Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

সকাল থেকে সন্ধ্যা, দফায় দফায় উত্তপ্ত কলেজ স্ট্রিট! বইপাড়ায় মুখোমুখি এসএফআই ও এবিভিপি!

শম্পা পাল
Published On: নভেম্বর 18, 2026 4:05 অপরাহ্ন
College Street Book Stall Clash between SFI and ABVP members near Calcutta University

College Street Book Stall Clash: সকাল থেকে সন্ধ্যা, দফায় দফায় উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটের বইপাড়ায়। বইকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে সংঘাতের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সকালের অশান্তির রেশ কাটতে না কাটতেই সন্ধ্যায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। দুই পক্ষের বিক্ষোভ সামাল দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

এসএফআইয়ের অভিযোগ, এবিভিপির সদস্যরা বইয়ের দোকানে হামলা চালিয়েছে। অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলে এবিভিপির দাবি, তাদের সদস্যদের উপর হামলা চালিয়েছে এসএফআই। দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। বিক্ষোভের এক পর্যায়ে ব্যারিকেডের উপর উঠে প্রতিবাদ জানাতেও দেখা যায় এবিভিপির সদস্যদের বলে জানা যাচ্ছে।

দুই সংগঠনের সদস্যদের মুখোমুখি অবস্থানের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিটের একাংশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ানোয় সাধারণ মানুষ ও বইপাড়ায় আসা ক্রেতাদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দুই পক্ষকে সামাল দিতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে উত্তেজনা ছড়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এসএফআই এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি এবং পরস্পরের বিরুদ্ধে স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। প্রায় ৪০-৪৫ মিনিটেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরুদ্ধ থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

ঘটনার সূত্রপাত এসএফআইয়ের বই বিক্রির কর্মসূচিকে কেন্দ্র করে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, পুলিশের অনুমতি নিয়েই তারা বইয়ের স্টল সাজিয়েছিল। কিন্তু সেই স্টল ঘিরে আপত্তি জানিয়ে সেখানে হাজির হয় এবিভিপির সদস্যরা। শুরু হয় দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা। একাধিকবার ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। পুলিশ বারবার ব্যারিকেড ফিরিয়ে বসালেও কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে রাস্তার অন্য দিকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে।

কেন সংঘাত, কী অভিযোগ দুই পক্ষের? (College Street Book Stall Clash)

সংবাদ সূত্রের খবর, এবিভিপির দক্ষিণবঙ্গের সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের অভিযোগ, এসএফআইয়ের বইয়ের স্টল থেকে স্বামী বিবেকানন্দ এবং তাঁদের সংগঠনের আদর্শগত নেতৃত্বকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও বিকৃত করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তাঁদের সদস্যরা সেখানে উপস্থিত হন বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁদের দিকে পাথর ছোড়া হয়েছে।

অন্যদিকে, এসএফআইয়ের বক্তব্য, পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে বই বিক্রির কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে এবিভিপি। সংগঠনের সদস্যদের অভিযোগ, পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ভূমিকা নিচ্ছে না।

এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এই ঘটনাকে সুস্থ প্রতিযোগিতার পরিপন্থী বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, কলেজ স্ট্রিট বইয়ের জায়গা। সেখানে একাধিক সংগঠন নিজেদের বইয়ের স্টল সাজাতে পারে। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী বই কিনবেন। কিন্তু সেই সুযোগকে কেন্দ্র করে অন্য সংগঠনের কর্মসূচি ভাঙার চেষ্টা কেন হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

bookstall - সকাল থেকে সন্ধ্যা, দফায় দফায় উত্তপ্ত কলেজ স্ট্রিট! বইপাড়ায় মুখোমুখি এসএফআই ও এবিভিপি!

পুলিশের সামনেই স্লোগান, বাড়ছে উত্তেজনা (College Street Book Stall Clash)

ঘটনাস্থলে দুই সংগঠনের সদস্যদের মুখোমুখি অবস্থান ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। মাঝখানে পুলিশ থাকলেও দুই পক্ষের সদস্যদের বারবার একে অপরের দিকে এগিয়ে যেতে দেখা যায়। কখনও এসএফআইয়ের সদস্যরা এবিভিপির দিকে এগিয়ে যান, আবার কখনও এবিভিপির সদস্যরা এসএফআইয়ের বইয়ের পসরা ঘিরে জড়ো হন। পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

এই ধস্তাধস্তির মধ্যে এবিভিপির এক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পাওয়া যায়। অন্যদিকে, এবিভিপির সদস্যরা রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। দুই সংগঠনের নেতাদের বক্তব্যেও স্পষ্ট হয়ে উঠেছে, এর পিছনে রয়েছে আদর্শগত বিরোধ এবং রাজনৈতিক অবস্থানের টানাপোড়েন। আপাতত কলেজ স্ট্রিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now