Alcohol Consumption in India : একটা সময় ছিল, মদের গ্লাস হাতে কাউকে দেখলে সমাজের একাংশের ভ্রু কুঁচকে যেত। মদ মানেই সাহেবি চালচলন, বড়লোকদের বিলাসিতা! কেউ বলতেন, বিদেশের হাড়কাঁপানো ঠান্ডায় গা গরম রাখতেই নাকি মদ খান সাহেবরা। আর আজ? শহরের ঝাঁ চকচকে পানশালা থেকে পাড়ার বন্ধুর জন্মদিনের পার্টি, অফিসের উদ্যাপন থেকে সপ্তাহান্তের আড্ডা—সর্বত্রই মদের গ্লাসের উপস্থিতি। শুধু বদলায়নি মদ্যপানের জায়গা, বদলেছে মানুষের অভ্যাস, বয়স এবং সামাজিক দৃষ্টিভঙ্গিও। যে ভারত একসময় বিদেশিদের মদ্যপানের অভ্যাস নিয়ে কৌতূহল দেখত, সেই ভারতই এখন মদ্যপানের পরিমাণ বৃদ্ধিতে পিছনে ফেলছে আমেরিকা ও চিনকে! সাম্প্রতিক টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযাই , ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে মদ্যপানের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। অথচ আমেরিকায় কমেছে ৪ শতাংশ এবং চিনে ৩ শতাংশ। একদিকে মদের বাজার ফুলেফেঁপে উঠছে, অন্যদিকে এই নেশার অন্ধকার দিকও সামনে আসছে। গত এক দশকে শুধু বিষমদ পান করেই দেশে প্রাণ হারিয়েছেন ৮৬২৯ জন!
২৩ বছরের অভ্যাস এখন ১৪ বছরেই! (Alcohol Consumption in India)
মদের গ্লাসে চুমুক দেওয়ার বয়সও যে দ্রুত কমছে, তা উঠে এসেছে গত তিন দশকের বিভিন্ন সমীক্ষায়। আশির দশকে সাধারণত ২৩ বছর বয়সের আগে মদ্যপানের অভ্যাস তৈরি হত না। কিন্তু এখন শহর ও আধা শহরাঞ্চলে ১৪ থেকে ১৮ বছর বয়সি কিশোরদের মধ্যেও মদ্যপানের প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ, কৈশোর পেরনোর আগেই অনেকের জীবনে জায়গা করে নিচ্ছে এই নেশা। এর পিছনে অন্যতম কারণ মদ সহজে পাওয়ার সুবিধা। আগের তুলনায় এখন অনেক বেশি জায়গায় মদ কেনার সুযোগ রয়েছে। বেড়েছে মদের দোকান ও পানশালার সংখ্যা। ফলে মদ্যপানের জন্য আর বিশেষ কোনও উৎসব বা অনুষ্ঠানের অপেক্ষা করতে হচ্ছে না। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সপ্তাহান্তের অবসরেও মদ খাওয়ার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তন শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তবে মহিলাদের মধ্যেও বাড়ছে মদ্যপানের প্রবণতা। ইকোনমিক টাইমসে প্রকাশিত সমীক্ষার বিবরণ অনুযায়ী, ১৫ থেকে ৩৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার সামান্য হলেও বেড়েছে। অর্থাৎ, মদ্যপান নিয়ে প্রচলিত সামাজিক ধারণায় বড়সড় পরিবর্তন এসেছে।
২১ কোটি মানুষের অঞ্চলে নিষিদ্ধ মদ!(Alcohol Consumption in India)
ভারতের মদ্যপানের পরিসংখ্যানের মধ্যে রয়েছে আরও একটি উল্লেখযোগ্য তথ্য। যে দেশে মদ্যপানের প্রবণতা এত দ্রুত বাড়ছে, সেই দেশেই চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মদ সম্পূর্ণ নিষিদ্ধ।বিহার, গুজরাট, নাগাল্যান্ড ও মিজোরামের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই পাঁচটি অঞ্চলের সম্মিলিত জনসংখ্যা প্রায় ২১ কোটি। অর্থাৎ, দেশের বিপুল সংখ্যক মানুষ মদ্যপানের এই হিসাবের বাইরে রয়েছেন। তাঁদের তথ্যও যদি সামগ্রিক পরিসংখ্যানে যুক্ত হত, তাহলে ছবিটা কতটা বদলাত, তা নিয়ে কৌতূহল রয়েছে।
মদের বোতলেই রাজ্যগুলির কোষাগার ভরছে! (Alcohol Consumption in India)
মদ্যপানের প্রবণতা বৃদ্ধির পিছনে মানুষের বদলে যাওয়া জীবনযাত্রার পাশাপাশি রয়েছে অর্থনৈতিক কারণও। অনেকের মতে, অর্থনৈতিক উন্নতির ফলে শহরাঞ্চলের মানুষের হাতে এখন আগের তুলনায় বেশি টাকা রয়েছে। বেড়েছে বিনোদনের সুযোগ এবং মদ কেনার জায়গা। ফলে মদের চাহিদাও বাড়ছে। তবে এই বাড়তি চাহিদা থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাজ্যগুলির কোষাগার। মদের উপর কর বসিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে বিভিন্ন রাজ্য। উত্তরপ্রদেশ সরকার মদ থেকে প্রায় ৪১ হাজার থেকে ৫২ হাজার কোটি টাকা আয় করে। কর্ণাটকের ক্ষেত্রে এই অঙ্ক ২৯ হাজার থেকে ৩৬ হাজার কোটি টাকা। মহারাষ্ট্র সরকার পায় প্রায় ২৫ হাজার থেকে ৩৬ হাজার কোটি টাকা। তেলেঙ্গানার আয় ১৮ হাজার থেকে ২৫ হাজার ৬০০ কোটি টাকা। তামিলনাড়ু সরকার মদ থেকে প্রায় ২১ হাজার থেকে ৩২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই অঙ্ক কম নয়। এ রাজ্যে মদ থেকে সরকারের আয় প্রায় ১১ হাজার থেকে ১৮ হাজার কোটি টাকা।অর্থাৎ, মদ বিক্রি শুধু মানুষের নেশার চাহিদা মেটাচ্ছে না, রাজ্যগুলির অর্থনীতিতেও বড় ভূমিকা নিচ্ছে। বিভিন্ন সরকারি কাজকর্মের জন্য মদের উপর কর থেকে পাওয়া রাজস্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে মদ্যপানের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতার প্রয়োজন থাকলেও মদ বিক্রি থেকে আসা আয়ের উপর নির্ভরতাও বাড়ছে।
ফুর্তির আড়ালে মৃত্যুর ভয়াবহ হিসাব (Alcohol Consumption in India)
মদের গ্লাসে চুমুকের সংখ্যা বাড়লেও তার পরিণতি সবসময় উদ্যাপনের নয়। অনেক সময় সেই নেশাই ডেকে আনছে মৃত্যুর মতো ভয়াবহ পরিণতি। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত নথিভুক্ত তথ্য অনুযায়ী, ভারতে বিষমদ পান করে মৃত্যু হয়েছে ৮৬২৯ জনের। অর্থাৎ, মাত্র এক দশকে বিষমদের কারণে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বিষমদের বিপদ ছাড়াও নিয়মিত ও অতিরিক্ত মদ্যপানের কারণে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। এর প্রভাব পড়ে পারিবারিক জীবনেও। বাড়তে পারে অশান্তি, সামাজিক সমস্যা এবং অপরাধের ঝুঁকি। ফলে মদ বিক্রি থেকে রাজস্বের অঙ্ক যতই বাড়ুক, এর সামাজিক মূল্যও কম নয়।
এই পরিস্থিতিতে মদ থেকে কর বাবদ পাওয়া অর্থ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক উন্নয়নের কাজে কতটা ব্যবহার হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। মূলত সচেতনতা বৃদ্ধি এবং কম বয়সিদের মদ্যপান থেকে দূরে রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আমেরিকা-চিনে কমছে, ভারতে বাড়ছে কেন?
সমীক্ষায় উঠে এসেছে, আমেরিকায় মদ্যপানের পরিমাণ কমার পিছনে রয়েছে মুদ্রাস্ফীতি, করের বোঝা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। অন্যদিকে, চিনের অর্থনৈতিক উন্নতির গতি ধীর হয়ে যাওয়ায় সেখানেও মদ্যপানের পরিমাণ কমেছে বলে মনে করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ উল্টো। অর্থনৈতিক উন্নতি, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং মদের সহজলভ্যতা মদ্যপানের প্রবণতা বাড়াচ্ছে বলে মত অনেকের। তবে এই বৃদ্ধিকে কি নিছক উন্নতির চিহ্ন বলা যায়? একদিকে মদের উপর কর বসিয়ে রাজ্যগুলির কোষাগারে ঢুকছে হাজার হাজার কোটি টাকা। অন্যদিকে, সেই মদের কারণেই প্রাণ যাচ্ছে মানুষের, বাড়ছে স্বাস্থ্য ও সামাজিক সমস্যা। যে অভ্যাস একসময় সাহেবদের বিলাসিতা বলে পরিচিত ছিল, আজ তা ভারতীয় সমাজের পরিচিত ছবিতে পরিণত হচ্ছে। অর্থনীতির খাতায় লাভের অঙ্ক বাড়ছে ঠিকই, কিন্তু সমাজকে এর জন্য কতটা মূল্য দিতে হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সত্যিই, চিয়ার্সের আড়ালে লুকিয়ে রয়েছে এক অন্য ভারত।
শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু ভারত কতটা মদ খাচ্ছে, তা নিয়ে নয়। প্রশ্ন হল, এই বাড়তে থাকা মদ্যপানের প্রবণতা আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? একদিকে মদের বিক্রি বাড়লে রাজ্যগুলির কোষাগার ভরছে, অর্থনীতির হিসাবেও যোগ হচ্ছে বিপুল রাজস্ব। অন্যদিকে, সেই একই মদের নেশায় অন্ধকার হচ্ছে অসংখ্য পরিবার, অকালে ঝরে যাচ্ছে প্রাণ, বিপন্ন হচ্ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। আমেরিকা ও চিন যখন মদ্যপান কমানোর পথে হাঁটছে, তখন ভারত কেন উল্টো পথে? উন্নতির মাপকাঠি কি শুধুই মানুষের হাতে বেশি টাকা আসা, নাকি সেই টাকা কীভাবে খরচ হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ? কারণ, মদের গ্লাস যতই ঝলমল করুক, তার আড়ালে জমতে থাকা অন্ধকারকে অস্বীকার করার উপায় নেই। কোষাগারের হিসাব মেলাতে গিয়ে যদি মানুষের জীবন ও সুস্থতার হিসাবটাই হারিয়ে যায়, তবে সেই উন্নয়নের উদ্যাপন কতটা সার্থক?











