Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মিয়ানমারের সেনা অভিযানে ১০ হাজার রোহিঙ্গা খুন! কী বলল আন্তর্জাতিক আদালত?

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 4:23 অপরাহ্ন

Myanmar Rohingya Genocide: ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। শুধু হত্যা নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের উপর ব্যাপক যৌন নির্যাতন এবং নৃশংস অত্যাচার চালানো হয়েছিল। এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পর্যবেক্ষণে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সেই রায় দেওয়ার সময়ই ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের উপর চালানো অত্যাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন আদালতের বিচারকরা।আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় জানান, আদালতের হাতে থাকা তথ্যপ্রমাণ পর্যালোচনা করে দেখা গেছে , মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার নিরস্ত্র রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি নারী ও শিশুদের উপর ব্যাপক যৌন হিংসা চালানো হয়েছে। শিশুদেরও চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বহু রোহিঙ্গার উপর হামলা চালানো হয়েছিল।

প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা (Rohingya Genocide Killing)

২০১৭ সালে রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা সাফাই অভিযান শুরু করে। সেই অভিযানের সময় ব্যাপক হিংসার ঘটনা ঘটে। বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার বক্তব্য অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল। তবে এই ঘটনাগুলি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা কি না, তা খতিয়ে দেখছে আদালত। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করা যায় কি না, সেটিও এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লক্ষের বেশি রোহিঙ্গা (Rohingya Genocide Refugees)

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রায় ৩০টি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। পরের দিন থেকেই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরসার সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। এর পরেই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলিতে সামরিক অভিযান শুরু হয়। অভিযোগ, এই অভিযানের নামে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। বহু মানুষকে হত্যা ও ধর্ষণ করা হয়। প্রাণ বাঁচাতে অন্তত ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ২০১৭ সালের ২ সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলিতে ২ হাজার ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস করা হয়েছিল। ১১ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এই অভিযানকে জাতিগত নিধনের উদাহরণ বলে উল্লেখ করেন।

গণহত্যার অভিযোগ নিয়ে কী বলেছিল রাষ্ট্রসংঘ?

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন। তবে রাষ্ট্রসংঘের জাতিগত নিধনের অভিযোগ নিয়ে তিনি স্পষ্ট কোনও বক্তব্য দেননি। একই বছরের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলে তৈরি ওই রিপোর্টে জানানো হয়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ছিল অন্তত ৭৩০।২০১৮ সালের ১০ জানুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ওই ঘটনায় সাত সেনাকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাঁদের আগাম মুক্তি দেওয়া হয়।

২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলা গাম্বিয়ার (Rohingya Genocide)

রোহিঙ্গাদের উপর অত্যাচার ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বর মাসে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ৫৭টি সদস্য দেশের হয়ে এই মামলা দায়ের করা হয়েছিল। ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে নির্দেশ দেয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কাজকর্ম আটকাতে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। এর পর ২০২৩ ও ২০২৪ সালে কানাডা, জার্মানি, ব্রিটেন ও আয়ারল্যান্ড-সহ একাধিক দেশ এই মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন জানায়। গণহত্যা সনদ নিয়ে নিজেদের বক্তব্য আদালতে তুলে ধরার অনুমতিও চায় তারা। আইসিজে সেই আবেদন গ্রহণ করে। ২০২৬ সালের জানুয়ারিতে এই মামলার প্রকাশ্য শুনানি হয়। এরপর বিচারকরা রায় নিয়ে আলোচনা শুরু করেন। গত ৩ নভেম্বর আদালত জানায়, ১৯ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হবে।

ন্যায়বিচারের আশায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা (ICJ Rohingya Genocide Case)

বর্তমানে বাংলাদেশে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় তাঁদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিরাপদে দেশে ফেরার পথ তৈরি হবে বলে আশা করছেন রোহিঙ্গারা। দ্য হেগে ১৫ বিচারপতির এই আদালতের রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে এই মামলার রায় পর্যবেক্ষণ করছেন। বৃহস্পতিবার রায় পড়া শুরু হলেও বিচারপ্রক্রিয়া এখনও চলছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now