PM Modi on Industrial Investment: সরকারের কাছ থেকে কর ছাড়-সহ নানা সুযোগ-সুবিধা পাচ্ছে শিল্প ও ব্যবসায়িক সংস্থাগুলি। কিন্তু সেই সুবিধার বিনিময়ে দেশের অর্থনীতির জন্য কী করছে তারা? নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কতটা? এবার এই প্রশ্নই সরাসরি শিল্পমহলের সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট বার্তা, সরকারের কাছে সুযোগ-সুবিধা চাইলে দেশের অর্থনীতির উন্নতিতেও দায়িত্ব নিতে হবে ব্যবসায়ী ও শিল্পপতিদের। শুধু নিজেদের লাভের কথা ভাবলে চলবে না। বাড়াতে হবে বিনিয়োগ, তৈরি করতে হবে নতুন কাজের সুযোগ। সম্প্রতি বণিকসভা ফিকি-র (FICCI) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। সাধারণত এই ধরনের সম্মেলনে ব্যবসায়ী ও শিল্পপতিরা সরকারের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন। কর ছাড় থেকে শুরু করে ব্যবসার জন্য আরও সুযোগ-সুবিধার দাবি জানান তাঁরা। কিন্তু এবার শিল্পমহলকে পালটা বার্তা দিয়েছেন মোদি। তিনি বুঝিয়ে দিয়েছেন, সরকার তাঁদের দাবি মেনে নিলেও দেশের অর্থনীতিতে তাঁরা কী অবদান রাখছেন, সেটাও দেখতে চায়।
কর ছাড় দিয়েও বাড়েনি বিনিয়োগ (PM Modi Corporate Tax)
নয়ের দশকের গোড়ায় দেশে আর্থিক সংস্কার শুরু হওয়ার পর থেকে বেসরকারি সংস্থাগুলির গুরুত্ব বেড়েছে। নতুন কারখানা তৈরি, ব্যবসার প্রসার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই সংস্থাগুলির বড় ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের আয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে বেসরকারি সংস্থাগুলির কাজকর্ম।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ২০১৯ সালের কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেই সময় সরকার কর্পোরেট করের হার অনেকটা কমিয়ে দিয়েছিল। সরকারের আশা ছিল, করের বোঝা কমলে ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগ করবেন। নতুন কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হবে। ফলে অনেক মানুষের কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই অভিযোগ। কর ছাড় পাওয়ার পরেও শিল্পমহলের একাংশ নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখায়নি। ফলে নতুন কারখানা তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রেও তেমন উন্নতি হয়নি।
কমছে মজুরির বিনিময়ে কাজের সুযোগ (PM Modi Employment in India)
দেশের কর্মসংস্থানের ছবিও উদ্বেগ বাড়াচ্ছে। গত সাত-আট বছরে সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। অন্যদিকে, মজুরির বিনিময়ে কাজ করার সুযোগও কমেছে। বিভিন্ন সমীক্ষায় দেশে ছদ্ম বেকারত্ব বাড়ার ছবি উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে দেশের মোট কর্মসংস্থানের ৪৭.৮ শতাংশ ছিল মজুরিভিত্তিক। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৩.৮ শতাংশে। অর্থাৎ, আগে যত মানুষ বেতনের বিনিময়ে কাজ করতেন, এখন সেই অনুপাত কমেছে। অন্যদিকে, বেড়েছে স্বনিযুক্ত মানুষের সংখ্যা। তবে স্বনিযুক্ত মানুষের সংখ্যা বাড়লেই যে প্রকৃত কর্মসংস্থান বাড়ছে, তা নয়। অনেকেই পরিবারের ব্যবসায় যুক্ত থাকেন। কিন্তু সেই কাজের জন্য নির্দিষ্ট কোনও বেতন পান না। কাগজে-কলমে তাঁরা কর্মরত হলেও বাস্তবে তাঁদের নিয়মিত আয় থাকে না। এই ধরনের পরিস্থিতিকেই ছদ্ম বেকারত্ব বলা হয়।
শিল্পপতিদের কী বার্তা দিলেন মোদি?(PM Modi Message to Industries)
এই পরিস্থিতিতে শিল্পপতি ও ব্যবসায়ীদের আরও বেশি দায়িত্ব নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের কাছ থেকে কর ছাড় এবং অন্যান্য সুবিধা নেওয়ার পাশাপাশি নতুন ব্যবসা শুরু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে। কারণ, শিল্পের উন্নতি হলে তবেই সাধারণ মানুষের কাজের সুযোগ বাড়বে। বাড়বে তাঁদের আয়ও।
মোদি বক্তব্যে স্পষ্ট জানান, শুধু সরকারের কাছে সুযোগ-সুবিধা চাইলেই হবে না। সেই সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনীতির উন্নতিতে কতটা সাহায্য করা হচ্ছে, তার হিসাবও দিতে হবে শিল্পমহলকে। কর ছাড় দেওয়ার পরেও যদি নতুন বিনিয়োগ না আসে, কারখানা তৈরি না হয় এবং কর্মসংস্থান না বাড়ে, তাহলে সেই সুবিধা দেওয়ার উদ্দেশ্যই ব্যর্থ হবে। সব মিলিয়ে ফিকি-র সম্মেলন থেকে শিল্পমহলকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের কাছ থেকে সুবিধা পেতে হলে দেশের অর্থনীতির প্রতিও দায়িত্ব পালন করতে হবে। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসতে হবে ব্যবসায়ী ও শিল্পপতিদের।












