Sheikh Hasina Bangladesh Human Rights: রাজনৈতিক গ্রেপ্তার, শিক্ষার্থীদের অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে সরব প্রাক্তন প্রধানমন্ত্রী; আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আবেদন
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক দমন-পীড়ন, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ বক্তব্য রাখলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়ে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক পরিচয়ের কারণে গ্রেপ্তার, স্কুলপড়ুয়া শিশুদের বিরুদ্ধে মামলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানি, আইনজীবীদের নিরাপত্তা, শ্রমিকদের আন্দোলন এবং ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতির মতো একাধিক বিষয়।
সেমিনারটির মূল বিষয় ছিল বাংলাদেশের সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসন। মেলবোর্নের হ্যামিল্টন ট্রাস্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী এবং আন্তর্জাতিক বক্তারা অংশ নেন।
শিশুদের গ্রেপ্তার থেকে বিশ্ববিদ্যালয়ে হয়রানি (Bangladesh Human Rights Crisis)
শেখ হাসিনার বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শিশু ও শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের কারণে গ্রেপ্তারের অভিযোগ। তাঁর দাবি, বাংলাদেশে রাজনৈতিক মতপ্রকাশের কারণে এমনকি স্কুলপড়ুয়া শিশুদেরও গ্রেপ্তার করা হচ্ছে। মুন্সিগঞ্জে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান ‘জয় বাংলা’ বলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই দিনে গাজীপুরে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ জন স্কুলপড়ুয়া শিশুকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।
তিনি দাবি করেন, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রাজনৈতিক মতপ্রকাশের অভিযোগে অন্তত ১৮৭ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২৭টি ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। “রাজনৈতিক পরিচয়ের কারণে শিশুদের সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটাই কি সেই গণতন্ত্র, যার প্রতিশ্রুতি আমাদের দেশের মানুষকে দেওয়া হয়েছিল?”
শুধু স্কুলপড়ুয়া শিশু নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাবিদদেরও রাজনৈতিক কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি। ৩২৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবিদ বিভিন্ন ধরনের হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করেন, অনেক শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, ছাত্রাবাসে থাকার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কারও কারও শিক্ষাগত শংসাপত্র প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানি এবং চাকরি থেকে বরখাস্ত করার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
আইনজীবীদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। অন্তত ৮৪৯ জন আইনজীবী ভয় দেখানো, হয়রানি এবং হিংসার ঘটনার মুখোমুখি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীরা যদি স্বাধীনভাবে পড়াশোনা করতে না পারে, শিক্ষকরা যদি ভয় ছাড়া তাঁদের দায়িত্ব পালন করতে না পারেন এবং আইনজীবীরা যদি নিরাপদে তাঁদের মক্কেলের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে ন্যায়বিচারের ভিতই দুর্বল হয়ে পড়ে।”
শ্রমিকদের আন্দোলনেও দমন-পীড়নের অভিযোগ
শেখ হাসিনার দাবি, রাজনৈতিক বিরোধের কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ৬৫ বছর বয়সি বাতু রহমানের কথা উল্লেখ করেন। ছেলেকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষ তাঁকে ধামরাই থেকে আটক করেছিল। লালমনিরহাটের এক ছাত্রনেতার কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ক্যানসারে আক্রান্ত বাবার চিকিৎসার ব্যবস্থা করতে বাড়ি ফিরে ওই ছাত্রনেতা গ্রেপ্তার হন বলে শেখ হাসিনা অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বহু পরিবারের সদস্যদের উপর হামলা হয়েছে, এমনকি অনেকে প্রাণও হারিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের বহু নেতা, কর্মী ও সমর্থকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং আটক করার অভিযোগও তোলেন তিনি।
শ্রমিকদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তাঁর অভিযোগ, ন্যায্য মজুরি ও কাজের উপযুক্ত পরিবেশের দাবিতে আন্দোলন করলেও সাধারণ শ্রমিকদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে। শ্রমিক আন্দোলনের ঘটনায় ২১০ জনেরও বেশি শ্রমিক আহত, ১৬০ জন গ্রেপ্তার এবং প্রায় ৯৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে আন্দোলনের সময় শাসকদলের কর্মীদের হামলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শ্রমিকদের দুর্দশার পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাজের সুযোগ কমছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে।

সংখ্যালঘুদের পরিস্থিতি এবং স্বাস্থ্যসংকট নিয়ে উদ্বেগ
বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও একাধিক অভিযোগ তোলেন শেখ হাসিনা।
নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের প্রসঙ্গে তিনি চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ধর্ষণের ১৫৮টি ঘটনার উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫৪ জনেরও বেশি শিশু ছিল এবং ধর্ষণের পর ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, হামের প্রাদুর্ভাবে ১২৫০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। শেখ হাসিনার কথায়, “যে রোগ প্রতিরোধ করা সম্ভব, টিকাকরণের মাধ্যমে যে রোগ থেকে শিশুদের রক্ষা করা যায়, সেই রোগে শিশুদের প্রাণ হারাতে দেখা অত্যন্ত বেদনাদায়ক।”
সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার আশঙ্কা নিয়ে সরব শেখ হাসিনা
বাংলাদেশে সন্ত্রাসবাদ ও হিংসাত্মক উগ্রপন্থার সম্ভাব্য পুনরুত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
তাঁর দাবি, তাঁর সরকারের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছিল। সন্ত্রাসদমন সংস্থাগুলিকে শক্তিশালী করা এবং জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু বর্তমানে কিছু উগ্রপন্থী ব্যক্তিত্বকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং অভিজ্ঞ সন্ত্রাসদমন আধিকারিকদের বরখাস্ত ও হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন ও তারেক রহমানের সরকারের বিরুদ্ধে অভিযোগ (Muhammad Yunus Interim Government)
তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র, জবাবদিহি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রতিষ্ঠানগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তাঁর দাবি, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের সময় রাজনৈতিক দমন-পীড়ন একটি নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছিল এবং পরবর্তী সময়েও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্পর্কেও সরাসরি অভিযোগ তোলেন শেখ হাসিনা। তাঁর বক্তব্য, একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং সেই নির্বাচনে বহু মানুষকে রাজনৈতিক অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দলের সমর্থক হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। “কোনও সরকার দেশের মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করতে পারে না, যদি সেই দেশের এত বড় একটি অংশকে রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার থেকেই বঞ্চিত করা হয়।”
গণতন্ত্র পুনরুদ্ধারে আট দফা দাবি
শেখ হাসিনা জানান, বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জননিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আটটি মৌলিক দাবি সামনে রাখা হয়েছে। তাঁর বক্তব্যে দাবিগুলি হল—
1. রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে।
2. যথেচ্ছ গ্রেপ্তার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধ করতে হবে।
3. বিচারব্যবস্থার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
4. আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
5. শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে।
6. সাংবাদিক, আইনজীবী এবং অন্যান্য পেশাজীবীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
7. শ্রমিকদের ন্যায্য মজুরি এবং সরকারি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘুদের সমান সুরক্ষা দিতে হবে।
8. আইনের শাসনের ভিত্তিতে সন্ত্রাসবাদ ও হিংসাত্মক উগ্রপন্থার মোকাবিলা করতে হবে এবং একটি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এরপর আন্তর্জাতিক মহলের উদ্দেশে আবেদন জানান তিনি। গণতান্ত্রিক দেশগুলির সরকার, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলিকে দেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব কোনও বিদেশি সরকারের হাতে তুলে দেওয়ার আবেদন তিনি করছেন না। সেই অধিকার একান্তভাবেই বাংলাদেশের মানুষের। “আমি কোনও বিদেশি সরকারকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বলছি না। সেই অধিকার একমাত্র আমাদের দেশের মানুষের। আমি শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছি, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের নীতি সমানভাবে রক্ষা করা হোক।”
বাবার স্বপ্নের কথা স্মরণ
নিজের বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, তাঁর বাবা বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি নিজের রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন বলে জানান। নিজের জীবনের নির্বাসন, কারাবাস এবং একাধিকবার প্রাণনাশের চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। তবে এত প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে সরে আসেননি বলে দাবি করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। “আমার জীবনের উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। কিন্তু আমি কখনও আমার মানুষদের পরিত্যাগ করিনি, এখনও করব না।”
এরপর তিনি কেমন বাংলাদেশ দেখতে চান, তার একটি ছবি তুলে ধরেন। এমন একটি দেশ, যেখানে শিশুরা ভয় ছাড়াই নিজেদের কথা বলতে পারবে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে এবং সন্তানদের রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনও বাবা-মাকে শাস্তির মুখে পড়তে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিক নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন—এমন বাংলাদেশের স্বপ্নের কথাই তুলে ধরেন তিনি। “এটাই সেই বাংলাদেশ, যার জন্য আমাদের দেশের মানুষ লড়াই করেছিলেন। এটাই সেই বাংলাদেশ, যার জন্য আমি আমার সারাটা জীবন কাজ করেছি। আর সেই বাংলাদেশকেই আমাদের আবার ফিরিয়ে আনতে হবে।”
















