তদের সমাগম বাড়ে। কলকাতার কোলাহলের মাঝেও এখানে দাঁড়ালে একদিকে দেখা যায় আদি গঙ্গা, অন্যদিকে প্রায় পৌনে দু’শো বছরের পুরনো শিব মন্দির। জোয়ারের জল যখন মন্দিরের সিঁড়ি ছুঁয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি আর ইতিহাস যেন একই ফ্রেমে এসে দাঁড়িয়েছে।

#kamarghat #dwadashshivatemple #shivatemple #kolkata #adiganga #gangatide #baroshivatemple #kolkatatemples #bengalheritage #templearchitecture #spiritualindia

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now