Jammu Kashmir SPOs: জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় টহল দেওয়ার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই বিশেষ পুলিশ আধিকারিক। পরে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই পুলিশকর্মীর নাম রশপাল কুমার (৪০) এবং বাবি চাঁদ (৫৪)।
ঘটনাটি ঘটেছে কিশতওয়ার জেলার প্রত্যন্ত দাচ্ছন-মারওয়াহ এলাকায়। এনডিটিভির প্রতিবেদনে দাবী করা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে টহলদারির দায়িত্বে ছিলেন ওই দুই পুলিশ আধিকারিক। দায়িত্ব পালন করতে করতে তাঁরা ধেরনা পুলিশ চৌকিতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। সেখানে কর্তব্যরত দুই সহকর্মীর জায়গায় তাঁদের দায়িত্ব নেওয়ার কথা ছিল।
কীভাবে নিখোঁজ হলেন দুই পুলিশকর্মী?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দিনের বেলাতেই গুলির শব্দ শোনা গিয়েছিল। প্রথম দিকে দুই পুলিশকর্মীর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে দু’জনের ফোনই বন্ধ হয়ে যায়। এরপর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে উদ্বেগ তৈরি হয়। নির্ধারিত সময়ে তাঁরা ফিরে না আসায় পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। দেহ দু’টিতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল। একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলি লেগেছিল বলে জানা গিয়েছে।
হামলার পর উধাও সরকারি আগ্নেয়াস্ত্র
প্রাথমিক তদন্তে অনুমান, জঙ্গিরা আগে থেকেই ওই এলাকায় ওত পেতে ছিল। দুই পুলিশকর্মী ধেরনা পুলিশ চৌকির দিকে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁদের মৃত্যুর পর সঙ্গে থাকা দুটি সরকারি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। নিখোঁজ অস্ত্র দুটির মধ্যে রয়েছে একটি ইনসাস রাইফেল এবং একটি ৩০৩ রাইফেল।
ঘটনার পর হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। কিশতওয়ারের প্রত্যন্ত ও জঙ্গলঘেরা এলাকায় সক্রিয় জঙ্গিদের উপস্থিতি নির্মূল করতে আগেও একাধিক অভিযান চালানো হয়েছে। সংবাদ সূত্রের খবর. সেই অভিযানে বেশ কয়েকজন সক্রিয় জঙ্গি নিহত হয়েছে।
কয়েক সপ্তাহ আগেও খুন হয়েছিলেন এক পুলিশ আধিকারিক
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কিশতওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজের বাড়ির কাছে ৫৫ বছর বয়সি বিশেষ পুলিশ আধিকারিক বশির আহমেদের দেহ উদ্ধার হয়েছিল। তিনি পেডিল পুলিশ চৌকিতে কর্মরত ছিলেন।
কর্তব্য শেষ করে নিজের সরকারি স্বয়ংক্রিয় রাইফেল ও গুলি নিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পুলিশি তদন্তে জানা যায়, জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে খুন করেছিলেন। ওই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছিল।











