Arijit Singh Lookalike Pradipta Ghosh: চেহারা, কোঁকড়ানো চুল আর মঞ্চে গান গাওয়ার ভঙ্গি—সবেতেই যেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের ছাপ! দত্তপুকুরের একটি অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে এক যুবককে গান গাইতে দেখে প্রথম ঝলকে তাঁকে অরিজিৎ সিং বলে ভুল হতে পারে অনেকেরই। কিন্তু তিনি বলিউডের জনপ্রিয় গায়ক নন। তিনি বসিরহাটের সাধারণ যুবক প্রদীপ্ত ঘোষ। অরিজিৎ সিংয়ের সঙ্গে চেহারার মিলের পাশাপাশি তাঁর গানের পরিবেশনাও নজর কেড়েছে উপস্থিত দর্শকদের।
উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথা এলাকার বাসিন্দা প্রদীপ্ত পেশায় বসিরহাটের একটি টোল ট্যাক্সে কর্মরত। সম্প্রতি দত্তপুকুরের একটি অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কে এই নকল অরিজিৎ সিং? (Arijit Singh Lookalike Pradipta Ghosh)
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা শার্ট ও কালো প্যান্ট পরে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন প্রদীপ্ত। হাতে মাইক্রোফোন নিয়ে কখনও চোখ বন্ধ করছেন, কখনও আবার হাতের অঙ্গভঙ্গিতে গানের আবেগ প্রকাশ করছেন। তাঁর এলোমেলো কোঁকড়ানো চুল, মুখের গড়ন এবং মঞ্চে গান গাওয়ার ধরনে অরিজিৎ সিংয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের একাংশ।
ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর দত্তপুকুরে তাঁকে ঘিরে তৈরি হয় বাড়তি কৌতূহল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁকে একবার দেখার জন্য ভিড় করেন। কেউ তাঁর সঙ্গে ছবি তুলতে চান, আবার কেউ এগিয়ে আসেন সেলফি তোলার আবদার নিয়ে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়া প্রদীপ্ত হয়ে ওঠেন উপস্থিত মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সঙ্গীতপ্রেমীদের কাছে অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাঁর কণ্ঠ এবং গায়কির প্রতি মানুষের ভালোবাসা বরাবরই চোখে পড়ে। সেই জনপ্রিয় গায়কের সঙ্গে চেহারা ও পরিবেশনার মিল থাকায় এবার সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন বসিরহাটের প্রদীপ্ত ঘোষ।
তবে শুধু অরিজিৎ সিংয়ের মতো দেখতে হওয়ার কারণেই নয়, নিজের গানের মাধ্যমে তিনি কতটা দর্শকের মন জয় করতে পারেন, সেটাই এখন দেখার।










