Allahabad High Court on Vehicle Repossession: ঋণের কিস্তি বাকি থাকলেই জোর করে গাড়ি কেড়ে নিতে পারবে না কোনও ফিনান্স সংস্থা। ঋণখেলাপির অভিযোগ থাকলেও গাড়ি বাজেয়াপ্ত করার জন্য গুন্ডা বা বেসরকারি উদ্ধারকারী সংস্থাকে ব্যবহার করা যাবে না। আইন মেনেই ঋণদাতাকে পাওনা আদায়ের ব্যবস্থা করতে হবে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাই কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও ফিনান্স সংস্থা চুক্তির শর্ত দেখিয়ে নিজের হাতে আইন তুলে নিতে পারে না। গাড়ি বাজেয়াপ্ত করতে হলে সিভিল কোর্ট, সালিশি সংস্থা বা আইনস্বীকৃত কোনও মঞ্চের দ্বারস্থ হতে হবে। এই মামলায় এক ঋণগ্রহীতার গাড়ি বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ব্যক্তি মোট ৪৫টি কিস্তির মধ্যে ৩১টি কিস্তি ইতিমধ্যেই পরিশোধ করেছিলেন। তা সত্ত্বেও তাঁর গাড়ি জোর করে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মামলার শুনানিতে এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফিনান্স সংস্থাকে গাড়ি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, ঋণের নতুন কিস্তি নির্ধারণ এবং জরিমানার সুদ বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
বন্দুক দেখিয়ে গাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ (Allahabad High Court on Vehicle Repossession)
মামলাকারী সাদাব আহমেদ পেশায় স্বনির্ভর ব্যক্তি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে ঋণ নিয়ে একটি টাটা পণ্যবাহী গাড়ি কেনেন। ঋণ পরিশোধের জন্য মোট ৪৫টি কিস্তি নির্ধারিত হয়েছিল। প্রতিটি কিস্তির পরিমাণ ছিল ৬৪ হাজার ৫৯ টাকা। সাদাবের অভিযোগ, ২০২৬ সালের ৯ অগস্ট উত্তরপ্রদেশের চান্দৌলি এলাকায় একটি হাইওয়েতে তাঁকে আটক করেন কয়েকজন ব্যক্তি। তাঁরা নিজেদের ফিনান্স সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দেন। এরপর বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখানো হয় এবং তাঁর গাড়িটি নিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, গাড়ি বাজেয়াপ্ত করার একটি নথিতেও তাঁকে সই করানো হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর সাদাব প্রথমে ফিনান্স সংস্থার কাছে অভিযোগ জানান। পাশাপাশি স্থানীয় পুলিশ এবং জেলাশাসকের কাছেও বিষয়টি জানান তিনি। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, অবিলম্বে যেন গাড়িটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ফিনান্স সংস্থার পাল্টা যুক্তি কী ছিল?(Allahabad High Court on Vehicle Repossession)
অন্যদিকে, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আদালতে নিজেদের বক্তব্য পেশ করে। সংস্থার দাবি, সাদাব আহমেদের ঋণ অ্যাকাউন্ট তাঁর ভাই শোয়েব আহমেদের একটি ঋণের সঙ্গে যুক্ত ছিল। শোয়েব ঋণের কিস্তি পরিশোধ করেননি। তাঁর গাড়িরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সংস্থার আরও দাবি, সাদাব নিজেও ঋণ পরিশোধে অনিয়ম করেছিলেন। তাঁর দেওয়া ৩০টি পোস্ট-ডেটেড চেক বাউন্স করেছে। সেই কারণে ঋণ দেওয়ার ব্যবস্থা বাতিল করা হয়। এরপর ২০২৬ সালের ৮ অগস্ট পুনিয়া অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামে একটি উদ্ধারকারী সংস্থাকে গাড়ি বাজেয়াপ্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
