Sheikh Hasina 673 Cases: হত্যা, গুম, মানবতাবিরোধী অপরাধ-সহ একাধিক গুরুতর অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি মামলাই হত্যার অভিযোগে দায়ের হয়েছে। ইতিমধ্যেই জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে আরও ছয়টি মামলা বিচারাধীন। পুলিশ সদর দপ্তরের হিসাবেই উঠে এসেছে এই তথ্য। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়টি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনার হয়ে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের হাইকমিশন এ বিষয়ে একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। যদিও ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে দাবি সূত্রের। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি এবং মৃত্যুদণ্ডের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।
২০২৫ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের সাজা (Sheikh Hasina 673 Cases)
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারকাজ শুরুর প্রথম দিনই, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করে। সেই রায়ে শেখ হাসিনা এবং তাঁর সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, রাজসাক্ষী হওয়া বাংলাদেশের প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক স্তরেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য ২০২৫ সালের এপ্রিল মাসে আবেদন করে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB)। শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত ইন্টারপোলের পক্ষ থেকে রেড নোটিশ জারি করা হয়নি। গত ২৭ আগস্ট জাতীয় সংসদে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার কথাও জানান তিনি।
আপিল করেননি শেখ হাসিনা (Sheikh Hasina 673 Cases)
মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনার সামনে আপিল করার সুযোগ ছিল। গত ১৩ জানুয়ারি ওই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা কোনও আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্রের খবর, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন আর তাঁর আপিল করার সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। দুই দণ্ডিতের সম্পত্তির সম্পূর্ণ তালিকা তৈরি করে সেগুলি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও ছয়টি মামলায় বিচারাধীন শেখ হাসিনা (Sheikh Hasina 673 Cases)
মৃত্যুদণ্ডের মামলা ছাড়াও মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। বাকি চারটি মামলা রয়েছে অভিযোগ গঠনের পর্যায়ে। সবকটি মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এই ছয়টি মামলার মধ্যে দুটি গুমের অভিযোগ সংক্রান্ত। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (TFI) সেলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে ১২ জন সেনা আধিকারিক রয়েছেন। অন্য মামলাটি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (JIS) গুমের অভিযোগে দায়ের হয়েছে। এই মামলায় মোট ১৩ জন অভিযুক্ত। শেখ হাসিনা ছাড়া বাকি ১২ জনই বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক। দুটি মামলাতেই বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় মোট ৪১ জন অভিযুক্ত। ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে প্রাক্তন পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাতেও শেখ হাসিনাসহ ১১ জনের নাম রয়েছে। এই দুটি মামলাই বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আরও দুটি মামলার শুনানি চলছে। ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জঙ্গি কার্যকলাপের নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একইভাবে গাজীপুরের পাতারটেকে জঙ্গি কার্যকলাপের নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগেও শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি বাংলাদেশে ফিরলে সেই পরোয়ানা কার্যকর করা হবে। পাশাপাশি ট্রাইব্যুনালে বিচারাধীন বাকি মামলাগুলিতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। অর্থাৎ, একটি মামলায় মৃত্যুদণ্ডের সাজা হলেও শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে আরও একাধিক মামলার বিচারপ্রক্রিয়া এখনও চলছে।










