Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

এতদিন বিরোধিতা, এবার ডিলিমিটেশন বিলে সায় ডিএমকের! কী শর্ত মানল কেন্দ্র?

রণিতা সাহা
Published On: নভেম্বর 28, 2026 1:07 অপরাহ্ন

DMK Support Delimitation Bill: ডিলিমিটেশন বিল ঘিরে নিজেদের অবস্থান বদলাল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। এতদিন জনসংখ্যার ভিত্তিতে লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাসের বিরোধিতা করে এলেও এবার কেন্দ্রের প্রস্তাবিত বিলে সমর্থন জানাল এম কে স্ট্যালিনের দল। শনিবার, ২৮ নভেম্বর সকালে দলের সাংসদদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিএমকের ২২ জন সাংসদ রয়েছেন সংসদে। তাঁদের সমর্থন পাওয়ায় বিল নিয়ে কেন্দ্রের শাসকপক্ষের অবস্থান আরও শক্ত হল।

আগামী সপ্তাহে সংসদে নতুন ডিলিমিটেশন বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার আগেই ডিএমকের এই সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিনের আপত্তির পর কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কী জানালেন এ রাজা ও দয়ানিধি মারান? (DMK Support)

শনিবার সকালে ডিএমকের সাংসদদের নিয়ে বৈঠক হয়। বৈঠকের পর দলের অবস্থান স্পষ্ট করেন সাংসদ এ রাজা। তিনি জানান, সংসদে নতুন ডিলিমিটেশন বিলকে সমর্থন করবে ডিএমকে। দলের আর এক সাংসদ দয়ানিধি মারানও একই কথা জানান।

ডিএমকের এই সিদ্ধান্ত কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ২২ জন সাংসদের সমর্থন সংসদে বিলের পক্ষে শাসকপক্ষের সংখ্যা বাড়াবে। গত এপ্রিল মাসে ডিলিমিটেশন সংক্রান্ত বিলটি পরাজিত হয়েছিল। এবার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছে কেন্দ্র।

কোন শর্তে রাজি হল স্ট্যালিনের দল? ( DMK Support Delimitation Conditions)

ডিএমকের আপত্তির মূল কারণ ছিল জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাস। দলের আশঙ্কা ছিল, এই পদ্ধতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সংসদে প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে। বিশেষ করে তামিলনাড়ুর রাজনৈতিক গুরুত্ব কমার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

তবে কেন্দ্রের নতুন প্রস্তাবে কয়েকটি বিষয় যুক্ত হওয়ার পর ডিএমকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবে সারা দেশে লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। পাশাপাশি আসন বৃদ্ধির পরবর্তী ২৫ বছরের জন্য স্থগিতাদেশের বিষয়টিও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তামিলনাড়ুর লোকসভা আসন বর্তমান ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে। একইসঙ্গে সংসদের মোট আসনের মধ্যে রাজ্যটির বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার বিষয়টিও ডিএমকের কাছে গুরুত্বপূর্ণ।

শুক্রবারও অবস্থান স্পষ্ট করেছিলেন এম কে স্ট্যালিন (DMK Support MK Stalin)

শুক্রবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ডিলিমিটেশন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তিনি মনে করিয়ে দেন, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের বিপদ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তিনি। এই বিষয়ে বিরোধী রাজ্যগুলিকে একজোট করতে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেছিলেন।

স্ট্যালিনের দাবি ছিল, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের ক্ষেত্রে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আগামী ২৫ বছর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। শুক্রবার সমাজমাধ্যমে তিনি জানান, ডিলিমিটেশন নিয়ে তাঁদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। কোনও আপসের প্রশ্নও নেই।

কংগ্রেসের সঙ্গে দূরত্বের কারণে সিদ্ধান্ত? (DMK-Congress)

ডিএমকের এই অবস্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে আরও একটি প্রশ্ন উঠেছে। তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে সম্পর্কের অবনতির পরই কি ডিলিমিটেশন বিলে সমর্থনের সিদ্ধান্ত নিল স্ট্যালিনের দল? তবে এই অভিযোগ সরাসরি খারিজ করেছে ডিএমকে।

দলীয় সূত্রের বক্তব্য, সংসদের আসন সংখ্যা বাড়ানো নিয়ে তাঁদের মূল আপত্তি ছিল না। আপত্তি ছিল, নতুন আসন বণ্টনে তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক প্রতিনিধিত্বের অনুপাত যেন কমে না যায়। দলের এক প্রবীণ নেতার কথায়, তাঁরা সংসদে আসন বাড়ানোর পক্ষে নন। কিন্তু কেন্দ্র যদি আসন সংখ্যা বাড়াতেই চায়, তাহলে তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্বের অনুপাতও বজায় রাখতে হবে। ডিএমকের দাবি, শুরু থেকেই তাদের অবস্থান ছিল ন্যায্য ডিলিমিটেশনের পক্ষে। তাই কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক দূরত্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই জানিয়েছে দলটি। ডিএমকের সমর্থনে ডিলিমিটেশন বিল নিয়ে সংসদের অঙ্কে নতুন মাত্রা যোগ হল। তবে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব বজায় রাখার শর্ত কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now