Bangladesh Violence: ঠিক এমনটাই কি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ? আজ কথাটা বড্ড জানতে ইচ্ছে করে…
বিদ্যুৎ থাকবে না। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হবে। দফায় দফায় দাঙ্গা। রক্ত ঝড়বে। প্রাণ যাবে। বাস, পুলিশের গাড়িতে আগুন লাগানো হবে। থানা দখল হবে। সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে…
এমন বাংলাদেশে কি চেয়েছিলেন সে দেশের মানুষ? ১৯৭১ এর যুদ্ধ কি এই কারণেই? ২০২৪ সালের আন্দোলন কি এমন বাংলাদেশ গড়ার জন্যই? ওপার বাংলার মাটিতে কান পাতলেই আনাচে কানাচে শোনা যাচ্ছে এই প্রশ্নগুলোই।
নিষিদ্ধ আওয়ামি লিগের লকডাউন ঘিরে প্রশ্ন (Awami League Lockdown Bangladesh Violence)
বৃহস্পতিবার সারাদেশে লকডাউন ডেকেছে আওয়ামি লিগ। রাজনৈতিকভাবে একটি দলের কর্মসূচি ঘোষণার অবশ্যই অধিকার আছে। কিন্তু সেই দলটি যদি হয় নিষিদ্ধ তাহলে? সেই দলটির বিরুদ্ধে যদি হাজার হাজার মানুষকে খুনের অভিযোগ থাকে তাহলে? সেই দলের সর্বোচ্চ নেত্রী যদি অভিযুক্ত হন তাহলে?
হ্যাঁ। বৃহস্পতিবারে লকডাউন এই ভাবেই ক্ষুব্ধ করেছে, প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের মনে। একদিকে শ্রমিক অসন্তোষ। মজুরি বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে পথে নেমেছেন শ্রমিকরা। শ্রমিকদেরই আন্দোলন এবং দাবির অবশ্যই নায্যতা আছে। দাবি আদায়ের জন্য তারা পথে নামতেই পারেন। কিন্তু, হাজারো সমস্যা মাঝে ক্ষমতায় আসা বিএনপি সরকারের বিরুদ্ধে এইভাবে পথে নেমে আন্দোলনের পিছনে কি আর অন্য কোনও কারণ ছিল? শ্রমিক আন্দোলনের ছুতোয় অন্য কোনও স্বার্থসিদ্ধির খেলা কি তৈরি হয়েছে? এই প্রশ্নটা কিন্তু আবার নতুন করে বাংলাদেশের মাটিতে ঘুরে ফিরে আসছে।
হিংসার নেপথ্যে অন্য কোনও কারণ খুঁজছেন সাধারণ মানুষ? (Bangladesh Violence)
যেভাবে গত কয়েকদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী-সহ বাংলাদেশের একাধিক জায়গায় হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ছে, তার পিছনে অন্য কারণ খুঁজছেন সে দেশের সাধারণ মানুষ। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার। তারপর গণভোটে জয়ী হয়ে আসা তারেক রহমানের সরকার। গুচ্ছ অভিযোগের কারণে বিতাড়িত শেখ হাসিনা সরকারের অবসানের পর একটু অন্যভাবে হয়তো বাঁচতে চেয়েছিলেন সাধারণ মানুষগুলো। তাদের দাবি ছিল অতি সাধারণ। খুব কম। শান্তিতে বেঁচে থাকা। হিংসা নয়। বিপুল মূল্যবৃদ্ধি নয়। সুস্থভাবে বেঁচে থাকা।
দুর্ভাগ্য হলেও সত্যি, বর্তমান বাংলাদেশ যেন এই ছোট্ট আবদারটুকু পূরণ করতে পারছে না। এখানে প্রশ্ন, কার জন্য পাচ্ছে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বর্তমান সরকারের দিকে। যারা ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে আঙ্গুল উঠবে এটাই স্বাভাবিক। ইতিহাসের গতিপ্রকৃতি তেমনি বলে।
