Dawood Ibrahim: করাচির অভিজাত ক্লিফটন এলাকা। চারপাশে কড়া নিরাপত্তা। বাইরে থেকে দেখলে আর পাঁচটা সুরক্ষিত বাড়ির মতোই। কিন্তু এই বাড়ির ভিতরেই নাকি রয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিম। দিনের আলোয় খুব একটা বাইরে বেরোন না তিনি। রাত ১০টার পর শুরু হয় তাঁর গতিবিধি। ভোরের আজানের আগেই আবার ফিরে যান বাড়িতে। এমনই একাধিক চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন FBI এজেন্ট কামরান ফরিদি। তাঁর দাবি, সিনেমা ‘ধুরন্ধর’-এ অসুস্থ ও শয্যাশায়ী যে দাউদকে দেখানো হয়েছে, বাস্তবের দাউদ তার থেকে অনেকটাই আলাদা। এখনও সক্রিয়ভাবে নিজের অপরাধ ও মাদক পাচারের সাম্রাজ্য পরিচালনা করছেন তিনি। পাকিস্তানে বসেই ডি-কোম্পানির কাজকর্মের উপর নজর রাখছেন এই আন্ডারওয়ার্ল্ড ডন।
সম্প্রতি আজতক রেডিওর একটি বিশেষ পডকাস্টে ভারতের সাংবাদিক অরবিন্দ ওঝার সঙ্গে কথোপকথনে দাউদের ব্যক্তিগত জীবন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে যোগাযোগ এবং লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক দাবি করেছেন কামরান। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের পর পাকিস্তানে পালিয়ে গেলেও দাউদের প্রভাব এখনও শেষ হয়ে যায়নি। বরং নিরাপত্তার ঘেরাটোপে থেকে নিজের অপরাধের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও এই সমস্ত তথ্য কামরান ফরিদির ব্যক্তিগত দাবি, স্বাধীনভাবে সেগুলির সত্যতা যাচাই করা যায়নি।
‘ধুরন্ধর’-এর দাউদ আর বাস্তবের দাউদ কি এক? (Dawood Ibrahim Dhurandhar)
সাম্প্রতিক স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’-এ দাউদকে ‘বড়ে সাহাব’ নামে দেখানো হয়েছে। ছবিতে তাঁকে অসুস্থ ও প্রায় শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। কিন্তু কামরান ফরিদির দাবি, বাস্তবে দাউদ এখনও যথেষ্ট সক্রিয়। পাকিস্তানে বসেই ডি-কোম্পানির কাজকর্ম পরিচালনা করেন তিনি। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মাদক পাচারের ব্যবসার উপর তাঁর নজর রয়েছে।
কামরানের দাবি, পাকিস্তানের নিরাপত্তা মহলে দাউদকে ‘বড়ে সাহাব’ বা ‘বড়ে ওয়ালে’ নামে ডাকা হয়। তাঁর বয়স এখন প্রায় ৭০ বছর। তবে বয়সের কারণে কাজকর্ম থেকে সরে দাঁড়িয়েছেন, এমনটা নয় বলেই দাবি প্রাক্তন FBI এজেন্টের।
করাচির ক্লিফটনেই আস্তানা, রয়েছে একাধিক নিরাপদ বাড়ি (Dawood Ibrahim Karachi)
কামরান ফরিদির দাবি, পাকিস্তানের করাচির অত্যন্ত সুরক্ষিত ক্লিফটন এলাকাতেই এখনও থাকেন দাউদ। পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে রয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লেও নিজের মূল ঠিকানা বদলাননি তিনি। তবে পরিস্থিতি খারাপ হলে একাধিক নিরাপদ বাড়িতে আশ্রয় নেন।
কামরানের দাবি, এমন তিনটি গোপন আস্তানার কথা তাঁর জানা রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ইসলামাবাদে। দাউদের বাড়ির নীচে গোপন সুড়ঙ্গ থাকার যে কথা শোনা যায়, তা-ও অস্বীকার করেছেন তিনি। তবে বাড়ির পিছনের দিকে একটি বেরোনোর রাস্তা রয়েছে বলে দাবি তাঁর। সেই রাস্তা দিয়ে একটি মাজারে পৌঁছনো যায়। সেখানে প্রচুর মানুষের যাতায়াত থাকায় ভিড়ের মধ্যে সহজে মিশে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কামরান।
কীভাবে ডি-কোম্পানিতে ঢুকেছিলেন প্রাক্তন FBI এজেন্ট? (Dawood Ibrahim Kamran Faridi FBI)
দাউদের মতো অপরাধীর ঘনিষ্ঠ মহলে কীভাবে পৌঁছেছিলেন কামরান? পডকাস্টে সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ১৯৯৫ সালে FBI-তে যোগ দেন তিনি। ২০০৯ সালে তাঁকে দাউদের অপরাধচক্রে ঢোকার দায়িত্ব দেওয়া হয়। নিজের পাকিস্তানি পরিচয় গোপন রেখে রাশিয়ার মাফিয়ার সদস্য হিসেবে পরিচয় দেন তিনি। পরে দাউদের ঘনিষ্ঠ সহযোগী জবির মোতিওয়ালার মাধ্যমে দাউদের সঙ্গে পরিচয় হয় তাঁর।
কামরানের দাবি, ডি-কোম্পানির হাওয়ালা ব্যবসা গড়ে তুলতেও সাহায্য করেছিলেন তিনি। দাউদের ভাই আনিস ইব্রাহিমের ছেলে আলি কাসকর ছিলেন তাঁর গুরুত্বপূর্ণ তথ্যসূত্র। মজার বিষয়, যে জবির মোতিওয়ালার মাধ্যমে দাউদের কাছে পৌঁছেছিলেন, তাঁকেই ২০১৮ সালে লন্ডনে গ্রেফতার করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে দাবি কামরানের। তবে তিন বছর জেলে থাকার পর ২০২১ সালে আমেরিকা প্রত্যর্পণের আবেদন প্রত্যাহার করায় মুক্তি পান জবির। কামরানের দাবি, এখন আর গোয়েন্দা দুনিয়ার সঙ্গে যুক্ত নন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে থাকেন।
