হিমাচলের বহু জানা অজানা জায়গা এখন কমবেশি প্রায় সকলেরই ঘুরে দেখা হয়েগেছে। আজ সন্ধান দেব হিমাচলের তেমনি এক জায়গার। স্পিতি উপত্যকার কিনারায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৮৯৩ ফুট উচ্চতায় অবস্থিত এক ছোট্ট বৌদ্ধ গ্রাম নাকো ।
প্রশাসনিকভাবে এটি কিন্নর জেলার অন্তর্গত হলেও, সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে স্পিতির ছোঁয়া স্পষ্ট। নাকো নামটি এসেছে তিব্বতীয় শব্দ নেগো থেকে, যার অর্থ পবিত্র স্থানের দরজা। আর এই গ্রামের মূল আকর্ষণ এখানের নাকো হ্রদ, নামের মতই প্রবিত্র আর পিছনেই দাঁড়িয়ে থাকা হিমাচল প্রদেশের সর্বোচ্চ পর্বত, রেও পুরগিয়ালার নয়নাভিরাম দৃশ্য ঘেরা অপূর্ব হ্রদ এক নজরেই মনে গেঁথে যায়।
গরমে যার স্বচ্ছ জলে আকাশ ও পাহাড়ের ছবি মনকে প্রশান্ত করে তা শীতকালে জমে যায় বরফের চাদরে যা দেখতেই ছুটে আসে বহু পর্যটক।তবে শুধু লেক না রয়েছে ১১শ শতাব্দীতে স্থাপিত হওয়া নাকো মনাস্ট্রি। এই প্রাচীন মনাস্ট্রির তিব্বতীয় চিত্রকলা, ধর্মীয় মূর্তি ও থাংকা পেইন্টিং ইতিহাসের ছোঁয়া এনে দেয়। তবে, ভেতরে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ।
গ্রামের সরু পথে হাঁটলে দেখতে পাবেন মাটি ও পাথরের তৈরি ঐতিহ্যবাহী বাড়িগুলি। এছাড়া, গুরু পদ্মসম্ভবের পদচিহ্ন এখানকার অন্যতম আকর্ষণ। তবে, তিব্বত সীমান্তের কাছাকাছি হওয়ায় ‘ইনার লাইন পারমিট’ নেওয়া আবশ্যক, যা মাত্র দুই সপ্তাহের জন্যই বৈধ।
এখান থেকে ঘুরে আসুন টাবো মঠ থেকে। নাকোতে সরাসরি অবস্থিত না হলেও, টাবো মঠটি অবশ্যই দেখার মতো । হাজার বছরেরও বেশি সময় ধরে নির্মিত এই প্রাচীন মঠটি তার সূক্ষ্ম ভাস্কর্য দিয়ে অবাক করবেই। গোলকধাঁধাঁর মত করিডোরগুলি ঘুরে দেখুন, প্রাচীন শিল্পকর্মের প্রশংসা আপনার মুখ দিয়ে বার হবে। এখানে গেলে বুঝতে পারবেন এই গ্রামের ঐতিহ্য। স্থানীয় মানুষদের সংস্কৃতিকে চিনতে পারবেন কাছ থেকে। তাই আপনি যদি একটু ওফবিট হিমাচলে ঘুরতে চান। নাকো বেস্ট অপশন।










