Muhammad Yunus Ancestral Home Fire: চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারা জড়িত, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিত্যক্ত ঘরে আগুন, তদন্তে পুলিশ (Muhammad Yunus Ancestral Home Fire)
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মোজাম্মেল হক বুধবার রাতে প্রথম আলোকে জানান, বাড়িটির নিচতলায় একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগানো হয়েছিল। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। সেই সময় বাড়ির নিচে আগুন দেখতে পান পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে দেন। কী কারণে এই ঘটনা ঘটল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, বাড়িটির নিচতলায় কেউ থাকেন না। সেটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখাতেও আগুন (Muhammad Yunus Ancestral Home Fire)
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা সামনে এসেছে। কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন লাগায় দুষ্কৃতীরা। এছাড়াও দেশের আরও কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তাঁর মূল পৈতৃক বাড়ি। তাঁর বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। সেই সূত্রেই চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় বাড়িটি তৈরি করা হয়। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোরের একটা বড় সময় কেটেছে এই বাড়িতে।
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের (Muhammad Yunus Ancestral Home Fire)
বাংলাদেশে একের পর এক অগ্নিসংযোগ ও হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। গত সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক।
জবাবে ফারহান হক জানান, বাংলাদেশে হিংসার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। দেশের জাতীয় কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে সেই প্রতিবাদ কোনওভাবেই হিংসাত্মক হওয়া উচিত নয়।












“ইউনুসের পৈতৃক ভিটায় আগুন, হিংসার বাংলাদেশে বলি ৩”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।