India Bangladesh Relations: বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, গঙ্গার জলবণ্টন চুক্তি এবং দুই দেশের মধ্যে সাম্প্রতিক যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য জানাল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কী জানাল ভারত? (India Bangladesh Relations)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এবং সেই অনুযায়ী এর নিষ্পত্তি করা হবে। এই বিষয়ে নতুন করে কোনও নির্দিষ্ট তথ্য জানাননি তিনি। শেখ হাসিনার পাসপোর্ট না থাকলে তাঁকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সেই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, বিদেশে যাতায়াতের জন্য সাধারণত ভ্রমণের বৈধ নথি প্রয়োজন। তবে প্রত্যর্পণের ক্ষেত্রে বিষয়টি আইনি ও কারিগরি দিক থেকে বিবেচনা করতে হবে বলেও তিনি জানান।
গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে কী বলল নয়াদিল্লি? (India Bangladesh Relations)
ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছরের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নতুন চুক্তি বা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সওয়াল জানান, এই বিষয়ে আগের সাংবাদিক বৈঠকেই তিনি বক্তব্য রেখেছেন। আপাতত নতুন করে জানানোর মতো কোনও তথ্য তাঁর কাছে নেই।
বাংলাদেশে ভুয়ো প্রচার নিয়ে ভারতের আপত্তি (India Bangladesh Relations)
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। অভিযোগ ছিল, কয়েকজন চিনা নাগরিক ঢাকার এলাকার ছবি তুলে সেগুলিকে নয়াদিল্লির ছবি হিসেবে প্রচার করেছেন। উল্লেখ্য, প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি খালের পাশে লাইভ করতে দেখা যায় ‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা তরুণীকে। তিনি নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা বলে পরিচয় দেন। লাইভ চলাকালীন তিনি ওই এলাকাকে নয়াদিল্লি বলে দাবি করেন। পাশাপাশি সেখানকার বাড়িঘরকে অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন এবং অনুন্নত বলে বর্ণনা করেন। তাঁর বক্তব্য ছিল, দিল্লির এই এলাকায় টিনের ছাউনি দেওয়া বাড়িগুলিতে পাখা পর্যন্ত নেই। এখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। এমনকী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি।
এর উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, কোনও দেশের সম্পর্কে বিকৃত চিত্র তুলে ধরার এই ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। বিদেশি শক্তির মদতে মিথ্যা প্রচার চালানো হলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও এর পিছনে থাকা পক্ষগুলির বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করে। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কী বার্তা?
বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা ও যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে ভারত যোগাযোগ রাখছে। তবে গঙ্গার জলবণ্টন চুক্তি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত বা অগ্রগতির কথা তিনি জানাননি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেছে বিদেশ মন্ত্রক। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণকে আইনি বিষয় হিসেবে দেখা এবং গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে আপাতত নতুন কোনও তথ্য না দেওয়া—এই দুই বিষয়ই সাংবাদিক বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে।











