Sheikh Hasina Return to Bangladesh: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘিরে বিতর্কের মধ্যেই মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সরব লেখিকা, বললেন—মানবাধিকার কখনও একতরফা হতে পারে না
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার অধিকার রয়েছে। তাঁর বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। নিজের পছন্দের আইনজীবীর সাহায্য নেওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারও তাঁর রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই এমন বক্তব্য তুলে ধরলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা অতীতের কাজের সঙ্গে দ্বিমত থাকলেও তাঁর মৌলিক অধিকার অস্বীকার করা যায় না। মানবাধিকার যদি শুধু পছন্দের মানুষের জন্য সংরক্ষিত থাকে, তা হলে সেই অধিকার আর প্রকৃত অর্থে মানবাধিকার থাকে না।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে পারেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই খবর সামনে আসার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণের পথ অনুসরণ করা হতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে কী বললেন তসলিমা? (Sheikh Hasina Return to Bangladesh)
ফেসবুকে দেওয়া নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তসলিমা নাসরিন জানিয়েছেন, শেখ হাসিনার নিজের দেশে ফেরার অধিকার রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার সুযোগও থাকা উচিত। অভিযোগ যত গুরুতরই হোক, কোনও ব্যক্তির কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। তাঁর মতে, শেখ হাসিনার বিচার হলে তা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ এবং রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানানোর অধিকারও নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছেন তসলিমা। তাঁর মতে, দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতার অবস্থান যা-ই হোক, কোনও ব্যক্তির নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না।
রাজনৈতিক সমালোচনা করেও অধিকার রক্ষার পক্ষে তসলিমা
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করেও তাঁর দেশে ফেরার অধিকারকে সমর্থন করা সম্ভব বলে মনে করেন তিনি। তাঁর যুক্তি, কোনও শাসকের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ থাকলে তার বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচার চাইতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির প্রতি অন্যায়কে সমর্থন করা যায় না। তিনি মনে করিয়ে দিয়েছেন, দেশ কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়, কোনও শাসকের ব্যক্তিগত সম্পত্তিও নয়। তাই দেশে ফিরে রাজনীতি করা এবং নিজের দলকে সংগঠিত করার অধিকারও শেখ হাসিনার থাকা উচিত। তাঁর দলের উপর নিষেধাজ্ঞা থাকলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন এবং আদালতে আইনি চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকতে হবে বলেও মত প্রকাশ করেছেন লেখিকা।
তবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রেও তিনি আইনি ও সাংবিধানিক শর্তের কথা বলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও অযোগ্যতার নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে শেখ হাসিনারও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকবে। তাঁর দল আইন মেনে নির্বাচনে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে সাংবিধানিক নিয়ম অনুসারে সরকার গঠনের সুযোগ পেতে পারে। তবে সরকারপ্রধান হওয়ার ক্ষেত্রেও তাঁকে প্রযোজ্য সাংবিধানিক শর্ত পূরণ করতে হবে।
সরকারের কাছে তসলিমার প্রত্যাশা কী?
বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, তাদের কাছে তাঁর প্রত্যাশার কথাও তুলে ধরেছেন। তিনি চান, দেশে জঙ্গিবাদ ও ধর্মের নামে সহিংসতা বন্ধ হোক। জঙ্গি সংগঠনের কার্যকলাপ, প্রশিক্ষণ, অর্থের জোগান এবং রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ করতে হবে। ধর্মের নামে হিংসায় উসকানি দেওয়া এবং অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষেও মত জানিয়েছেন তিনি। এর পাশাপাশি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির বিষয়টিও তুলে ধরেছেন লেখিকা। তাঁর মতে, প্রত্যেক মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমাতে হবে। কোনও দরিদ্র পরিবারের শিশু যেন অর্থের অভাবে ভালো শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আবার কোনও অসুস্থ মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা না পেয়ে কষ্টে থাকেন—সেদিকেও নজর দিতে হবে।
দেশের সম্পদ ও সুযোগের উপর প্রতিটি মানুষের ন্যায্য অধিকার থাকা উচিত বলেও মত প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তসলিমা। তাঁর বক্তব্যে স্পষ্ট, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি এবং মৌলিক অধিকার রক্ষাও সমান জরুরি।