আওয়ামি লিগের ভূমিকা ঘিরে বাড়ছে বিতর্ক (Bangladesh Violence Awami League Controversy)
কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আওয়ামি লিগের ভূমিকা। কখনো লকডাউন। কখনো বাসে আগুন। কখনো উস্কানিমূলক বিবৃতি। বারবার দেশকে অশান্ত করার যেন এক অশুভ চেষ্টা। যদি সাধারণ মানুষের পাশে থাকার ইচ্ছেই হতো, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে তো পরিস্থিতির মোকাবিলা করা যেত। আড়াই বছর আগের ইতিহাস কি তারা ভুলে গেলেন? সে দেশের মানুষই কিন্তু ছড়িয়ে দিয়েছে আওয়ামি লিগকে। একটা দেশের ক্ষমতাশালী প্রধানমন্ত্রী সবকিছু ছেড়ে অন্য দেশে চলে আসছেন কেন এই কারণ বিশ্লেষণের কি আজও প্রয়োজন পড়ছে না আওয়ামি নেতাদের? শেখ হাসিনা স্বয়ং শিকার করেছেন, তাঁর বাড়ির সাধারণ কাজের মানুষটিও কয়েক হাজার কোটি টাকার মালিক। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তিই তো প্রমাণ করে দেয়, দুর্নীতি হয়েছিল ভয়ংকর। আর এই ভয়ংকর পরিস্থিতির জন্যই তো ২০১৪ সালটা দেখতে হয়েছে তাদের। একটু কি পরিবর্তন হওয়া যেত না?
গণতান্ত্রিক পথে প্রতিবাদের সুযোগ কি ছিল না? (Bangladesh Violence Democracy)
বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। জাতিসংঘের আইন তাকে মানতে হয়। বিশ্বের দরবারে আবেদন করে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনত লড়াই করে কি প্রতিবাদ জানানো যেত না? বাংলাদেশের বর্তমান সরকারের ক্ষমতা কি এতটাই বেশি যে তারা গোটা বিশ্বের বিরুদ্ধে মুখ খুলতে পারে? তারা বিশ্বের আইন আন্তর্জাতিক নীতিকে উড়িয়ে দিতে পারে? এটা তো কোনদিনও সম্ভব হতে পারে না। ফলে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা যেতই। আইনত লড়াই করা যেত।
এসব না করে বিদেশে বসে গরম গরম কথা বলে যে পথ আওয়ামি লিগের নেতারা নিলেন তা নিঃসন্দেহে বাংলাদেশের সাধারণ মানুষের মনে আবার আতঙ্ক তৈরি করল। শুরু হলো হিংসা। ভাঙচুর। প্রাণহানি। স্বাভাবিকভাবেই বিপদ বাড়লো সাধারণ মানুষের। বৃহস্পতিবারের লকডাউন আবার কয়েক দফা পিছিয়ে দিল বাংলাদেশকে। পিছিয়ে দেওয়ার চক্রান্তে সামিল হল একের পর হিংসাত্মক কার্যকলাপ।
লকডাউন উপেক্ষা করে পথে মানুষ, ফিরছে স্বাভাবিকতার ছবি
বৃষ্টিমাখা ঢাকা-সিলেটের মতো একাধিক জায়গায় যেভাবে লকডাউন উপেক্ষা করে মানুষ পথে নামলেন তা বুঝিয়ে দিল এই হিংসা তারা চান না। দেশের নানা প্রান্তে বাস চলল। সকাল থেকে। প্রাণে ভয়ে থাকার জন্য সংখ্যাটা কমলেও স্বাভাবিকতা হারিয়ে গেল না। খোলা রইল স্কুল, কলেজ, অফিস। এই ছবিটা বুঝিয়ে দিচ্ছে লকডাউন দেশের মানুষ মানছেন না। এইভাবে হিংসা তাদের কাছে কাম্য নয়।
আজও বাংলাদেশের সাধারণ মানুষটি চান দুমুঠো ভাত। শান্তিতে রাতের ঘুম। সেটা কেড়ে নেওয়ার চক্রান্ত ফের শুরু হলো না তো…

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল










