Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পরকীয়ার মাশুল ৭০ হাজার কোটি টাকা! ভারতীয়দের ১০০ কোটি হারানোর বিতর্কে বিপাকে মার্কিন ধনকুবের

রণিতা সাহা
Published On: নভেম্বর 10, 2026 7:00 অপরাহ্ন
Jensen Huang with wife and girlfriend

Jensen Huang Controversy: পরকীয়ার কথা স্বীকার করে এবার বড়সড় আর্থিক ধাক্কার মুখে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং (Jensen Huang)। চিনা গুপ্তচর সন্দেহে থাকা এক মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়া। এর মধ্যেই শেয়ার বাজারে বড় পতনের মুখে পড়েছে সংস্থার শেয়ার। আর তার জেরেই একদিনে প্রায় ৭.৪ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন জেনসেন। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ৬৫ হাজার কোটি টাকা। ফলে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও তাঁর অবস্থানের অবনতি হয়েছে। ৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে এনভিডিয়ার নেতৃত্বে রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চিপ তৈরির ক্ষেত্রে তাঁর সংস্থা বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু এবার সংস্থার ব্যবসার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

চিনা মহিলার সঙ্গে সম্পর্ক ঘিরে বিতর্ক (Jensen Huang Controversy)

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং (Alice Huang) নামে এক চিনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল জেনসেনের। অ্যালিস সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের (Megaspeed) প্রাক্তন শীর্ষকর্তা ছিলেন। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, তিনি চিনের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহ করতেন। অভিযোগ, জেনসেনের সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা হয়েছিল। এই খবর সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়। বিশেষ করে এআই চিপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে আমেরিকা ও চিনের মধ্যে টানাপড়েনের পরিস্থিতিতে এই অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে। তবে অ্যালিসের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। চিনও এই অভিযোগ অস্বীকার করেছে।

পরকীয়ার কথা স্বীকার, তদন্তে সহযোগিতার আশ্বাস (Jensen Huang Controversy)

বিতর্কের মধ্যেই নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন। এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি স্ত্রী লোরি হুয়াং এবং সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর বক্তব্য, নিজের কাজের জন্য পরিবারকে কষ্ট দিয়েছেন। এর কোনও অজুহাত নেই। তদন্তের ক্ষেত্রেও তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তবে চিনে তথ্য পাচারের অভিযোগ তিনি স্বীকার করেননি। এনভিডিয়ার পরিচালন পর্ষদও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সংস্থার বক্তব্য, এখনও পর্যন্ত তাদের কাছে এমন কোনও প্রমাণ নেই, যাতে মনে করা যায় যে সংস্থার গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। তদন্ত চলাকালীনও সিইও পদে থাকছেন জেনসেন।

একদিনে সম্পদ কমল ৭.৪ বিলিয়ন ডলার (Jensen Huang Controversy)

এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম একসময় প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যায়। দিনের লেনদেনে শেয়ারের পতন ছিল প্রায় ৪.৩ শতাংশ। এর জেরে জেনসেনের ব্যক্তিগত সম্পদের পরিমাণও দ্রুত কমে যায়। ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবার লেনদেনের প্রথম আধ ঘণ্টার মধ্যেই তাঁর সম্পদ ১৬২.২ বিলিয়ন ডলার থেকে কমে ১৫৪.৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। অর্থাৎ একদিনে প্রায় ৭.৪ বিলিয়ন ডলার হারান তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে যান জেনসেন।

বিবাহবিচ্ছেদ হলে কি বিপুল সম্পত্তি হারাতে পারেন? (Jensen Huang Controversy)

জেনসেনের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। তাঁর স্ত্রী লোরি হুয়াংয়ের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক রয়েছে। পরকীয়ার কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চাইলেও এখনও পর্যন্ত লোরির তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বিবাহবিচ্ছেদের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, আমেরিকার ক্যালিফোর্নিয়ার সম্পত্তি সংক্রান্ত আইনে বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হতে পারে। তবে সব সম্পত্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বিয়ের আগে অর্জিত সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এবং অন্যান্য আইনি চুক্তির বিষয়ও বিবেচিত হয়।

জেনসেনের সম্পদের বড় অংশ এনভিডিয়ার শেয়ারের সঙ্গে যুক্ত। তাই বিবাহবিচ্ছেদ হলে তাঁর বিপুল সম্পত্তির কতটা লোরির হাতে যেতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত তাঁদের বিবাহবিচ্ছেদের কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা মামলা দায়েরের খবর নেই। ফলে সম্পত্তির অর্ধেক হাতছাড়া হওয়ার বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যায় না। সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্ক, চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং সংস্থার শেয়ার বাজারে পতন—তিন দিক থেকেই চাপে এনভিডিয়া কর্তা। আগামী দিনে তদন্তের ফল কী হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়িক মহলের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now