Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মা হয়েও মিস ইউনিভার্সের মুকুট! ২৭ বছরেই ইতিহাস গড়লেন জেনিফার, জানেন তাঁর পরিচয়?

রণিতা সাহা
Published On: নভেম্বর 25, 2026 9:12 অপরাহ্ন

Jennifer Barreto Miss Universe 2026: মঞ্চের আলো ঝলমলে। দর্শকদের চোখ তখন শেষ মুহূর্তের ফলাফলের দিকে। একে একে ঘোষিত হচ্ছে সেরা সুন্দরীদের নাম। আর সেই প্রতিযোগিতার শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর ২৭ বছরের জেনিফার বারেটো। মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। তবে শুধু সৌন্দর্য বা আত্মবিশ্বাসের জোরে নয়, আরও একটি বিশেষ কারণে এবারের প্রতিযোগিতায় ইতিহাস গড়লেন তিনি। বিবাহিত এবং সাত বছরের কন্যাসন্তানের মা হয়েও মিস ইউনিভার্সের মঞ্চে অংশ নিয়ে শেষ পর্যন্ত সেরার শিরোপা ছিনিয়ে নিলেন জেনিফার। প্রতিযোগিতার ৭৫তম বর্ষে তাঁর এই জয় বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় পুয়ের্তো রিকোর সান জুয়ানের জোসে মিগুয়েল আগ্রেলট কোলিসিয়ামে। ২৫ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত NDTV-র প্রতিবেদন অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের সুন্দরীরা অংশ নিয়েছিলেন। শেষ পর্যন্ত পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো বিজয়ী হন। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁকে নতুন বিজয়ীর মুকুট পরিয়ে দেন। প্রথম রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার আপের স্থান পেয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গয়েতজ। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ফিলিপিন্স ও নিউজিল্যান্ডের প্রতিযোগী।

কে এই জেনিফার বারেটো? (Jennifer Barreto Biography)

মাত্র ২৭ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচিতি তৈরি করেছেন জেনিফার। তিনি বিবাহিত এবং তাঁর সাত বছরের একটি মেয়ে রয়েছে। মেয়ের নাম পেনেলোপ। তবে পরিবার সামলানোর পাশাপাশি পড়াশোনা এবং পেশাগত জীবনেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। জেনিফারের শিক্ষাগত যোগ্যতাও বেশ উল্লেখযোগ্য। মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক—এই দুই বিষয়ে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বর্তমানে তিনি আমেরিকার প্রতিরক্ষা দফতরের সেনাবাহিনী বিভাগের অধীনে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন। Hola-র প্রতিবেদন অনুযায়ী, তাঁর কাজের মধ্যে রয়েছে ক্ষতিকর আচরণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ তৈরি করা এবং সমাজে সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা।

পেশাগত কাজের বাইরেও সমাজসেবার সঙ্গে যুক্ত জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। ডায়াবেটিসে আক্রান্ত শিশু এবং তাদের পরিবারকে সাহায্য করার পাশাপাশি এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজেও যুক্ত তিনি। পড়াশোনা, সমাজসেবা এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকেই মিস ইউনিভার্সের মঞ্চে নিজের শক্তি হিসেবে তুলে ধরেছেন জেনিফার। অবসর সময়ে বই পড়তে এবং ভলিবল খেলতে ভালোবাসেন তিনি।

1001348820 - মা হয়েও মিস ইউনিভার্সের মুকুট! ২৭ বছরেই ইতিহাস গড়লেন জেনিফার, জানেন তাঁর পরিচয়?

