India First Bullet Train: দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ২০২৭ সালে। প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত ছুটবে এই হাইস্পিড ট্রেন। পরে ধাপে ধাপে মুম্বই পর্যন্ত সম্পূর্ণ করিডর চালু করা হবে। শুক্রবার, ২১ নভেম্বর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে বুলেট ট্রেন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তার বিস্তারিত হিসাবও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, গত কয়েক বছরে প্রকল্পের নির্মাণকাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রেলমন্ত্রী নিজের সাবস্ট্যাক পোস্টে জানান, দেশের প্রথম হাইস্পিড রেল পরিষেবা চালুর প্রস্তুতি চলছে। সুরাট-ভাপি অংশ দিয়েই প্রথম যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে মুম্বই পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত করা হবে। তবে শুধু ট্রেন চালু নয়, গোটা প্রকল্পের পরিকাঠামো নির্মাণের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কতদূর এগিয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ? (India First Bullet Train Project)
রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫৬ কিলোমিটার অংশে পিয়ার নির্মাণের কাজ শেষ হয়েছে। ৩৭১ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট তৈরির কাজও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি ২৯৯ কিলোমিটার অংশে বসানো হয়েছে প্রায় ৬ লক্ষ শব্দরোধী দেওয়াল বা নয়েজ ব্যারিয়ার।
এছাড়া ২০৬ কিলোমিটার ভায়াডাক্ট জুড়ে ৯,৩০০টি ওভারহেড ইলেকট্রিক্যাল (OHE) মাস্ট বসানো হয়েছে। প্রকল্পের অন্তর্গত চারটি পাহাড়ি সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়েছে। মহারাষ্ট্রের ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে ৫ কিলোমিটার অংশের খননকাজও সম্পূর্ণ হয়েছে। আটটি স্টেশনের মূল নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সেখানে স্থাপত্য সংক্রান্ত সৌন্দর্যায়ন ও অন্যান্য কাজ চলছে। অন্যদিকে, সাবরমতি, সুরাট এবং থানে—এই তিনটি জায়গায় বুলেট ট্রেনের ডিপো তৈরির কাজও চলছে।
ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে যাবে ট্রেন (India First Bullet Train Tunnel)
বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম আকর্ষণ মহারাষ্ট্রের আন্ডারসি টানেল বা সমুদ্রের তলার সুড়ঙ্গ। এই করিডরের মোট ২১ কিলোমিটার অংশ সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। তার মধ্যে ৭ কিলোমিটার অংশ থাকবে থানে ক্রিকের নিচে। অর্থাৎ, এই প্রথম ভারতে সমুদ্রের তলা দিয়ে ছুটবে রেলগাড়ি।
রেলমন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই মাসে ভিখরোলি এবং সাওলি থেকে দুটি টানেল বোরিং মেশিন (TBM) নামানো হয়েছে। ভারতে ব্যবহৃত সবচেয়ে বড় সুড়ঙ্গ খননকারী যন্ত্রগুলির মধ্যে এগুলি অন্যতম। প্রতিটি যন্ত্রের কাটার হেডের ব্যাস ১৩.৬ মিটার। উচ্চতার বিচারে যা প্রায় চারতলা বাড়ির সমান। প্রতিটি যন্ত্রের ওজন ৩ হাজার টনেরও বেশি। দৈর্ঘ্য প্রায় ৯৬ মিটার। অর্থাৎ, প্রায় পাঁচটি ক্রিকেট পিচ পাশাপাশি রাখলে যে দৈর্ঘ্য হয়, এই যন্ত্রগুলির দৈর্ঘ্যও প্রায় ততটাই।
দেশেই তৈরি হচ্ছে বুলেট ট্রেন (Made in India First Bullet Train)
প্রথম বুলেট ট্রেন তৈরির কাজও শুরু হয়েছে দেশে। রেলমন্ত্রী জানিয়েছেন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) যৌথভাবে ভারতের নিজস্ব B28 ট্রেনসেট তৈরি করছে। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলার জন্য তৈরি করা হচ্ছে।
ট্রেনের প্রথম বডি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে সেটির কাঠামোগত পরীক্ষা চলছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ট্র্যাক ট্রায়াল বা রেলপথে পরীক্ষামূলক চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলার উপযোগী আরও দ্রুতগতির B35 ট্রেন তৈরির পরিকল্পনাও রয়েছে। শুধু ট্রেন নয়, বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামোতেও দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। হাইস্পিড রেল পরিষেবার জন্য প্রয়োজনীয় ট্রান্সফরমার, মাস্টের ক্রস আর্ম এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার দেশেই তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
কেন এত দেরি হল প্রকল্পে? (India First Bullet Train Delay)
২০১৭ সালে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার প্রায় এক দশক পরেও কেন পরিষেবা চালু হয়নি, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
তাঁর বক্তব্য, মহারাষ্ট্রে প্রায় আড়াই বছর প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। রাজ্য সরকারের অনুমতি এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে তৈরির কাজ আটকে ছিল। এরপর কোভিড অতিমারির কারণে আরও প্রায় দু’বছর নষ্ট হয়। শেষ পর্যন্ত ২০২১ সালে পুরোদমে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়। রেলমন্ত্রীর কথায়, অনেকেই প্রশ্ন করছেন, বুলেট ট্রেন কোথায়? কিন্তু প্রকল্পের বাস্তব কাজের হিসাব দেখলে বোঝা যাবে, পূর্ণমাত্রায় নির্মাণকাজ শুরু হয়েছে মাত্র পাঁচ বছর আগে। এই সময়ের মধ্যে যথেষ্ট এগিয়েছে বলেই দাবি তাঁর।
২০২৭ সালে সুরাট-ভাপি অংশে বুলেট ট্রেন চালুর লক্ষ্য নিয়েই এগোচ্ছে রেলমন্ত্রক। পরবর্তী পর্যায়ে মুম্বই পর্যন্ত পরিষেবা চালু হলে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হবে। তবে নির্ধারিত সময়ে পরিষেবা চালু করতে বাকি নির্মাণকাজ এবং পরীক্ষামূলক যাত্রা কত দ্রুত শেষ হয়, এখন সেদিকেই নজর।











