Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

নতুন চুক্তির দাবি থেকে সরে এসে গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণে আগ্রহী ঢাকা

শম্পা পাল
Published On: নভেম্বর 23, 2026 5:15 অপরাহ্ন
Ganga Water Sharing Treaty 2026 – Farakka Barrage and the India Bangladesh river water agreement

Ganga Water Sharing Treaty 2026: মেয়াদ শেষের আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ

গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার অবস্থানে কিছুটা পরিবর্তন আনল বাংলাদেশ। নতুন করে সম্পূর্ণ চুক্তি করার দাবির বদলে ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণের দিকেই এখন আগ্রহ দেখাচ্ছে ঢাকা। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই ভারতের রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজনীয় পদক্ষেপ করে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

সোমবার, ২৩ নভেম্বর প্রকাশিত দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদনে দাবী করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ তিতুমীর জানিয়েছেন, চুক্তি সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি বাংলাদেশ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। তাঁর আশা, আন্তর্জাতিক নদী গঙ্গার জল যাতে দুই দেশের মধ্যে ন্যায্য ও সমানভাবে বণ্টিত হয়, তা নিশ্চিত করতে ভারত কার্যকর পদক্ষেপ করবে।

নতুন চুক্তির দাবি থেকে অবস্থান পরিবর্তন (Ganga Water Sharing Treaty 2026)

আগে বাংলাদেশ গঙ্গার জলবণ্টন নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিল। বিশেষ করে শুষ্ক মরসুমে বাংলাদেশের প্রাপ্য জলের পরিমাণ সুরক্ষিত রাখার নিশ্চয়তা চেয়েছিল ঢাকা। পাশাপাশি, বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল গঠনেরও দাবি জানানো হয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনায় বাংলাদেশের অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন চুক্তির বদলে বর্তমান চুক্তির মেয়াদ নবীকরণ এবং সেই প্রক্রিয়া শুরু করার জন্য ভারতের রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগের অপেক্ষায় রয়েছে ঢাকা।

দুই দেশের যৌথ কমিটির বৈঠকে কী আলোচনা হল? (Ganga Water Sharing Treaty 2026)

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র। অন্যদিকে, বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আনোয়ার কাদির। বাংলাদেশের প্রতিনিধি রাশেদ তিতুমীর জানিয়েছেন, দুই পক্ষ ২০২৬ সালের চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করলে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পথ তৈরি হবে।

আলোচনার জন্য তৈরি হচ্ছে দুই দেশ (India Bangladesh River Agreement)

২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছিল। সেই সিদ্ধান্ত ভারতকেও জানানো হয়। পাশাপাশি, ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের বিষয়ে ঢাকার কাছে বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী আনে সম্প্রতি কূটনৈতিক মাধ্যমে ভারতের জলসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে চুক্তি নিয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছেন।

ভারত আন্তঃসীমান্ত নদীর জল সংক্রান্ত বিষয়গুলি আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন বেছে নিতে চায়। ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে জলবণ্টন সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে একমাত্র গঙ্গা নদীকে কেন্দ্র করেই। গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশ কীভাবে পরবর্তী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর থাকবে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now