Narail Violence: নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেই উত্তেজনার আঁচ গিয়ে পড়েছে একাধিক বাড়িতে। নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাসভবন-সহ প্রায় ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় এই ঘটনা ঘটে।
অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় নিরাপত্তার ব্যবস্থা করেছে সীমান্তরক্ষী বাহিনী। গোপালগঞ্জ-সহ মোট আটটি জেলা এবং ঢাকা মহানগরীতে মোতায়েন করা হয়েছে ৯০ প্লাটুন বিজিবি। পাশাপাশি পরিস্থিতির প্রয়োজনে আরও চার প্লাটুন বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
নড়াইলে দুই নেতার মৃত্যুর পরেই উত্তেজনা, আক্রান্ত একাধিক বাড়ি (Narail Violence)
ঘটনার সূত্রপাত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়। স্থানীয় সূত্রের খবর, ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং মোটরবাইক শোডাউন করেন। মিছিলটি কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছতেই তাঁদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ছিলেন পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করে। তারই জেরে শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িও হামলার লক্ষ্য হয়। তাঁর বাসভবন-সহ আশপাশের প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর চালানো এবং আগুন লাগানোর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ বা লুটপাটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
নিরাপত্তায় বড় পদক্ষেপ, আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
এদিকে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তরক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজিপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার-সহ মোট আটটি জেলায় এবং ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলাভিত্তিক মোতায়েনের হিসাব অনুযায়ী, গোপালগঞ্জে সবচেয়ে বেশি ২৯ প্লাটুন বাহিনী রাখা হয়েছে। ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং গাজিপুরে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বাহিনী দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগরীতে মোতায়েন করা হয়েছে আরও ৫ প্লাটুন বিজিবি।
অর্থাৎ, বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতেও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত বাহিনী বাড়ানোর জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি
বিজিবির তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলির গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। যেকোনও ধরনের বিশৃঙ্খলা, হিংসাত্মক ঘটনা কিংবা জননিরাপত্তার পক্ষে বিপজ্জনক পরিস্থিতি প্রতিরোধ করাও এই মোতায়েনের অন্যতম উদ্দেশ্য।
শুধু বাহিনী মোতায়েন করেই দায়িত্ব শেষ করছে না বিজিবি। মাঠপর্যায়ে পরিস্থিতির উপর নজর রাখতে বাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে চালকবিহীন উড়ন্ত যান, শরীরে ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি।
এই প্রযুক্তিগুলির মাধ্যমে পাওয়া সরাসরি ছবি ও ভিডিও সারাক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোথাও পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। বিভিন্ন এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে, নড়াইলের কালিয়ায় নির্বিচারে হিন্দুদের বাড়িঘর জ্বলছে, লুট হয়েছে। প্রচারিত ছবি ও ভিডিয়ো পুরনো না নতুন, কেউ বলতে পারছে না। বাংলাদেশের গণমাধ্যমের দাবি, দু’দিন আগে দু’জন বিএনপি নেতা খুন হন। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই একদল সমর্থক শুক্রবার রাতে হামলা চালাতে পারে। আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে, বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, লুটও হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত বিএনপি সরকারের বক্তব্য আসেনি।
নড়াইল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। বাংলাদেশে হিন্দুরা সাধারণত আওয়ামী লীগকে সমর্থন করেন। ফলে অনেক সময় তাঁরা সফট টার্গেট হন। আর এ নিয়েও রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও রক্ষার রাজনীতি করার অভিযোগ তোলে।
নড়াইলের পুলিশ সুপার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, এর আগে পলাতক ও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনমতকে বিভ্রান্ত করা এবং দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো রেকর্ড করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রকৃতপক্ষে, বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের কোনও বাড়িঘর নেই। গত ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টার সময় নড়াইল জেলার কালিয়া থানার অন্তর্গত বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালায়। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন—
১. শাহিন শেখ (৪৫) — কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক। পিতা: নিসার শেখ। গ্রাম: মির্জাপুর।
২. সোহেল মোল্লা (৪০) — জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা), কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। পিতা: মোতালেব মোল্লা। গ্রাম: বড় কালিয়া। দু’জনেই নড়াইল জেলার কালিয়া থানা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিরা হলেন—
১. দীপশা বিশ্বাস (৩১)
২. রাকিব বিশ্বাস (২১)
তাঁরা দু’জনেই বুলু বিশ্বাসের ছেলে এবং নড়াইল জেলার কালিয়া থানার অন্তর্গত বেন্দারচর গ্রামের বাসিন্দা। ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর ২০২৬, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নিহতদের স্বজন এবং ক্ষুব্ধ কিছু মানুষ হঠাৎ বেন্দারচর গ্রামে জড়ো হন। এরপর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে তাঁরা হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রথম কলকাতার নিজস্ব অনুসন্ধান, বিএনপি’র যে সমর্থকরা ওই এলাকায় মারা গেছেন, তারপরই ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, মূলত এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা। এলাকাটিতে ৬০ শতাংশ মানুষ হিন্দু এবং ৪০ শতাংশ মুসলমান। স্থানীয়দের একাংশের দাবি, এলাকার বহু বাসিন্দা প্রাক্তন সাংসদ মুক্তির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে, স্থানীয় সাংবাদিক ও দায়িত্বশীল সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়া নয়। যাঁদের বাড়িতে হামলা হয়েছে, তাঁদের অনেকেই প্রাক্তন সাংসদ মুক্তির ঘনিষ্ঠ সমর্থক এবং আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হিসেবে পরিচিত। তবে হামলার পিছনে শুধু রাজনৈতিক প্রতিহিংসাই নয়, ব্যক্তিগত আক্রোশেরও ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দায়িত্বশীল সূত্র। তাঁদের দাবি, কয়েকটি বাড়িতে হামলা, আগুন লাগানো ও লুটপাটের ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিবাদও থাকতে পারে।
আর ওই এলাকার একটা প্রচলিত রেওয়াজ রয়েছে। যেখানে কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড বা হামলার ঘটনার পর পাল্টা বড়সড় আক্রমণ, হামলা কিংবা খুনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। অতীতেও এমন একাধিক নজির রয়েছে বলে স্থানীয়দের দাবী। তাঁদের দাবি, আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করেই এলাকায় নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়। এর মধ্যেই খুন হন বিএনপির দুই স্থানীয় নেতা। অভিযোগ, ওই ঘটনার পর থেকেই পাল্টা হামলার পরিকল্পনা তৈরি হতে থাকে। শুক্রবার ঢাকার কয়েকজন প্রবীণ বিএনপি নেতা এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভ আরও বেড়ে যায় বলে দাবি স্থানীয় সূত্রের। তাঁদের বক্তব্য, সকাল থেকে বৃষ্টি চলায় প্রতিশোধ নিতে চাওয়া নিহত বিএনপি নেতাদের অনুগামীরা ইচ্ছা থাকা সত্ত্বেও আগুন লাগাতে পারেননি। সন্ধ্যার পর বৃষ্টি কমতেই বেছে বেছে কয়েকটি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় বলে স্থানীয় সূত্রের অভিযোগ।














