Bisleri Water: বাজারে পানীয় জলের অন্যতম পরিচিত ব্র্যান্ড বিসলেরি। বহু মানুষ নিশ্চিন্তে এই সংস্থার বোতলের জল পান করেন। কিন্তু সেই জলেই পাওয়া যাচ্ছে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন রাসায়নিক উপাদান! পরীক্ষাগারে জলের নমুনা পরীক্ষা করার পরই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবার এই ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থার বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
২২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিসলেরির বোতলজাত পানীয় জলের নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, পরবর্তী পরীক্ষায় জলে মিলেছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)। এই দুই রাসায়নিকই ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে পরিচিত। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কীভাবে সামনে এল এই ঘটনা? (Bisleri Water Testing)
FSSAI-এর তরফে জানানো হয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি উৎপাদন কেন্দ্র থেকে প্যাকেটজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই নমুনাটি মিনারেল ওয়াটার নয়, সাধারণ প্যাকেটজাত পানীয় জলের।
প্রথম দফায় পরীক্ষার পর দেখা যায়, জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেই। সেই কারণে নমুনাটিকে পান করার জন্য অনিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপর সংস্থার তরফে পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে আপিল করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনাটি পাঠানো হয় একটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও স্বস্তি মেলেনি। বরং সেখানে জলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। দ্বিতীয় পরীক্ষাতেও জলের নমুনাকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়।
এরপরই বিসলেরির বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬ অনুযায়ী মামলা শুরুর অনুমতি দিয়েছে FSSAI। সংস্থার বক্তব্য, পরীক্ষাগারের রিপোর্টে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
কেন বিপজ্জনক ব্রোমেট ও PAHs? (Bisleri Water Bromate and PAHs)
ব্রোমেট এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দুটিই ক্যানসার সৃষ্টির সম্ভাবনাযুক্ত রাসায়নিক পদার্থ হিসেবে চিহ্নিত। দীর্ঘমেয়াদি সংস্পর্শে এগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই পানীয় জলে এই ধরনের উপাদানের উপস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তবে পরীক্ষায় রাসায়নিকের উপস্থিতি পাওয়া মানেই জল পান করা প্রত্যেকের ক্যানসার হবে, এমনটা নয়।
বিসলেরির পাশাপাশি আরও এক সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ (Bisleri Water FSSAI Food Safety Action)
শুধু বিসলেরি নয়, খাদ্য নিরাপত্তার নিয়ম ভাঙার অভিযোগে আরও একটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে FSSAI। আশার কনফেকশনারি (Asha Confectionery) নামে একটি সংস্থার তৈরি চকলেট ভর্তি প্যাকেটজাত কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষায় দেখা গিয়েছে, ওই কুকিজে কারমোসিন নামে একটি রং ব্যবহার করা হয়েছে। অথচ প্যাকেটের লেবেলে তার উল্লেখ ছিল না। পাশাপাশি, নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণে টারট্রাজিন পাওয়া গিয়েছে। এছাড়াও সানসেট ইয়েলো FCF নামে একটি রং পাওয়া গিয়েছে, যা ওই ধরনের খাবারে ব্যবহারের অনুমতি নেই। এই কারণে কুকিজগুলিকে নিম্নমানের, ভুল তথ্যযুক্ত এবং অনিরাপদ বলে ঘোষণা করেছে FSSAI। বাজারে থাকা সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত পণ্য অবিলম্বে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাই খাদ্যপণ্যের গুণমান ও নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।











