Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

শম্পা পাল
Published On: নভেম্বর 25, 2026 4:26 অপরাহ্ন
Salahuddin Ahmed Statement– Bangladesh Home Minister Salahuddin Ahmed speaking about the party's political future.

Salahuddin Ahmed Statement: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আর কোনও স্বীকৃতি নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যা এবং পরবর্তী পরিস্থিতির কারণে দলটি নিজেদের রাজনৈতিক পরিচয় হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার, ২৫ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের পরিবর্তে নিজেদের কার্যকলাপের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। তাঁর বক্তব্য, ইতিহাসে গণহত্যার সঙ্গে যুক্ত নাৎসি বাহিনীর মতো শক্তিও রাজনীতিতে ফিরতে পারেনি। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? (Salahuddin Ahmed Statement)

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি মেনেই ফিরতে হবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। ওই দেশও আইন মেনে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। শেখ হাসিনার ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন সময়ে নভেম্বর, ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বরের কথা উঠে আসা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ নিয়ে সরকারের কোনও উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও তিনি জানান।

কর্মসূচি ও নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্য (Bangladesh Home Minister)

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতারা সীমান্তের ওপার থেকে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, অবরোধ, ধর্মঘট এবং বনধ মতো কর্মসূচির নির্দেশ দিচ্ছেন। তাঁর দাবি, এভাবে নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা রুখে দিয়েছে। ভবিষ্যতে অগ্নিসংযোগ, উগ্রবাদী কার্যকলাপ কিংবা মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি করার চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েনের প্রসঙ্গে মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিরতার আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। মহান বিজয় দিবস নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

দল নিষিদ্ধ করার বিচারপ্রক্রিয়া ও অন্যান্য বিষয়

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনও বিচারাধীন। ২০২৬ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনের বিচার করার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে বলে তিনি জানান।

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগের প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত এক অতিরিক্ত পুলিশ সুপারকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তাঁর বক্তব্য, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান।

এদিকে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও জোটগতভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now