TMC Symbol Row: জোড়াফুল প্রতীকের মালিকানা কার? কোন পক্ষকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুক্রবার নির্বাচন কমিশনের দপ্তরে মুখোমুখি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। দলের নাম এবং নির্বাচনী প্রতীকের অধিকার নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনবে কমিশন। শুক্রবার বিকেল চারটে নাগাদ শুরু হওয়ার কথা এই শুনানি। ফলে রাজ্য রাজনীতিতে এখন নজর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। কমিশনের তরফে দুই শিবিরকেই চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা নিজেরা হাজির হতে পারেন অথবা তাঁদের আইনজীবীদের পাঠাতে পারেন। তবে দলের নেতারা একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন কি না, নাকি শুধুমাত্র আইনজীবীরাই শুনানিতে অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রথমে বক্তব্য রাখবে ঋতব্রত শিবির (TMC Symbol Hearing)
শুক্রবারের শুনানিতে প্রথমে নিজেদের দাবি পেশ করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, আপাতত তাঁদের আইনজীবীই নির্বাচন কমিশনে বক্তব্য পেশ করবেন। প্রতীকের দাবির সমর্থনে কমিশন যে সমস্ত নথি ও তথ্য চেয়েছিল, সেগুলি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় হলফনামাও জমা করা হয়েছে বলে দাবি তাঁর।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই দাবির বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, দলের টিকিটে নির্বাচনে জিতে কেউ নিজেদের আসল দল বলে দাবি করতে পারেন না। তাঁর এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের (TMC Symbol Dispute)
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি করতে হবে। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে হলফনামা ও অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুই পক্ষের সাংগঠনিক শক্তি এবং কার সঙ্গে কতজন সদস্য রয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও হলফনামার মাধ্যমে জানাতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে দুই শিবিরই বিপুল পরিমাণ নথি জমা দিয়েছে। নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। এবার কমিশনের শুনানিতে দুই পক্ষের বক্তব্য এবং জমা দেওয়া নথি খতিয়ে দেখার পালা।

বিরোধী দলনেতা কে, আজই রায় হাই কোর্টের (TMC Opposition Leader)
এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার পদে কে থাকবেন, তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলার রায় ঘোষণা হওয়ার কথা। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আদালতের সিদ্ধান্তের অপেক্ষা। এই পদে শোভনদেব চট্টোপাধ্যায় থাকবেন, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে জল্পনা রয়েছে।
বিদ্রোহী ২০ সাংসদের মামলা এখনও ঝুলে (TMC Symbol Rebel MPs)
এদিকে তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিনও এখনও জানানো হয়নি।
ফলে ওই ২০ সাংসদের সদস্যপদ খারিজের বিষয়টি আপাতত অনিশ্চিত। তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখন লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ফলে নির্বাচন কমিশনের শুনানির পাশাপাশি স্পিকারের পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।