দাউদের নিরাপত্তায় ৩৫ থেকে ৪৫ জন রক্ষী! (Dawood Ibrahim Security)
দাউদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্ফোরক দাবি করেছেন কামরান। তাঁর কথায়, সব সময় ৩৫ থেকে ৪৫ জন নিরাপত্তারক্ষী ঘিরে রাখেন দাউদকে। তাঁদের প্রত্যেকের কাছেই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাকিস্তানের বিশেষ বাহিনী স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSG-র কমান্ডোরা।
কামরানের দাবি, দাউদের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করেন ছোটা শাকিল। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এমনকী, প্রতি শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট নিতে ISI-র সদর দফতরেও যান বলে দাবি কামরানের। দাউদ ও ছোটা শাকিলের যাতায়াতের জন্য দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা হয় বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ওই গাড়িগুলি বোমা, রকেট ও স্নাইপারের আক্রমণ থেকে সুরক্ষিত। কামরানের আরও দাবি, দাউদের সঙ্গে ISI-র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। লস্কর-ই-তইবার সঙ্গেও তাঁর ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত হাফিজ সইদের সঙ্গেও দাউদের ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিলাসী জীবন, মাদক এবং দ্বিতীয় বিয়ের দাবি (Dawood Ibrahim Second Marriage)
দাউদের ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক তথ্য সামনে এনেছেন কামরান। তাঁর দাবি, বাইরে থেকে ধর্মীয় ভাবমূর্তি বজায় রাখলেও ব্যক্তিগত জীবনে বিলাসিতায় অভ্যস্ত দাউদ। মুজরার আসরেও তাঁর আগ্রহ রয়েছে বলে দাবি প্রাক্তন FBI এজেন্টের। একসময় মদ্যপান করলেও বর্তমানে কোকেনের প্রতি তাঁর আসক্তি রয়েছে বলে জানিয়েছেন কামরান।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি দাবি করেন, একবার দাউদের জন্য প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টাকা দামের দামি মদের বোতল কিনেছিলেন। পাকিস্তানের সরকারি আধিকারিক ও ব্যবসায়ীদের সঙ্গে অধিকাংশ বৈঠক হয় করাচির ‘২২ জামজামা’ নামে একটি সুরক্ষিত ও শব্দনিরোধক বাড়িতে। সেখানে দাউদের সঙ্গে একাধিক পার্টিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
এমনই একটি পার্টিতে গভীর রাতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে ফোন করতে দেখেছিলেন বলে দাবি কামরানের। তাঁর বক্তব্য, নিজের এক সহযোগীকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা PIA-তে পদ পাইয়ে দেওয়ার জন্য ফোন করেছিলেন দাউদ। দাউদের দ্বিতীয় বিয়ের বিষয়টিও সামনে এনেছেন কামরান। তাঁর দাবি, পাকিস্তানে আয়েশা ভাবি নামে পরিচিত এক মহিলাকে বিয়ে করেছেন দাউদ। ওই মহিলা তাঁর থেকে প্রায় ২০ বছরের ছোট। করাচিতে কালো রঙের মার্সিডিজ গাড়িতে তাঁকে প্রায়ই যাতায়াত করতে দেখা যায় বলে দাবি কামরানের।
এই বিয়ের কথা অবশ্য ২০২৩ সালেই NIA-কে জানিয়েছিলেন দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে আলিশাহ পার্কার। তাঁর দাবি ছিল, প্রথম স্ত্রী মেহজাবিনের সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই এক পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেন দাউদ।
দাউদের সিদ্ধান্তে কি প্রভাব রয়েছে ‘ইসলাম বাবার’? (Dawood Ibrahim Islam Baba)
দাউদের সঙ্গে মুম্বইয়ের এক ফকিরের পাকিস্তানে চলে যাওয়ার কথাও জানিয়েছেন কামরান। তাঁর নাম ‘ইসলাম বাবা’। কামরানের দাবি, মুম্বই ছেড়ে পাকিস্তানে যাওয়ার সময় ওই ফকিরকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন দাউদ। এমনকী, ডি-কোম্পানির কোনও কাজ বা অভিযান শুরুর আগে তাঁর অনুমতি নেওয়া হয় বলেও দাবি প্রাক্তন FBI এজেন্টের।
এদিকে, দাউদের ঘনিষ্ঠ মহলে ক্ষমতার লড়াই নিয়েও কথা বলেছেন কামরান। তাঁর দাবি, ছোটা শাকিল ও দাউদের ভাই আনিস ইব্রাহিমের মধ্যে সম্পর্ক ভালো নয়। দু’জনের মধ্যে উত্তরাধিকার ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত টাইগার মেমনও এখন খুব একটা বাইরে বেরোন না বলে দাবি তাঁর। ডি-কোম্পানির অনেক সদস্যের সঙ্গে টাইগারের সম্পর্কও ভালো নয় বলে জানিয়েছেন কামরান। সব মিলিয়ে, কয়েক দশক ধরে আড়ালে থাকা দাউদ ইব্রাহিমের জীবন নিয়ে একাধিক নতুন দাবি সামনে আনলেন প্রাক্তন FBI এজেন্ট। যদিও তাঁর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি, তবুও ‘ধুরন্ধর’ ছবিতে দেখানো দাউদের চরিত্রের সঙ্গে বাস্তবের দাউদের তুলনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।













