Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

“জীবিত অবস্থায় জেল থেকে ফিরতে নাও পারি”, কারাগার থেকে আশঙ্কার কথা জানালেন ইমরান খান

শম্পা পাল
Published On: নভেম্বর 17, 2026 7:39 অপরাহ্ন
Imran Khan Jail Warning as Pakistan's former prime minister raises concerns about his health and prison conditions.

Imran Khan Jail Warning: শারীরিক অবস্থার অবনতির দাবি, চিকিৎসা ও কারাগারের পরিস্থিতি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

কারাগার থেকে নিজের জীবন নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এনডিটিভির ১৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ৭৪ বছর বয়সি ইমরান দাবি করেছেন, শারীরিক অবস্থার অবনতি এবং যথাযথ চিকিৎসার অভাবে তিনি জেল থেকে জীবিত অবস্থায় নাও ফিরতে পারেন।

আইনজীবীর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে আগের আদালতের নির্দেশ কার্যকর করা এবং নিজের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

ইমরানের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে একাকী কারাবাসে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা এবং কারাগারে বন্দি স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার সুযোগও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়মিত মিলছে না। তাঁর দাবি, দীর্ঘ একাকিত্বের প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে, বেড়েছে রক্তচাপও। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, বুশরা বিবির চোখের রেটিনায় সমস্যা দেখা দেওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু পরে তাঁকে আবার একাকী কারাবাসে পাঠানো হয়েছে এবং চিকিৎসক ও চিকিৎসার নথিতে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষের বক্তব্য, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। এর আগে আগস্ট মাসে সুপ্রিম কোর্ট তাঁর চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি তোশাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। ২০২১ সালে সৌদি যুবরাজের উপহার দেওয়া দামি অলঙ্কার কেনাবেচা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে এই মামলা। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি, তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

কারাগার থেকে পাঠানো চিঠিতে ইমরান জানিয়েছেন, তিনি কোনও বিশেষ সুবিধা চাইছেন না; আদালতের আগের নির্দেশ কার্যকর করা এবং যথাযথ চিকিৎসাই তাঁর আবেদন। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যবস্থা নিয়ে এবার পাকিস্তানের শীর্ষ আদালত কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now