ফিনান্স সংস্থার বক্তব্য ছিল, ঋণের চুক্তিতে গাড়ি ফিরিয়ে নেওয়ার শর্ত রয়েছে। সেই শর্ত মেনেই তারা পদক্ষেপ করেছে। নিজেদের বক্তব্যের সমর্থনে সুপ্রিম কোর্টের কয়েকটি পুরনো রায়ের কথাও উল্লেখ করে সংস্থা।তবে আদালত জানিয়ে দেয়, ঋণখেলাপির অভিযোগ যতই নথিভুক্ত থাকুক না কেন, জোর করে গাড়ি বাজেয়াপ্ত করার অধিকার কোনও সংস্থার নেই।
আদালতের কড়া পর্যবেক্ষণ (Allahabad High Court on Vehicle Repossession)
বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করে। গত ২৬ অক্টোবর আদালত জানায়, কোনও ফিনান্স সংস্থা ঋণের চুক্তিতে গাড়ি ফিরিয়ে নেওয়ার শর্ত থাকলেও বলপ্রয়োগ করতে পারে না। তার জন্য আইনি পদ্ধতি অনুসরণ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ঋণের কিস্তি বাকি থাকলে সংস্থার পাওনা আদায়ের অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু সেই অধিকার প্রয়োগের জন্য আইন নির্ধারিত পথ রয়েছে। আদালত, সালিশি সংস্থা অথবা উপযুক্ত বিচারবিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।
বিচারপতিদের বক্তব্য, উদ্ধারকারী সংস্থার লোকজন দিয়ে রাস্তায় ঋণগ্রহীতাকে আটক করে গাড়ি কেড়ে নেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে একটি বেসরকারি সংস্থার হাতে কার্যত রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা তুলে দেওয়া হয়। যা আইনের পরিপন্থী। আদালত আরও জানায়, সাদাবের ভাই শোয়েবের ঋণ সংক্রান্ত মামলায় ফিনান্স সংস্থা সালিশি সংস্থার দ্বারস্থ হয়েছিল। সেখানে অন্তর্বর্তী নির্দেশ এবং চূড়ান্ত রায়ও পাওয়া গিয়েছিল। এমনকী, সেই রায়ে পুলিশের সাহায্য নেওয়ার ব্যবস্থাও ছিল। কিন্তু সাদাবের ক্ষেত্রে সংস্থা কোনও আইনি পদক্ষেপ করেনি।
গাড়ি ফেরানোর পাশাপাশি নতুন কিস্তির নির্দেশ (Allahabad High Court on Vehicle Repossession)
সাদাব আহমেদের দায়ের করা রিট পিটিশন মঞ্জুর করে আদালত ফিনান্স সংস্থাকে অবিলম্বে গাড়ি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে কোনও শর্ত আরোপ করা যাবে না বলেও স্পষ্ট করেছে আদালত। পাশাপাশি ঋণের সম্পূর্ণ হিসাব নতুন করে তৈরি করে সাদাবকে দিতে হবে। ঋণের বকেয়া টাকা পরিশোধের জন্য নতুন কিস্তি নির্ধারণ করতে হবে। তবে সেই কিস্তিতে স্বাভাবিক সুদ নেওয়া যাবে, অতিরিক্ত জরিমানার সুদ নেওয়া যাবে না। নতুন করে ঋণের চুক্তিও স্বাক্ষর করতে হবে। এছাড়া ফিনান্স সংস্থাকে ১০ হাজার টাকা খরচ বাবদ দিতে হবে। তবে সাদাব সত্যিই ঋণখেলাপি কি না, সেই প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি আদালত করেনি। উপযুক্ত আইনি মঞ্চেই সেই বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বেঞ্চ। এই রায়ের মাধ্যমে এলাহাবাদ হাই কোর্ট স্পষ্ট করে দিল, ঋণের কিস্তি বাকি থাকলেও কোনও ফিনান্স সংস্থা বা তাদের নিযুক্ত উদ্ধারকারী কর্মীরা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। পাওনা আদায়ের জন্য আইনি পথই অনুসরণ করতে হবে।











