Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা! ডিসেম্বরের আগে কী বড় পদক্ষেপ ঢাকার?

রণিতা সাহা
Published On: নভেম্বর 23, 2026 4:25 অপরাহ্ন

Sheikh Hasina Arrest: বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর দেশে ফেরার সম্ভাবনা ঘিরে আবারও কড়া বার্তা দিল বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন সরকার। একইসঙ্গে শেখ হাসিনাকে ( Sheikh Hasina) বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের কাছেও প্রত্যর্পণ চুক্তি মেনে চলার আবেদন জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। এরপর দেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত আগস্ট মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলেও ঘোষণা করেছিলেন তিনি। সেই সময়সীমা যত এগিয়ে আসছে, ততই হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

দেশে ফিরলেই গ্রেপ্তার, স্পষ্ট বার্তা ঢাকার (Sheikh Hasina Arrest)

রবিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপর তাঁকে জেলে নিয়ে যাওয়া হবে এবং আইন নিজের পথে চলবে। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি (Bangladesh Extradition Treaty) রয়েছে, তা সম্মান করা উচিত। সেই চুক্তি মেনে দোষী সাব্যস্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

ওবায়েদের কথায়, শেখ হাসিনাকে দেশের আইনের মুখোমুখি হতে হবে। কোনওভাবেই তাঁকে আইনি প্রক্রিয়ার বাইরে রাখা হবে না।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন হাসিনা (Sheikh Hasina Bangladesh)

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। ছাত্র আন্দোলনের জেরে তাঁর নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতন হয়। এরপর থেকেই তিনি নয়াদিল্লিতে রয়েছেন। ওই আন্দোলন এবং পরবর্তী অশান্তিতে প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান রাষ্ট্রসংঘের।

বাংলাদেশে (Bangladesh) জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। তাঁর অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলে। পরে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন শেখ হাসিনা। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিচার করা হয়েছে।

পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদনও খারিজ (Sheikh Hasina Passport)

বাংলাদেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই দুই আবেদনই খারিজ করে দিয়েছে। ফলে তাঁর দেশে ফেরার পথ আরও জটিল হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার সমর্থনে পথে নেমেছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের সময় দলটির কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছিল। চলতি মাসে দলের তরফে দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ (Bangladesh Violence)

এদিকে, গত ১০ দিনে বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় একাধিক বোমা বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী এই হিংসার ঘটনাকে আওয়ামি লিগের রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েই এই ধরনের কাজ করছে শেখ হাসিনার দল।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলল ঢাকা? (Sheikh Hasina Extradition)

শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত কোনও শর্ত দিয়েছে কি না, তা নিয়েও মুখ খুলেছেন শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা এবং আত্মসম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো আবেদন এখনও বিবেচনাধীন বলে বারবার জানিয়েছে নয়াদিল্লি। ফলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now