Petrapole Protest Benapole Border Security: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করলেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। এদিকে, সীমান্তের ওপারে বিক্ষোভ-সমাবেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোলের এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার-সহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘদিনের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।
একই ধরনের বক্তব্য দেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াও। তাঁর মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।
বিক্ষোভের আবহে সীমান্তে বাড়তি সতর্কতা (Petrapole Protest Benapole Border Security)
এদিকে, সূত্রের খবর, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। সেখানে তিন থেকে চার দিন থাকার পর তাঁদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
রবিবার দুপুর দুটো নাগাদ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ শেষ হয়। এরপরই বেনাপোল সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেনাপোল চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
এ বিষয়ে বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান গেট, চেকপোস্ট-সহ সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিজিবির সদস্যরা সতর্ক হয়ে থাকবেন বলেও জানান তিনি।










