Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

তিন জেলাকে জুড়ে তৈরি হবে দ্বিতীয় পদ্মা সেতু, থাকছে ‘ওয়াই’ আকৃতির পরিকল্পনা

শম্পা পাল
Published On: নভেম্বর 17, 2026 9:02 অপরাহ্ন
Second Padma Bridge planned as a Y-shaped connection linking Manikganj, Rajbari and Pabna in Bangladesh.

Second Padma Bridge: দ্বিতীয় যমুনা সেতুর জন্যও একাধিক পথ বিবেচনায়, সমীক্ষা শেষের লক্ষ্যমাত্রা আগামী বছরের সেপ্টেম্বর।

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। প্রথম আলোর প্রতিবেদনে দাবী করা হয়েছে, মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুটি হবে ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো আকৃতির। মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাটকে যুক্ত করবে এই সেতু।

সেতু বিভাগ সূত্রে জানা গিয়েছে, এর ফলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হতে পারে। পণ্য পরিবহনে সময় ও খরচ কমারও আশা করা হচ্ছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াতের সময় কমতে পারে। পাবনা অঞ্চলের মানুষও ঢাকায় যাতায়াতের নতুন পথ পাবেন।

শুধু দ্বিতীয় পদ্মা সেতুই নয়, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি—এই দুটি পথ বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যেও সেতু নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে। উৎসবের সময় এবং সপ্তাহের শুরু ও শেষের দিকে যানবাহনের চাপ বেড়ে যানজট তৈরি হয়। ১৯৯৮ সালে চালু হওয়া এই সেতুর বিকল্প হিসেবেই দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে।

উল্লেখ্য, দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। ১৯৯৯ সালে পদ্মা নদীতে সেতু নির্মাণের প্রথম সম্ভাব্য সমীক্ষা হয়। ২০০৫ সালে জাপানের সহযোগিতায় বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা সম্পন্ন হয়। একসময় পাটুরিয়া-দৌলতদিয়া পথে সেতু নির্মাণের পরিকল্পনাও ছিল। পরে রাজবাড়ী ও পাবনার মধ্যে পৃথক সেতু নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়। নতুন ওয়াই-আকৃতির পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই পৃথক সেতুর প্রয়োজন নাও হতে পারে।

এই দুই সেতুর পাশাপাশি রাজবাড়ী ও পাবনার মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ব্যারাজের উপর দিয়ে সড়ক তৈরির কথাও ভাবা হচ্ছে। ফলে সেতু ও ব্যারাজের পারস্পরিক সংযোগ কীভাবে হবে, তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

সেতু দুটির চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় এখনও স্থির হয়নি। গত ২৮ সেপ্টেম্বর সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষার চুক্তিমূল্য ১৮ কোটি ৫৯ লক্ষ টাকা এবং কাজের মেয়াদ ১২ মাস। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। এরপর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now