Politics Without Revenge: পশ্চিমবঙ্গে সরকার বদলেছে। বদলেছে ক্ষমতার সমীকরণ। কিন্তু রাজনৈতিক আচরণ কতটা বদলেছে? এই প্রশ্ন আজ নতুন করে তোলার প্রয়োজন রয়েছে। গণতন্ত্রে ক্ষমতার পালাবদল স্বাভাবিক। অস্বাভাবিক তখনই, যখন রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করা হয়। বিরোধিতা দমনে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ ওঠে। কিংবা আইনের প্রয়োগ নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়।
সম্প্রতি কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে পারস্পরিক অভিযোগ উঠেছে। কলেজ স্ট্রিটে বামপন্থীদের বইয়ের স্টলে হামলার অভিযোগ নিয়েও বিতর্ক হয়েছে। কার অভিযোগ কতটা সত্য, তা তদন্তে নির্ধারিত হোক। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও সভা, সংগঠন কিংবা মত প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
অতীতটাও মনে রাখা প্রয়োজন (Politics Without Revenge)
আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন একাধিক মামলার মুখোমুখি হয়েছিলেন। রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও তুলেছিলেন। ২০২৩ সালের আগস্টে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার অনুমতি নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সভা হয়। বিরোধীদের রাজনৈতিক অধিকার নিয়ে তখন প্রশ্ন তুলেছিল বিজেপি।
বর্তমান পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের কথাও স্মরণ করা প্রয়োজন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের হলফনামায় তাঁর বিরুদ্ধে ১১৯টি বিচারাধীন ফৌজদারি মামলার উল্লেখ ছিল। সংখ্যাটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তবে মামলা থাকা আর অপরাধ প্রমাণিত হওয়া এক কথা নয়। একইভাবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠলেই সব মামলা ভিত্তিহীন হয়ে যায় না। সত্য নির্ধারণের দায়িত্ব আদালতের।
শুধু রাজনৈতিক নেতারাই নন। আগের সরকারের আমলে সাংবাদিক, ইউটিউবার এবং ডিজিটাল সংবাদকর্মীদের বিরুদ্ধেও মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের নভেম্বরে ‘মাধ্যম নিউজ’-এর সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ছিল। কিন্তু সংবাদ প্রকাশ কিংবা সরকারের সমালোচনাকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা নেওয়া হলে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নও সামনে আসে। এই অতীত বর্তমান সরকারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একসময় যে অভিযোগ বিজেপি তুলেছিল, ক্ষমতায় এসে সেই অভিযোগের পুনরাবৃত্তি যেন না ঘটে। একই কথা বিরোধীদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রতিবাদের নামে হামলা, হুমকি কিংবা অশান্তি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
অপরাধের বিচার হোক। দুর্নীতির তদন্তও হোক। কিন্তু আইন যেন রাজনৈতিক পরিচয় দেখে পথ না বদলায়। শাসক ও বিরোধীর জন্য পুলিশের মানদণ্ড এক হওয়া প্রয়োজন। প্রশাসনের নিরপেক্ষতা কেবল ঘোষণায় নয়, কাজেও বোঝা উচিত।
বাংলার মানুষ দীর্ঘ রাজনৈতিক সংঘাত দেখেছেন। বাম আমল, তৃণমূলের শাসনকাল পেরিয়ে এখন বিজেপির সরকার। প্রতিটি পালাবদলের পরেই নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অথচ রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসার অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি রাজ্য।
ক্ষমতার পরিবর্তন হয়েছে। এবার রাজনৈতিক আচরণেও পরিবর্তন আসুক। অতীতের অন্যায়ের বিচার হোক, কিন্তু নতুন প্রতিহিংসার জন্ম না দিয়ে। গণতন্ত্রে প্রতিপক্ষের অধিকার রক্ষা করা দুর্বলতা নয়, দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মধ্যেই রয়েছে সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার সুযোগ।













“রাজনীতিতে প্রতিহিংসা কমুক”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।