Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ, কী বলছে সংবাদপত্রগুলি?

শম্পা পাল
Published On: নভেম্বর 10, 2026 10:16 পূর্বাহ্ন
Newspapers on Sheikh Hasina’s Return: Bangladesh newspaper coverage of the passport controversy and possible December return.

Newspapers on Sheikh Hasina’s Return: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আওয়ামী লীগ নেতৃত্বের অনড় অবস্থান, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন এবং সরকারের পাল্টা অবস্থান— বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিষয়টি নিয়ে দেশের একাধিক প্রথম সারির সংবাদপত্রে উঠে এসেছে নানা গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ।

দৈনিক টাইমস অব বাংলাদেশ-এর শিরোনাম, ‘ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ’। সংবাদপত্রটির প্রতিবেদনে দাবী করা হয়েছে, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও সরকার সেই অনুরোধ গ্রহণে রাজি নয়, তবুও ডিসেম্বরেই হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনড় আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁদের দাবি, নভেম্বরের মধ্যেই দলের নেতা-কর্মীদের কলকাতায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের কাছে পুনরায় আইনি নোটিশ পাঠানো হবে বলেও জানিয়েছেন তাঁরা। এমনকি অনুরোধের কোনও উত্তর না এলে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাসপোর্টের আবেদন ঘিরে নতুন আইনি ও কূটনৈতিক জটিলতা

আজকের পত্রিকা প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তাপের দিকে নজর দিয়েছে। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তাই সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁরা বলেছেন।

মানবজমিন-এর প্রতিবেদনে উঠে এসেছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে আইনি জটিলতার বিষয়টি। সংবাদপত্রটির দাবি, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে শেখ হাসিনার অনুমোদনের কোনও প্রমাণ সংযুক্ত ছিল না। ফলে চিঠিটি আদৌ তাঁর সম্মতিতে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে বাংলাদেশের হাইকমিশন সংশয় প্রকাশ করেছে। চিঠিটি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রশ্ন নেই। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানিয়েছে ঢাকা।

MANOBJOMIN - ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ, কী বলছে সংবাদপত্রগুলি?

ডিসেম্বরের প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক শিবিরে বাড়ছে তৎপরতা

নয়াদিগন্ত-এর প্রতিবেদনে বিষয়টির আইনি দিকটি বিশেষভাবে উঠে এসেছে। শেখ হাসিনা নিজে আবেদন করেছেন, নাকি তাঁর নামে আইনজীবী প্রতিষ্ঠান আবেদন জানিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম এই বিষয়ে আইনি অবস্থান ব্যাখ্যা করার কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, আবেদনটির সত্যতা, আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার রয়েছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রক খতিয়ে দেখছে। মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হওয়ার পর তাঁর দেশে ফেরা এবং আত্মসমর্পণের আইনি প্রক্রিয়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালের কণ্ঠ ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন হিসাবনিকাশের কথা বলেছে। ক্ষমতাসীন বিএনপি সরকার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সতর্ক অবস্থান নিচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-সহ বিরোধী দলগুলি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং অন্যান্য দাবিতে রাজপথে কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক শরিকদের সঙ্গে সমঝোতার বিষয়গুলিও ডিসেম্বরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে যুগান্তর-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান সংশোধন-সহ একাধিক বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে তিন দলই আপত্তির অবস্থানে রয়েছে। তবে এখনই তাঁকে দেশে ফেরানো আটকাতে কোনও নির্দিষ্ট কর্মসূচি নেওয়ার পরিকল্পনা তাদের নেই। পরিস্থিতির অবনতি হলে ভবিষ্যতে কর্মসূচি নেওয়ার কথা বিবেচনা করা হতে পারে। বিএনপির বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে।

বাংলাদেশের সংবাদপত্রগুলির প্রতিবেদন থেকে স্পষ্ট, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার সম্ভাবনা এখন শুধু একটি রাজনৈতিক ঘোষণা বা দলীয় অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বৈধতা, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, আদালতের বিচারপ্রক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। তবে আওয়ামী লীগের তরফে প্রত্যাবর্তনের প্রস্তুতির দাবি থাকলেও শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ এখনও সামনে আসেনি। ফলে ডিসেম্বর যত এগিয়ে আসবে, বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টি নিয়ে আলোচনা ততই বাড়তে থাকবে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ, কী বলছে সংবাদপত্রগুলি?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।