Indian Oil Own Ships: হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা এবং ইরান-আমেরিকা সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের পরিবহণ খরচ বাড়ছে। ব্যারেলপ্রতি তেল পরিবহণের ভাড়া পৌঁছে গিয়েছে ৮-১০ ডলারে। রান্নার গ্যাস বা LPG পরিবহণের খরচও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। এই পরিস্থিতিতে বিদেশি জাহাজের উপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)। অপরিশোধিত তেল এবং LPG পরিবহণের জন্য নিজস্ব জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে সংস্থা। একইসঙ্গে ভারতের মাটিতেই জাহাজ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব জাহাজ কেনার পরিকল্পনায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Own Ships)
ইন্ডিয়ান অয়েলের অর্থবিষয়ক অধিকর্তা অনুজ জৈন জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকটি জাহাজ কেনার প্রস্তাবে পরিচালন পর্ষদের অনুমোদন মিলেছে। কয়েক মাস আগেই এই বিষয়ে দরপত্র প্রকাশ করা হয়েছে। সংস্থার লক্ষ্য, দীর্ঘমেয়াদে পরিবহণের খরচ কমানো এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভরতা কিছুটা হলেও কমানো। শুধু বিদেশ থেকে জাহাজ কেনাই নয়, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশেই জাহাজ নির্মাণের বিষয়টিও বিবেচনা করছে IOC। এর ফলে দেশের জাহাজ নির্মাণ শিল্পও উপকৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।
কয়েক গুণ বেড়েছে পরিবহণের খরচ (Indian Oil Own Ships)
বর্তমানে ইন্ডিয়ান অয়েলের দীর্ঘমেয়াদি চুক্তিতে ভাড়া নেওয়া তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজ এবং ন’টি LPG পরিবহণের জাহাজ রয়েছে। এই ব্যবস্থায় প্রতি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহণে খরচ পড়ে ২ থেকে ২.৫০ ডলার। কিন্তু স্পট মার্কেটে সেই খরচ বেড়ে হয়েছে ৮ থেকে ১০ ডলার। LPG পরিবহণের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। আগে প্রতি টন LPG পরিবহণে খরচ ছিল প্রায় ৪০ ডলার। বর্তমানে তা বেড়ে ১৬০ থেকে ১৮০ ডলারে পৌঁছেছে। শুধু জাহাজের ভাড়াই নয়, যুদ্ধের ঝুঁকির কারণে বিমার খরচও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠছে।
রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি (Indian Oil Own Ships)
আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তেল আমদানির ক্ষেত্রেও কৌশল বদলেছে IOC। চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে সংস্থার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫৫ শতাংশ এসেছে রাশিয়া থেকে। মধ্যপ্রাচ্য থেকে এসেছে ২৪ শতাংশ। আফ্রিকা থেকে প্রায় ১০ শতাংশ, ব্রাজিল থেকে ৭ শতাংশ এবং আমেরিকা থেকে ২-৫ শতাংশ তেল আমদানি করা হয়েছে। ভেনেজুয়েলা থেকেও ৩-৪ শতাংশ তেল সংগ্রহ করেছে সংস্থা। এদিকে, তেল কেনার ক্ষেত্রেও স্পট মার্কেটের উপর নির্ভরতা বেড়েছে। আগে মোট কেনাকাটার প্রায় ৫০ শতাংশ স্পট মার্কেট থেকে করা হত। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৭ শতাংশ। রাশিয়া এবং ভেনেজুয়েলা থেকেও তেল কেনা অব্যাহত রেখেছে IOC।
অপরিশোধিত তেলের দাম বেড়েছে অনেকটা (Indian Oil Own Ships)
তেলের আন্তর্জাতিক দামের ওঠানামাও সংস্থার উপর চাপ তৈরি করেছে। ফেব্রুয়ারিতে ভারতীয় অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি ৬৫ থেকে ৭০ ডলার। অক্টোবর মাসে তা বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছেছে।সেপ্টেম্বর ত্রৈমাসিকে আন্তর্জাতিক বেঞ্চমার্কের তুলনায় অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ব্যারেলপ্রতি ৫ ডলার ছাড় থেকে ১২ ডলার বেশি দাম দিতে হয়েছে। আগের ত্রৈমাসিকে এই ব্যবধান ছিল শূন্য থেকে ১৮ ডলার প্রিমিয়াম।
বাড়ানো হয়েছে তেলের মজুত (Indian Oil Own Ships)
আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জ্বালানির মজুতও বাড়িয়েছে IOC। আগে সংস্থার কাছে ৩৩ থেকে ৩৫ দিনের অপরিশোধিত তেলের মজুত থাকত। বর্তমানে তা বাড়িয়ে ৩৯ দিন করা হয়েছে। LPG-র মজুত রয়েছে ২০ দিনের। অন্যদিকে, পেট্রল ও ডিজেলের মজুত রয়েছে ২৩ থেকে ২৫ দিনের।
লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সংস্থা (Indian Oil Own Ships)
এদিকে, আর্থিক ফলাফলেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে ইন্ডিয়ান অয়েলের নিট মুনাফা হয়েছে ২১,৬৩০ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে সংস্থার ২,৬৬১ কোটি টাকা লোকসান হয়েছিল। গত বছরের একই সময়ে নিট মুনাফার পরিমাণ ছিল ৭,৬১০ কোটি টাকা। এই ত্রৈমাসিকে সংস্থার গ্রস রিফাইনিং মার্জিন বা পরিশোধন থেকে প্রাপ্ত গড় মুনাফা ছিল ব্যারেলপ্রতি ১৮.৫২ ডলার। পাশাপাশি ইনভেন্টরি গেইন বা মজুত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে লাভ হয়েছে ৬,৯৪৮ কোটি টাকা।
সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই এখন IOC-র প্রধান লক্ষ্য। নিজস্ব জাহাজ কেনার পরিকল্পনা সেই লক্ষ্য পূরণে কতটা সাহায্য করে, সেটাই এখন দেখার।












