Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বৃষ্টির মধ্যেই রামদা- হকিস্টিক হাতে মিছিল, গোপালগঞ্জে আতঙ্ক, বন্ধ দোকানপাট

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 1:43 অপরাহ্ন

Gopalganj Protest: প্রথম আলো ডিজিটাল প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জে ফের উত্তেজনা ছড়াল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সকাল থেকেই রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল এবং লগি-বইঠার মতো দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামেন কয়েকশো নেতা-কর্মী। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভের পাশাপাশি জেলার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। কোথাও কোথাও টায়ারেও আগুন ধরানো হয়। এর জেরে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকে। অন্যদিকে, মহাসড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়ে দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি।

বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করেই বেলা ১১টা নাগাদ ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ দেখান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের অনেকের হাতেই ছিল দেশীয় অস্ত্র। শহরের দোলা পাম্প, লঞ্চঘাট-সহ বিভিন্ন এলাকাতেও কিছুক্ষণ অন্তর অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিক্ষোভকারীদের। সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল। সেখানেও অবস্থান করেন পিকেটাররা।

শহরে ঢোকার পথে পথে গাছ ফেলে অবরোধ (Gopalganj Road Blockage)

বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জে বৃষ্টি হচ্ছিল। সকালে শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। জরুরি কাজে এবং অফিসে যাওয়ার জন্য যাঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাঁরাও যানবাহন পাননি। সকাল আটটা নাগাদ ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে ঢোকার মুখে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করতে দেখা যায়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিন জায়গায় গাছের গুঁড়ি ফেলে রাখা হয়। একটি জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন। তাঁদের হাতে ছিল রামদা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। হাসপাতাল মোড় এবং সার্কিট হাউস মোড়েও একইভাবে রাস্তা আটকে দেওয়া হয়। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে ঢোকার মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। ফলে ওই রাস্তা দিয়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।

দোকানপাট বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ (Gopalganj Protest Impact Public Life)

অবরোধের জেরে শহরের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার অবশ্য খোলা ছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের কয়েকটি দোকানও খুলতে দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও উপস্থিতি ছিল না বললেই চলে।

মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। শহরের ভিতরে কিছু ইজিবাইক, ভ্যান এবং রিকশা চললেও তা ছিল সীমিত। একটি অবরোধ থেকে অন্য অবরোধের মাঝের অংশে চলাচল করছিল সেগুলি। ফলে যাত্রীদের বারবার গাড়ি বদল করতে হচ্ছিল। নীলা মাঠ এলাকা থেকে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে দুজন নারী জানান, তাঁরা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে কাজ করেন। যানবাহন না পেয়ে বৃষ্টির মধ্যেই হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে তাঁদের।

এদিকে, ঘোনাপাড়া মোড়ে সকাল থেকেই একদল লোক অবস্থান করছিলেন। সকাল সোয়া ৯টা নাগাদ গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছিলেন সেখানে থাকা বিক্ষোভকারীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, আগের রাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স-সহ কয়েকটি গাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে এলাকার বদনাম হচ্ছে। সেই অভিযোগেই দুজনকে আটক করা হয়েছে বলে তাঁদের দাবি।

দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে (Gopalganj Protest Truck Traffic)

অবরোধের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকেরা। বুধবার রাত থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান এবং পিকআপ আটকে রয়েছে। রাত ১০টা নাগাদ গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় আটকে পড়ে বহু গাড়ি। বিক্ষোভকারীরা মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে রাখেন। কোথাও বিদ্যুতের খুঁড়ি, কোথাও গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি জায়গায় টায়ার এবং গাছের গুঁড়িতে আগুনও ধরানো হয়। ফলে পুরো মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।

সিলেট থেকে পাথর বোঝাই করে বাগেরহাটের কাটাখালির দিকে যাচ্ছিলেন ট্রাকচালক মোহাম্মদ আলী। দোলা পাম্প এলাকায় আটকে পড়েন তিনি। তাঁর কথায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়েছিলেন। বুধবার ঢাকার মহাখালীতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের যাত্রা শুরু করেন। রাত ৯টা নাগাদ গোপালগঞ্জে পৌঁছন। মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো থাকলেও পণ্যবোঝাই গাড়ি দেখে তাঁকে যেতে দেওয়া হয়। উজলপুরে বিদ্যুতের খুঁড়ি ফেলে রাস্তা আটকে রাখা হয়েছিল। সেখান থেকেও কোনওভাবে বেরিয়ে আসেন। পুলিশ লাইনস এলাকার বাধাও পার করেন। কিন্তু রাত ১০টা নাগাদ দোলা পাম্পে পৌঁছে আর এগোতে পারেননি। সেখানে রাস্তা পুরোপুরি বন্ধ ছিল।

টাকা নিয়েও রাস্তা পার করানোর অভিযোগ (Gopalganj Protest Transport Crisis)

আটকে পড়া আর এক পাথরবোঝাই ট্রাকের চালক মো. তুহিনের অভিযোগ, যেখানে তাঁদের গাড়ি আটকে রয়েছে, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই মধুমতী নদী। নদী পেরোলেই বাগেরহাটের সীমানা। তাঁকে রাস্তা পার করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজন ৫০০ টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন ট্রাক ও পিকআপচালক।

একদিকে অস্ত্র হাতে বিক্ষোভ, অন্যদিকে মহাসড়ক অবরোধ। সব মিলিয়ে বৃহস্পতিবার গোপালগঞ্জের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সাধারণ মানুষের যাতায়াত থেকে পণ্য পরিবহণ, সব ক্ষেত্রেই তৈরি হয় সমস্যা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now