কী ছিল জেনিফারের জয়ের উত্তর? (Jennifer Barreto Winning Answer)

ফাইনাল রাউন্ডে সেরা পাঁচ প্রতিযোগীকে একই প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন ছিল, বর্তমান সময়ে বিশ্বের নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী প্রত্যাশা করা হয়? জবাবে জেনিফার বলেন, বিশ্বে এমন নেতার প্রয়োজন, যাঁদের মধ্যে সহমর্মিতা রয়েছে এবং যাঁরা অন্যের পরিস্থিতি বুঝতে পারেন। তাঁর মতে, বর্তমান সময়ে মানুষ একে অপরকে বিচার করতে এবং প্রশ্ন করতে ব্যস্ত। কিন্তু একজন প্রকৃত নেতার কাজ হল নিজের মূল্যবোধে স্থির থাকা, অন্যদের সামনে ভালো উদাহরণ তৈরি করা এবং নেতৃত্বের মান আরও উন্নত করা।

সমাজের প্রয়োজন বুঝে কাজ করার উপরেও জোর দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, মানুষের কথা শুনে এবং তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে পারলে নেতৃত্বের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব।

ষষ্ঠবার মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর (Puerto Rico Miss Universe 2026)

জেনিফারের জয়ের ফলে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠবার এই শিরোপা পেল পুয়ের্তো রিকো। এর আগে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। এবারের জয় পুয়ের্তো রিকোর জন্য আরও একটি কারণে বিশেষ। নিজেদের মাটিতে দ্বিতীয়বার মিস ইউনিভার্সের মুকুট জিতল দেশটি। এর আগে ২০০১ সালে পুয়ের্তো রিকোতেই আয়োজিত প্রতিযোগিতায় ডেনিস কুইনোনেস বিজয়ী হয়েছিলেন।

৭৫ বছরে নতুন মুকুট, বিতর্কও কম নয় (Miss Universe 2026 Controversy)

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম বর্ষ ছিল। সেই বিশেষ উপলক্ষে নতুন একটি মুকুট সামনে আনে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। মুকুটটির নাম দেওয়া হয়েছে ‘দ্য রেডিয়েন্স অফ অ্যান ইটারনাল লিগ্যাসি’। এতে রয়েছে ৩,১৫০টি হিরে। সংস্থার মতে, ৭৫ বছরের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছে এই মুকুট। তবে এবারের প্রতিযোগিতা বিতর্কমুক্ত ছিল না। বিভিন্ন কারণে ১৫টি দেশের অংশগ্রহণ শেষ পর্যন্ত বাতিল হয়। অস্ট্রিয়ার ভিক্টোরিয়া আমেরসন নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। গাড়ি দুর্ঘটনার পর প্রতিযোগিতা ছাড়েন বুলগেরিয়ার আনা-মারিয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান।

অন্যদিকে, কর্পোরেট ও ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবারের প্রতিযোগিতায় অংশ নেয়নি। ভিসা সংক্রান্ত সমস্যা বা আমেরিকার ভিসা বিধিনিষেধের কারণে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবোয়ে এবং কঙ্গো প্রজাতন্ত্রও প্রতিযোগিতায় যোগ দিতে পারেনি। প্রতিযোগিতা শুরুর আগেই মিস ইউনিভার্স সংস্থার নেতৃত্ব ও পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন মিস মিশিগান ইউএসএ টেলর হেল। তাঁর অভিযোগ ছিল, প্রতিযোগীদের সুরক্ষা এবং সংস্থার পরিচালন ব্যবস্থায় সমস্যা রয়েছে। পাশাপাশি জাতীয় পোশাক পর্বে ইজরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোনকার পোশাক ঘিরেও বিতর্ক তৈরি হয়। জেরুজালেমের পুরনো শহরের আদলে তৈরি সোনালি পোশাকে ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল। কিন্তু দর্শকদের একাংশ তাঁকে দেখে দুয়ো দেন।ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের আবহে পোশাকের শান্তির বার্তা নিয়েও সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয়।

সব বিতর্ক পেরিয়ে শেষ পর্যন্ত জেনিফার বারেটোর মাথায় উঠেছে মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। আগামী ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ভিয়েতনাম। তবে এবারের প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে থাকল জেনিফারের জয়। সাত বছরের মেয়ের মা, সমাজসেবী এবং উচ্চশিক্ষিত এই তরুণীর সাফল্য মিস ইউনিভার্সের মঞ্চে নতুন দৃষ্টান্ত তৈরি করল।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now