Dinesh Trivedi came in Delhi: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তড়িঘড়ি দিল্লি আসাকে কেন্দ্র করে কূটনৈতিক জল্পনা চরমে। বিষয়টি নিয়ে শুধু ভারতেই নয় বাংলাদেশেও চর্চা তুঙ্গে। কেননা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। ভারত এবং বাংলাদেশের একাধিক শীর্ষ আধিকারীকের সঙ্গে এ-মর্মে তিনি কথা বলছেন। দিল্লি-ঢাকা দুই তরফের মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন। দিল্লি এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ত্রিবেদী। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা তীব্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পৌঁছে দিতেই কি তবে দীনেশ ত্রিবেদীর এই সফর। কোনও তরফে এ প্রসঙ্গে মুখ খোলা হয়নি। কিন্তু, বুঝতে অসুবিধা নেই, গঙ্গা-পদ্মার জল নতুন খাতে বইছে। দুই প্রতিবেশী দেশই চাইছে নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে। আর তা করতে হলে দুই দেশের রাষ্ট্র প্রধানের বৈঠক অতি জরুরি। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি নভেম্বরে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ব্লু-প্রিন্ট তৈরি করতেই হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই দিল্লি আসা।
গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় জোর আলোচনা চলছে, নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করতে পারেন। ঢাকার বিদেশমন্ত্রক অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। জল্পনা বাড়িয়েছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। এর আগেও আলোচনা শুরু হয়েছিল, কিন্তু দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তা থমকে যায়। পরে ঢাকার পক্ষ থেকে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। বলা হয়, তেমন পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। তবে সফরের সময় এখনো চূড়ান্ত হয়নি। অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মধ্য দিয়ে সফরটি হোক।
প্রতিমন্ত্রী বলেন, শুধু একটি ফোনকলে কোনও সমস্যার সমাধান হয় না। দুই দেশ আলোচনা চালাচ্ছে এবং বিষয়গুলো ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি। ভারতীয় হাইকমিশনারের ভূমিকার প্রশংসাও করেন হুমায়ুন কবির। তাঁর কথায়, ত্রিবেদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং ঢাকায় ভালো কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, নয়াদিল্লি হাইকমিশনারের মূল্যায়ন ও বিশ্লেষণকে যথাযথ গুরুত্ব দেবে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মতামতের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে। ঢাকার প্রকাশ্য অবস্থান বলছে, সম্পর্ক এগিয়ে নিতে সরকার আগ্রহী, তবে তা হতে হবে অনুকূল পরিবেশে।
এখন দেখার হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঠিক বার্তা নিয়ে দিল্লি এসেছেন। আবার দিল্লি থেকে কী বার্তা নিয়ে ঢাকায় যাবেন।
#dineshtrivedi #tariquerahman #narendramodi #indiabangladesh #bangladeshindia #diplomacy #delhi #dhaka #indianews #bangladeshnews










