Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ভারতের চিকিৎসায় ইতিহাস! মায়ের গর্ভেই শিশুর মেরুদণ্ড সারালেন দিল্লি AIIMS-এর চিকিৎসকেরা

রণিতা সাহা
Published On: নভেম্বর 16, 2026 7:26 অপরাহ্ন

AIIMS First Open Fetal Surgery India: গর্ভেই থাকা শিশুর মেরুদণ্ডের গুরুতর ত্রুটি সারাতে নজির গড়ল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। দেশের চিকিৎসা ক্ষেত্রে প্রথমবার গর্ভস্থ শিশুর শরীরে ওপেন ফিটাল সার্জারি করে সফলভাবে মেরুদণ্ডের জটিল ত্রুটি মেরামত করলেন চিকিৎসকেরা। গর্ভাবস্থার ২৫ সপ্তাহে এই অস্ত্রোপচার করা হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে চিকিৎসা প্রক্রিয়া। গত ১২ নভেম্বর AIIMS-এর নিউরোসায়েন্সেস সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভস্থ শিশুর মেরুদণ্ডের নীচের অংশে থাকা গুরুতর ত্রুটি সারানো হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যার নাম লাম্বোসাক্রাল মায়েলোমেনিনগোসিল (Lumbosacral Myelomeningocele)। এটি স্পাইনা বিফিডার সবচেয়ে গুরুতর ধরন। এই সমস্যায় শিশুর মেরুদণ্ডের একটি অংশ ঠিকমতো তৈরি হয় না। ফলে মেরুদণ্ডের স্নায়ু এবং তার আবরণ শরীরের বাইরে বেরিয়ে আসে। এর ফলে মেরুদণ্ডের ওই অংশে একটি খোলা জায়গা তৈরি হয়। সেই জায়গা দিয়ে মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশে থাকা তরল পদার্থ বেরিয়ে আসতে পারে।

কীভাবে হল অস্ত্রোপচার? (AIIMS First Open Fetal Surgery India)

AIIMS সূত্রে খবর, অস্ত্রোপচারের আগে পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি চলে। একাধিক বিভাগের চিকিৎসকেরা একসঙ্গে এই পরিকল্পনা করেন। গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থা বুঝতে বিস্তারিত পরীক্ষা ও বিশেষ ধরনের ইমেজিং করা হয়। পাশাপাশি, অস্ত্রোপচারের সম্ভাব্য ঝুঁকি এবং চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করা হয়। অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেশিয়া বা অবশ করার প্রক্রিয়ার প্রস্তুতিও নেওয়া হয়। পুরো অস্ত্রোপচারের অনুশীলনও করেন চিকিৎসকেরা। এরপর অত্যাধুনিক মাইক্রোস্কোপ এবং আলট্রাসাউন্ডের সাহায্যে ছয় ঘণ্টার জটিল প্রক্রিয়াটি সম্পন্ন হয়। গর্ভস্থ শিশুর শরীরে থাকা মেরুদণ্ডের খোলা অংশটি মেরামত করেন চিকিৎসকেরা। এর ফলে ওই অংশ দিয়ে মেরুদণ্ডের তরল বেরিয়ে আসার সমস্যাটি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

1001318807 - ভারতের চিকিৎসায় ইতিহাস! মায়ের গর্ভেই শিশুর মেরুদণ্ড সারালেন দিল্লি AIIMS-এর চিকিৎসকেরা

৩০ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুক্ত ছিলেন (AIIMS First Open Fetal Surgery India)

এই জটিল অস্ত্রোপচারে AIIMS-এর একাধিক বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। সব মিলিয়ে ৩০ জনেরও বেশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, মাতৃ ও ভ্রূণ চিকিৎসা বিভাগ, নিউরোসার্জারি, প্রসূতি ও নিউরো অ্যানাস্থেশিয়া, প্লাস্টিক সার্জারি, রেডিওডায়াগনসিস এবং নবজাতক চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা এই অস্ত্রোপচারে অংশ নেন। প্রত্যেকের সমন্বয়ে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

কতটা বিপজ্জনক এই রোগ? (AIIMS First Open Fetal Surgery India)

চিকিৎসকদের মতে, মায়েলোমেনিনগোসিল একটি গুরুতর জন্মগত সমস্যা। সময়মতো চিকিৎসা না হলে আক্রান্ত শিশুর শরীরে একাধিক জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শিশুর পায়ে পক্ষাঘাত বা চলাফেরার ক্ষমতা হারানোর আশঙ্কা থাকে। পাশাপাশি মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে হাইড্রোসেফালাসের মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে শিশুকে সারা জীবন স্নায়বিক সমস্যার সঙ্গে লড়তে হয়।তবে গর্ভাবস্থায় অস্ত্রোপচার করলেই সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। AIIMS-এর তরফে জানানো হয়েছে, এই ধরনের অস্ত্রোপচার নির্দিষ্ট কিছু গর্ভাবস্থার ক্ষেত্রেই করা সম্ভব। এটি জন্মগত স্নায়ুনালির ত্রুটি প্রতিরোধের বিকল্প নয়। অর্থাৎ, সব ক্ষেত্রে এই অস্ত্রোপচার প্রযোজ্য নয়। রোগীর শারীরিক অবস্থা এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখেই চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নেন।

বিনামূল্যে অস্ত্রোপচার, নজরদারিতে মা ও শিশু (AIIMS First Open Fetal Surgery India)

AIIMS জানিয়েছে, অস্ত্রোপচারের পর মা এবং গর্ভস্থ শিশুকে আপাতত বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। গর্ভাবস্থার বাকি সময়, প্রসব এবং জন্মের পরেও মা ও শিশুর শারীরিক অবস্থার উপর নজর রাখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই জটিল অস্ত্রোপচারের জন্য পরিবারের কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি। ভারত সরকারের জননী শিশু সুরক্ষা কার্যক্রমের (Janani Shishu Suraksha Karyakram বা JSSK) আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।

গর্ভস্থ শিশুর মেরুদণ্ডের এমন গুরুতর ত্রুটি সারাতে দেশের মাটিতে এই প্রথম ওপেন ফিটাল সার্জারি করল AIIMS দিল্লি। চিকিৎসকদের মতে, এই ঘটনা দেশের উন্নত ভ্রূণ চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে মা ও শিশুর পরবর্তী শারীরিক অবস্থা কেমন থাকে, সেদিকেই এখন নজর চিকিৎসকদের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now