Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘ধুরন্ধর’ আতঙ্ক? পাকিস্তানে নতুন নিরাপদ আস্তানায় সরানো হল হাফিজ সইদ ও মাসুদ আজহারকে

রণিতা সাহা
Published On: নভেম্বর 15, 2026 2:19 অপরাহ্ন

Hafiz Saeed and Masood Azhar Safe Houses: পাকিস্তানে নিজেদের পুরনো ডেরা ছাড়তে হল মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে। নিরাপত্তার কারণ দেখিয়ে গত এক সপ্তাহের মধ্যে দু’জনকেই নতুন গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) তাঁদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। দুই জঙ্গি নেতাকেই রাখা হয়েছে কড়া নিরাপত্তায় ঘেরা বাড়িতে। গোয়েন্দা সূত্রের দাবি, ভারতের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। বিশেষ করে অপারেশন সিঁদুরের পর থেকে হাফিজ সইদ এবং মাসুদ আজহারের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পাক সেনা ও আইএসআই। পাশাপাশি, পাকিস্তানের মাটিতে একের পর এক ভারতবিরোধী জঙ্গি নেতার অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে নিহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সেই কারণেই দুই জঙ্গি নেতার ঠিকানা বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে হাফিজ সইদ (Hafiz Saeed and Masood Azhar Safe Houses)

গোয়েন্দা সূত্রের দাবি, লস্কর-ই-তইবার (LeT) প্রধান হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন এলাকার পুরনো ঠিকানা থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁকে রাখা হয়েছে গ্যারিসন গ্রাউন্ড এলাকার একটি সুরক্ষিত বাড়িতে। উল্লেখযোগ্য বিষয় হল, এই এলাকা পাকিস্তানের সেনা সদর দফতরের কাছাকাছি। ফলে সেখানে তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে খবর। শুধু ঠিকানা বদল নয়, নিজের সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছেন হাফিজ। আগে লস্করের কর্মী ও সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করতেন তিনি। কিন্তু বর্তমানে সেই সাক্ষাৎ কার্যত বন্ধ রেখেছেন। পরিবর্তে অডিও বার্তার মাধ্যমে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর গতিবিধিও অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে।

তবে পাকিস্তানের সরকারি অবস্থান অনুযায়ী, হাফিজ সইদ লাহোরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন। সন্ত্রাসে অর্থ জোগানের একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি সেখানে রয়েছেন বলে দাবি ইসলামাবাদের। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, জেলে থাকার কথা বলা হলেও বাস্তবে তাঁকে আইএসআইয়ের নিরাপদ আস্তানায় রাখা হয়েছে।

নওয়াশাহতে নিরাপদ আস্তানায় মাসুদ আজহার (Hafiz Saeed and Masood Azhar Safe Houses)

একই পথে হাঁটছেন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারও। তাঁকেও পাকিস্তানের সিন্ধ প্রদেশের নওয়াশাহতে একটি গোপন নিরাপদ বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগও কমিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, জইশের সাধারণ সদস্যদের সঙ্গে এখন আর নিয়মিত দেখা করছেন না মাসুদ। কেবল কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে রয়েছেন সংগঠনের কয়েকজন শীর্ষ কমান্ডার। অর্থাৎ, হাফিজ সইদের মতো মাসুদ আজহারও নিজের সংগঠনের অধিকাংশ সদস্যের থেকে দূরত্ব বজায় রাখছেন। এর পিছনে নিরাপত্তার কারণই দেখছেন গোয়েন্দারা। তাঁদের মতে, দুই জঙ্গি নেতার গতিবিধি সীমিত করে তাঁদের অবস্থান গোপন রাখার চেষ্টা করছে আইএসআই।

অপারেশন সিঁদুরের পর থেকেই বাড়তি সতর্কতা (Hafiz Saeed and Masood Azhar Safe Houses)

কেন হঠাৎ দুই জঙ্গি নেতার ঠিকানা বদল? গোয়েন্দা সূত্রের দাবি, এর পিছনে রয়েছে অপারেশন সিঁদুরের প্রভাব। ভারতের ওই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় জঙ্গি সংগঠনগুলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। বিশেষ করে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর মার্কাজ ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। এই হামলার পর সংগঠনটি নিজেদের সাংগঠনিক কাজকর্ম নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে খবর।

গোয়েন্দা সূত্রের দাবি, অপারেশন সিঁদুরের পর ভারত ফের কোনও সামরিক পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি। সেই আশঙ্কা থেকেই হাফিজ ও মাসুদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শুধু ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নয়, পাকিস্তানের মাটিতে অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে একাধিক ভারতবিরোধী জঙ্গি নেতার মৃত্যুর ঘটনাও চিন্তা বাড়িয়েছে আইএসআইয়ের। গত কয়েক মাসে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। ফলে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে পরিকল্পনা করছে পাক গুপ্তচর সংস্থা।

ভারতের একাধিক হামলায় অভিযুক্ত দুই জঙ্গি নেতা (Hafiz Saeed and Masood Azhar Safe Houses)

হাফিজ সইদ এবং মাসুদ আজহার, দু’জনেই ভারতের একাধিক বড় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রাষ্ট্রপুঞ্জও তাঁদের আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে।হাফিজ সইদ লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও প্রধান। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম মূল অভিযুক্ত তিনি। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও ভারতের একাধিক জঙ্গি হামলার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

অন্যদিকে, মাসুদ আজহার জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা। ২০০১ সালের সংসদ হামলা, ২০১৬ সালের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এই ঘটনাগুলিতে তাঁর সংগঠনের ভূমিকা নিয়ে ভারত একাধিকবার অভিযোগ তুলেছে। সব মিলিয়ে, পাকিস্তানে দুই জঙ্গি নেতার ঠিকানা বদল ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। পাকিস্তান সরকার একদিকে হাফিজ সইদের জেলে থাকার কথা বলছে, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের দাবি, তিনি আইএসআইয়ের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। মাসুদ আজহারকেও একইভাবে গোপন আস্তানায় রাখা হয়েছে বলে খবর। আপাতত দুই জঙ্গি নেতাই কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন বলে গোয়েন্দা সূত্রের দাবি।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now