Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারের সঙ্গে ‘মকারি’, দাবি প্রধান কৌঁসুলির

শম্পা পাল
Published On: নভেম্বর 10, 2026 3:41 অপরাহ্ন
Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate over her passport status, right to return to Bangladesh and extradition proceedings

Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার পাসপোর্ট বা ট্রাভেল পাস দিলে তা বিচারের সঙ্গে ‘মকারি’ করার শামিল হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলাদেশের পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক কোনও ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

পাসপোর্ট আইন নিয়ে কী বললেন প্রধান কৌঁসুলি? (Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate)

আমিনুল ইসলাম ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ৬ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, এই বিধানের ৬-এর এ, বি, সি ও ই একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, নির্দিষ্ট অপরাধে দণ্ডিত, ফৌজদারি মামলার বিচার এড়িয়ে চলা কিংবা আদালতের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে। মানবতাবিরোধী অপরাধকে নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত বলেও দাবি করেন তিনি। সেই কারণেই শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তকে তিনি যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন।

সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ কি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য?

দেশে ফেরার অধিকার নিয়ে সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ উঠলে প্রধান কৌঁসুলি বলেন, নাগরিকের বিদেশে যাওয়া এবং দেশে ফেরার অধিকার থাকলেও দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে সেই অধিকার একইভাবে প্রযোজ্য নয়। তাঁর দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তিনি বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হননি। তাই ৩৬ নম্বর অনুচ্ছেদ দেখিয়ে তাঁর দেশে ফেরার অধিকার রয়েছে বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বিভ্রান্তিকর।

আপিলের সময়সীমা নিয়েও বক্তব্য (Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate)

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তাঁর দাবি, শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই বলে মনে করেন প্রধান কৌঁসুলি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে হয়, হাই কোর্টে নয়। সাধারণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে হাই কোর্টের অনুমোদনের যে নিয়ম রয়েছে, ট্রাইব্যুনালের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলেও তাঁর বক্তব্য।

পাসপোর্টের আবেদন নিয়ে ম্যাট্রিক্স চেম্বার্সকে প্রশ্ন

লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার নামে সরাসরি কোনও আবেদন জমা পড়েনি। ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে একটি ইমেল এসেছে, কিন্তু শেখ হাসিনার অনুমোদনের প্রমাণ বা সংশ্লিষ্ট নথি তাতে ছিল না। ইমেলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলামের বক্তব্য, যিনি পাসপোর্ট চান, তাঁকেই নিজে আবেদন করতে হবে। কোনও আইনজীবী সংস্থা কীভাবে ক্লায়েন্টের অনুমোদনের প্রমাণ ছাড়া তাঁর হয়ে আবেদন করতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরার পরামর্শ (Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate)

শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে চাইলে ভারতের কাছে লিখিতভাবে প্রত্যর্পণের আবেদন করা উচিত বলে মন্তব্য করেন প্রধান কৌঁসুলি। তাঁর মতে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরার আবেদনই হবে আইনি পথ। পায়ে হেঁটে, উড়োজাহাজে কিংবা ট্রাভেল পাস নিয়ে ফেরার উদ্যোগের কোনও আইনগত সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে মন্তব্য (Sheikh Hasina Passport Travel Pass and Extradition Debate)

শেখ হাসিনা ভারতে কী মর্যাদায় রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের হাতে আনুষ্ঠানিক নথি নেই বলে দাবি করেন আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য, ভারত সরকার মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now