Debanshu Bhattacharya Engagement: সমাজমাধ্যমের একটি ছোট্ট ঘোষণা। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মঞ্চে যাঁকে এত দিন দলের হয়ে সওয়াল করতে, বিরোধীদের আক্রমণের জবাব দিতে কিংবা নির্বাচনী লড়াইয়ে নামতে দেখা গিয়েছে, সেই দেবাংশু ভট্টাচার্য এ বার জীবনের একেবারে অন্য ইনিংস শুরু করতে চলেছেন। রবিবার, ১৫ নভেম্বর নিজের জীবনের বিশেষ মুহূর্তের কথা সমাজমাধ্যমে জানালেন তৃণমূলের এই যুবনেতা। বদলে দিলেন ফেসবুকের রিলেশনশিপ স্টেটাস। সেখানে লেখা, ‘এনগেজড’। অর্থাৎ, বাগদান সেরে ফেলেছেন দেবাংশু। তবে সুখবর জানালেও হবু জীবনসঙ্গীর পরিচয় নিজে থেকে প্রকাশ্যে আনেননি তিনি। ফলে কে সেই পাত্রী, কোথায় থাকেন তিনি, কবে বিয়ের পিঁড়িতে বসবেন দু’জনে—এই প্রশ্নগুলিই এখন ঘুরছে রাজনৈতিক মহল থেকে সমাজমাধ্যমে।
কে দেবাংশুর হবু জীবনসঙ্গী? (Debanshu Bhattacharya Engagement)
দেবাংশুর বাগদানের খবর সামনে আসতেই তাঁর হবু স্ত্রীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা শর্মা। পেশায় তিনি একজন বিমানসেবিকা ছিলেন। একটি জনপ্রিয় বিমানসংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মেঘনা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত।তাঁর বাড়ি হুগলির উত্তরপাড়ায়। পড়াশোনা করেছেন উত্তরপাড়ার টাউন গার্লস হাইস্কুলে। স্কুলের পড়াশোনা শেষ করার পর বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নেন তিনি। যদিও দেবাংশু এখনও পর্যন্ত হবু স্ত্রীর নাম বা ছবি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনেননি। এমনকী, কী ভাবে দু’জনের আলাপ, কত দিন ধরে তাঁদের সম্পর্ক—সেই বিষয়েও কিছু জানাননি তৃণমূল নেতা। ফলে তাঁদের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার গল্প এখনও অনেকটাই আড়ালে।
২০২৭ সালে বিয়ের সম্ভাবনা? (Debanshu Bhattacharya Engagement)
বাগদান পর্ব মিটলেও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দেবাংশু। তবে ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দু’জনে। অর্থাৎ, আংটি বদলের পর এ বার অপেক্ষা সাতপাকে বাঁধা পড়ার। মেঘনার পেশার সঙ্গে রাজনীতির সরাসরি কোনও যোগ নেই। তিনি বিমান পরিষেবা সংস্থায় কাজ করেন। অন্যদিকে, দেবাংশু দীর্ঘদিন ধরেই বাংলার রাজনৈতিক মহলের পরিচিত মুখ। দুই ভিন্ন পেশার মানুষের মধ্যে কী ভাবে সম্পর্ক তৈরি হল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত দু’জনের কেউই মুখ খোলেননি।
ছাত্ররাজনীতি থেকে পরিচিত মুখ দেবাংশু (Debanshu Bhattacharya Engagement)
ছাত্ররাজনীতির হাত ধরেই দেবাংশু ভট্টাচার্যের রাজনৈতিক পথচলা শুরু। প্রথম দিকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে যুব তৃণমূলের পরিচিত মুখ হয়ে ওঠেন। দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর লেখা ‘খেলা হবে’ গান ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্বাচনী প্রচারে এই গান এবং স্লোগান তৃণমূলের অন্যতম পরিচিত হাতিয়ার হয়ে ওঠে। এর পর থেকেই রাজ্য রাজনীতিতে দেবাংশুর পরিচিতি আরও বাড়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তবে সেই নির্বাচনে জয় পাননি তিনি। এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন দেবাংশু। কিন্তু সেখানেও জয়ের মুখ দেখেননি।
রাজনৈতিক চর্চার বাইরে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় (Debanshu Bhattacharya Engagement)
নির্বাচনের পর থেকে দেবাংশুকে আগের মতো রাজনৈতিক কর্মসূচি কিংবা সমাজমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে না বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছিল। এর মধ্যেই ব্যক্তিগত জীবনের এই সুখবর সামনে আনলেন তিনি।রাজনৈতিক জীবনে একাধিক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন দেবাংশু। নির্বাচনী লড়াই, দলের প্রচার থেকে শুরু করে রাজনৈতিক বিতর্ক—বিভিন্ন কারণে বার বার শিরোনামে এসেছেন তিনি। তবে এ বার তাঁর পরিচিতি বা রাজনৈতিক কর্মকাণ্ড নয়, আলোচনার কেন্দ্রে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়। আপাতত বাগদানের খবরেই খুশির হাওয়া। কবে বিয়ের সানাই বাজবে, সেই ঘোষণার অপেক্ষায় তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।










