Gopalganj Police Station Attack: বিডিনিউজ টোয়েন্টিফোর বাংলার প্রতিবেদনে দাবী করা হয়েছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিং করে লোক জড়ো করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে কয়েকশো মানুষ থানায় পৌঁছে বিক্ষোভ শুরু করেন। পরে থানা চত্বরে থাকা একাধিক গাড়ি এবং থানা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করার সময় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তাঁরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ডাক দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শব্দবোমা ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে থানা চত্বরে ঢুকে পড়েন। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে সরে গেলে থানার পাশাপাশি পাশের পুলিশ মেসেও আগুন দেওয়া হয়। গ্রেপ্তার কয়েকজনকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
সংবাদ সূত্রের খবর, নিরাপত্তার কারণে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। পাশাপাশি খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি-সহ গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার কয়েকটি রাস্তায় অবরোধের খবরও পাওয়া গিয়েছে।
আওয়ামী লীগের একাধিক নেতা ও কর্মীকে পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়তেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রের দাবি, পরে মসজিদের মাইকে ঘোষণা করে লোকজনকে জড়ো করা হয়। একসময় বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। এর পর থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে থানার চত্বরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। হামলাকারীদের একাংশকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠি ছিল।
অন্য একটি ভিডিওতে এইচ এম রুবেল ফারাজি নামে এক ব্যক্তিকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় বলতে শোনা যায়, কিছুক্ষণের মধ্যেই তাঁরা থানায় আগুন ধরিয়ে দেবেন। ওই সম্প্রচারে তিনি আরও দাবি করেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। আগুন জ্বালিয়ে সেই গ্যাসের প্রভাব কমানোর চেষ্টা করছেন তাঁরা। কোনওভাবেই পিছিয়ে আসবেন না বলেও তাঁকে বলতে শোনা যায়।
মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ প্রথম আলোকে ফোনে পুলিশের সদর দফতরের অপরাধ ও অভিযান বিভাগের উপমহাপরিদর্শক মহম্মদ আবু সুফিয়ান জানান, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর তাঁরা পেয়েছেন। পরবর্তী সময়ে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাত ৯টা ১০ মিনিট নাগাদ পুলিশের সদর দফতরের মুখপাত্র কামরুম মুনিরা ‘প্রথম আলো’ কে জানান, থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। থানার ভিতরে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লাগানোর খবর তাঁদের কাছে এসেছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়া দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক এস্কেন্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গী মোড় এবং বাশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার কারণে দমকলকর্মীরা এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তবেই আগুন নেভানোর কাজে যাওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল











