Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী, অভিযোগ তারেকের

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 2:03 অপরাহ্ন

Tarique Rahman Speech: ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ লুট করে বিদেশে আরাম-আয়েশে জীবন কাটিয়েছে তারা। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে একটি জনসভা থেকে এভাবেই বিগত সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, ২০২৪ সালে মানুষ হত্যার পর যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই ফের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থেকেছে। অথচ এত বছরেও তিস্তা বা পদ্মা ব্যারাজ তৈরি করেনি। উত্তরাঞ্চলের জেলাগুলিতে গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেনি। দেশের মানুষের উন্নয়নের বদলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের স্বার্থ পূরণ করেছে।

গুম-খুনের রাজনীতি আর চায় না মানুষ (Tarique Rahman on Politics)

বক্তব্যে সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া ওই গোষ্ঠীর নেতাদেরও নিশানা করেন তারেক রহমান। তাঁর দাবি, ২০২৪ সালে মানুষ হত্যার পর যারা দেশ ছেড়ে পালিয়েছিল, তারা ফের আগুন-সন্ত্রাস শুরু করেছে। পিছন থেকে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী।

তিনি বললেন, মানুষ কি আবার গুম-খুনের রাজনীতি ফিরে আসতে দেবে? আবার কি ভোটাধিকার কেড়ে নেওয়ার অনুমতি দেবে? যদি না দেয়, তা হলে ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের একটাই জবাব হওয়া উচিত, যথেষ্ট হয়েছে। দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তারা চায় উন্নয়নের রাজনীতি। এমন রাজনীতি, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

খাল পুনঃখননে কৃষি ও কর্মসংস্থানের আশা ( Tarique Rahman Mahendranagar Canal Excavation)

মহেন্দ্রনগরের খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পুনঃখননের পর এই খাল তিস্তা নদীর সঙ্গে যুক্ত হবে। এর ফলে লালমনিরহাট-সহ আশপাশের এলাকার কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। তাঁদের দীর্ঘদিনের সমস্যাও অনেকটা কমবে।

শুধু জলনিকাশির ব্যবস্থা নয়, খালকে ঘিরে কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে সরকারের। খালের বিভিন্ন অংশ ভাগ করে স্থানীয় তরুণদের মধ্যে বণ্টন করা হবে। সেখানে মাছ চাষ ও হাঁস পালনের জন্য তাঁদের উৎসাহ দেওয়া হবে। এর ফলে স্থানীয় স্তরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

ফ্যামিলি কার্ডে মহিলারা পাবেন আড়াই হাজার টাকা (Tarique Rahman Family Card)

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী মাস থেকেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের মহিলাদের এই কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে প্রত্যেক উপভোক্তা মহিলা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন।

কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার কাজও এগোচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার। চলতি বছরে ২ লক্ষ ৫৬ হাজার ইমাম ও ধর্মগুরুর কাছে এই সম্মানী পৌঁছে দেওয়া হবে।

৭০ লক্ষ পড়ুয়াকে উপবৃত্তি, স্কুলে দেওয়া হবে পোশাক (Tarique Rahman Bangladesh Education Scheme)

শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিক স্তরের পড়ুয়াদের বইয়ের পাশাপাশি স্কুলের পোশাকও পৌঁছে দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত মোট ৭০ লক্ষ পড়ুয়াকে উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে।

শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর প্রসঙ্গেও উত্তরবঙ্গের উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে যাওয়া হবে। এর ফলে বিভিন্ন কলকারখানা চালাতে সুবিধা হবে। লালমনিরহাটেও নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। শিল্পের প্রসার ঘটলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now